র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গুলিতে পা হারানো ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের কলেজছাত্র লিমন হোসেনের মা হেনোয়ারা বেগম সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে গতকাল রোববার তিনি এ মামলা করেন। পুলিশ গতকালই রাজিয়া বেগম নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিরা হলো: র্যাবের সোর্স পরিচয়দানকারী স্থানীয় সন্ত্রাসী মানিক জমাদ্দার, লিডার ইব্রাহিম, বাদশা আকন, হান্নান জমাদ্দার, আলম জমাদ্দার ও দিলীপ জমাদ্দার। রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম তালুকদার জানান, স্থানীয় সন্ত্রাসীরা কয়েক দিন ধরে লিমনের মায়ের কাছে চাঁদা দাবি করছিল এবং তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এই অভিযোগ পেয়ে মামলা নেওয়া হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হেনোয়ারা বেগম অভিযোগ করেন, গত শুক্রবার সকালে ইঁদুরবাড়ি সেতুর কাছে আসামিরা তাঁর গতিরোধ করে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করলে তিনি পাশের বাড়িতে আশ্রয় নেন। তিনি বলেন, ‘সন্ত্রাসী মানিক জমাদ্দার ও লিডার ইব্রাহিম আমারে কয়, পোলারে দিয়া লাখ লাখ টাকা ইনকাম করছ, হেইয়ার কিছু ভাগ দে।’গত ২৩ মার্চ বাড়ির কাছের মাঠে গরু আনতে গিয়ে র্যাবের গুলিতে পা হারায় লিমন। এ ঘটনার পর র্যাব-৮ বরিশালের উপসহকারী পরিচালক লুৎফর রহমান কলেজছাত্র লিমনসহ আটজনের বিরুদ্ধে দুটি মামলা করেন। ১০ এপ্রিল লিমনের মা র্যাব-৮ বরিশালের ছয় সদস্যের নামে একটি হত্যাচেষ্টা মামলা করেন। এ মামলার পর থেকেই লিমনের পরিবারকে হুমকি দিয়ে আসছে র্যাবের সোর্স পরিচয়দানকারী স্থানীয় সন্ত্রাসীরা।