প্রচণ্ড হইচই ও চেঁচামেচির মধ্যে গতকাল মঙ্গলবার ভারতের রাজ্যসভায় নারী সংরক্ষণ বিল পাস হয়েছে। বিলটি নিয়ে আগের দিন সোমবার রাজ্যসভায় হট্টগোল ও অশোভন আচরণের অভিযোগে সাতজন সাংসদের সদস্যপদ সাময়িক স্থগিত করা হয়েছে। তাঁরা সবাই রাজ্যসভার সদস্য।ভারতের দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের রাজ্যসভা (উচ্চকক্ষ) ও লোকসভা (নিম্নকক্ষ) এবং রাজ্য বিধানসভায় নারীদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের বিধান রেখে প্রস্তাবিত ‘নারী সংরক্ষণ বিল’টি ভোটাভুটির জন্য গতকাল রাজ্যসভায় তোলা হয়। স্থানীয় সময় সন্ধ্যা পৌনে সাতটায় বিলটি পাস হয়।গতকালও অধিবেশন শুরু হওয়ার পর নারী সংরক্ষণ বিলটি নিয়ে বেশ হইচই ও হট্টগোল হয়েছে। হট্টগোলের কারণে অধিবেশন বেলা দুইটা পর্যন্ত মুলতবি করা হয়। পরে ফের রাজ্যসভায় অধিবেশন শুরুর পর বিলটির ওপর ভোটাভুটি হয়। ভোটাভুটিতে বিলটি ১৮৬-১ ভোটে পাস হয়। তবে ভোটে অনুপস্থিত থাকে তৃণমূল কংগ্রেস ও বহুজন সমাজ পার্টি। খবর এএফপি, বিবিসি, পিটিআই ও নিউইয়র্ক টাইমস অনলাইনের।গত সোমবার আন্তর্জাতিক নারী দিবসে রাজ্যসভার বাজেট অধিবেশনে প্রস্তাবিত নারী আসনসংক্রান্ত বিল পেশ করার পর পরই সমাজবাদী পার্টি (এসপি), রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ও লোকতান্ত্রিক জনতা পার্টির (এলজেপি) নেতারা এর তীব্র বিরোধিতা করেন। তাঁরা রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারির টেবিল থেকে ফাইলপত্র নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে তাঁর মুখের ওপর ছুড়ে মারেন।গতকাল সকালে অধিবেশন শুরু হলে হামিদ আনসারি ওই তিন দলের মোট সাত সাংসদের সদস্যপদ স্থগিতের কথা ঘোষণা করেন। তাঁরা হলেন সমাজবাদী পার্টির বীরপাল সিং যাদব, নন্দকিশোর যাদব, আমির আলম খান, কামাল আখতার; আরজেডির সুভাষ যাদব; এলজেপির সাবির আলী ও স্বতন্ত্র এমপি এজাজ আলী। এই সাতজন সাংসদ চলতি বাজেট অধিবেশনে আর অংশ নিতে পারবেন না।বর্তমানে ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষে মাত্র ১০ শতাংশ নারী প্রতিনিধি রয়েছেন। ৫৪৫ জনের লোকসভায় নারী প্রতিনিধির সংখ্যা এখন ৫৯। বিলটি আইনে পরিণত হলে এই সংখ্যা বেড়ে ১৮১ হবে।এদিকে লোকসভার ৫৪৪ সদস্যের মধ্যে ইউপিএ জোট এই বিলের পক্ষে সমর্থন পেয়েছিল ৪১০ জনের। এর মধ্যে কংগ্রেস ও তার শরিকদের সমর্থন ছিল ২৪৪, বিজেপি ১১৬ এবং বাম দলের ২০ জনসহ অন্যান্য দলের ৩০ জনের সমর্থন।