সাতটি খুনসহ পাবনার ৩৪ মামলা প্রত্যাহারের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালের ৩০ ডিসেম্বর পাবনা সদর উপজেলার দীঘি গোহাইলবাড়ী গ্রামের শাহেব আলীকে একদল সন্ত্রাসী তাঁর বাড়িতেই ছুরি মেরে হত্যা করে। আওয়ামী লীগ-সমর্থক হিসেবে পরিচিত ছিলেন শাহেব আলী। তাঁর ভাইপো দুলাল হোসেন এ বিষয়ে ১৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন। দুলাল নিজেও ছাত্রলীগের ইউনিয়ন পর্যায়ের একজন নেতা ছিলেন। রাজনৈতিক কারণে দায়ের করা—এই তকমা দিয়ে পাবনা জেলার যে ৩৪টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে মামলা প্রত্যাহারসংক্রান্ত জাতীয় কমিটি, তার মধ্যে রয়েছে ছাত্রলীগের নেতা দুলালের দায়ের করা মামলাটিও। বর্তমানে এ মামলাগুলো প্রত্যাহারের আইনগত প্রক্রিয়া চলছে।মামলা প্রত্যাহারসংক্রান্ত কমিটির সহসভাপতি ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, যাঁদের মামলা ও নাম প্রত্যাহার করা হয়েছে, তাঁরা সবাই ক্ষমতাসীন দলের নেতা-কর্মী। রাজনৈতিক হয়রানির জন্য ওই সব মামলা করা হয়েছিল। প্রসঙ্গত, পাবনা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিজের নির্বাচনী এলাকা। পাবনা জেলা কমিটির সুপারিশ না থাকলেও মামলা প্রত্যাহারসংক্রান্ত জাতীয় কমিটির ২৫ ও ২৬তম বৈঠকে মামলাগুলো প্রত্যাহারের সুপারিশ করা হয়। এসব মামলার মধ্যে সাতটি খুনের এবং অন্যগুলো অস্ত্র, সন্ত্রাসী হামলা ও অন্যান্য অপরাধের। আরও কয়েকটি ঘটনা দেখা যাক: চাঁদা দিতে অস্বীকার করায় ২০০৭ সালের ১৩ মে সুুজানগর উপজেলার বাদাই গ্রামের মো. মোক্তার হোসেনকে বাড়িতে চড়াও হয়ে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। নিহতের স্ত্রী মোছাম্মৎ রিনা খাতুন বাদী হয়ে ১৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ২০০৩ সালের ৩০ মার্চ সুজানগরের শাহাপুর গ্রামের মিজানুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। এজাহার অনুযায়ী এর কারণ ছিল পারিবারিক বিবাদ ও নারীসংক্রান্ত বিরোধ। মিজানুরের স্ত্রী জেসমিন বেগম বাদী হয়ে ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।১৯৯৭ সালের ৪ এপ্রিল সন্ত্রাসীদের গুলিতে সদর উপজেলার টেবুনিয়া এলাকায় নিহত হন শেখ শহিদুল্লাহ বাচ্চু। এ ক্ষেত্রেও মামলার বাদী শেখ শহিদুল্লাহর স্ত্রী। তিনি অজ্ঞাত ব্যক্তিদের আসামি করেন। দেখা যাচ্ছে আওয়ামী লীগ সরকারের বিগত মেয়াদ, তারপর আসা বিএনপি-জামায়াত জোট ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ হত্যাকাণ্ডগুলো ঘটেছে। দীর্ঘদিনেও কয়েকটি মামলার বিচার তো সম্পন্ন হয়ইনি, বরং সেগুলোসহ মোট ৩৪টি (দুটি মামলায় কয়েকজন আসামির নাম প্রত্যাহার করা হয়নি) মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘যাঁদের মামলা ও নাম প্রত্যাহার করা হয়েছে, এরা সকলেই দলের নেতা-কর্মী। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাঁদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মামলা দেওয়া হয়েছিল, তাই কমিটি এসব মামলা প্রত্যাহার করেছে।’ কমিটির প্রধান ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পাবনা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এলাকা। তিনিও কমিটির একজন। তাঁকে জিজ্ঞেস করুন, এ বিষয়ে বিবেচনা কী ছিল, এ বিষয়ে আমি বলতে পারব না।’প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এক পক্ষকে ছাড় দিলে অন্য পক্ষ সংক্ষুব্ধ হবে, এটাই নিয়ম। এর বেশি কিছু বলতে পারব না।’সূত্র জানায়, গত ৫ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই ৩৪টি মামলা প্রত্যাহারের চিঠি পাবনায় জেলা কমিটির প্রধানের কাছে পাঠানো হয়েছে। চিঠিগুলো জেলা প্রশাসন থেকে পাবলিক প্রসিকিউটরের (পিপি) মাধ্যমে আদালতে পাঠানোর কাজ শুরু হয়েছে। মামলা প্রত্যাহারের সুপারিশ বিষয়ে জানতে চাইলে পাবনার জেলা প্রশাসক মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই, আমি কোনো মামলা প্রত্যাহারের সুপারিশ করিনি।’ এ প্রসঙ্গে সরকারি কৌঁসুলি (পিপি) বেলায়েত আলী বলেন, ‘আমাদের হাতে মামলা প্রত্যাহারের সুপারিশগুলো আসতে শুরু করেছে। যেগুলো পেয়েছি, তা যাচাই করে দেখিনি কোনটা কী মামলা। আমরা নিয়ম অনুযায়ী প্রতিটি মামলা শুনানির নির্দিষ্ট তারিখে প্রাপ্ত সুপারিশ আদালতে প্রেরণ করব।’ যেগুলো প্রত্যাহারের সুপারিশ: যে ৩৪টি মামলা প্রত্যাহার করার সুপারিশ হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, শরিফুল ইসলামের আবেদন করা পাবনার মামলা নম্বর ৩৪, আলমগীর হোসেনের ঈশ্বরদী থানার মামলা নম্বর ৪, আজাদসহ ১৬ জনের সুজানগর থানার মামলা নম্বর ১৭ জালাল উদ্দিনসহ ১৩ জনের মামলা নম্বর ১০, শহীদুল ইসলামের মামলা নম্বর ৫, শাফাজ উদ্দিনসহ ৩৯ জনের পাবনা থানার মামলা নম্বর ১২, শফিউল আলম বিশ্বাস ও ১৭ জনের ঈশ্বরদী থানার মামলা নম্বর ৩, নজিমুদ্দিনের সুজানগর থানার মামলা নম্বর ৭, মতিউর রহমানের ফরিদপুরের মামলা নম্বর ৫, আবদুর রাজ্জাকের ভাঙ্গুড়া থানার মামলা নম্বর ৪, মো. সাইফুল ইসলামসহ মোট ১১ জনের ঈশ্বরদী থানার মামলা নম্বর ২১, সব আসামির পক্ষে মো. আতাউর রহমানের চাটমোহর থানার মামলা নম্বর ২, মো. দুলাল মির্জাসহ মোট ১৫ জনের মামলা নম্বর ৮, মো. শফিউল আলম বিশ্বাসসহ মোট ১২ জনের ঈশ্বরদী থানার মামলা নম্বর ৪, শাফাজ উদ্দিনের পাবনা থানার মামলা নম্বর ২৬, শাহাদাত হোসেনের বেড়া থানার মামলা নম্বর ৮, মো. ভাসা শেখের বেড়া থানার মামলা নম্বর ২ ও আলতুর বেড়া থানার মামলা। কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তির কথা: সন্ত্রাসীদের ছুরিতে নিহত সদর উপজেলার দিঘী গোহাইলবাড়ী গ্রামের শাহেব আলীর ভাইপো মামলার বাদী দুলাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি চর তারাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি। যিনি খুন হয়েছেন তিনিসহ আমার পরিবারের সবাই আওয়ামী লীগকে সমর্থন করেন। রাজনৈতিক বিবেচনায় মামলা হয়েছিল, এ যুক্তিতে যদি আসামিরা মামলা থেকে খালাস পান, তাহলে একই বিবেচনায় আমাদেরও সঠিক বিচারপ্রাপ্তির অধিকার রয়েছে। এই খুনের ঘটনাটি কোনো রাজনৈতিক ঘটনা ছিল না।’দুলাল হোসেন বলেন, তাঁর আরেক চাচা মাহাতাব উদ্দিনকেও সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় করা মামলায় আরেক চাচা শাহেব আলী প্রধান সাক্ষী ছিলেন। এ কারণে সন্ত্রাসীরা আগের মামলাটি ধামাচাপা দিতেই শাহেব আলীকে হত্যা করে। সুজানগর উপজেলার শাহাপুর গ্রামের রফিকুল ইসলাম বলেন, ‘২০০৩ সালের ৩০ মার্চ পারিবারিক বিবাদ ও নারীসংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসীরা আমার ভাই মিজানুর রহমানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। মামলার সাক্ষ্য-প্রমাণ গ্রহণের পর যখন রায় হতে চলেছে, তখনই রাজনৈতিক মামলা চিহ্নিত করে তা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।’ রফিকুল ইসলাম বলেন, ‘এ মামলার আসামিরা কোনো রাজনৈতিক দলের সদস্য নয়। খুনের ঘটনাটিও কোনো রাজনৈতিক ঘটনা ছিল না। ফলে মামলাটি প্রত্যাহারে আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে যাচ্ছি।’ বাচ্চু হত্যা থেকে একে একে রেহাই: ৩৪টি মামলার অন্যতম পাবনার পৌর চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল্লাহ বাচ্চু হত্যা মামলাটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ মামলা থেকে নতুন করে ১১ জন আসামির নাম প্রত্যাহারের সুপারিশ করেছে। ১৯৯৭ সালের ৪ এপ্রিল সন্ত্রাসীদের গুলিতে শেখ শহিদুল্লাহ বাচ্চু নিহত হন। ঘটনার পরদিন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে শেখ শহিদুল্লাহর স্ত্রী একটি হত্যা মামলা করেন। ২০০৫ সালের ২২ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল লতিফ বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আজিজুর রহমানসহ ২২ জন রাজনৈতিক নেতা-কর্মীর নামে অভিযোগপত্র দেয়। মামলাটি রাজনৈতিক বিবেচনায় দায়ের হয়েছে আখ্যা দিয়ে ২০০৬ সালের শেষ দিকে বিএনপির নেতা জহুরুল ইসলামের নাম প্রত্যাহার করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত বছরের জানুয়ারিতে প্রত্যাহার করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের নাম। এবার তৃতীয় দফায় একসঙ্গে ১১ জনের নাম প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।