সাতটি নতুন বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহ অনিশ্চিত
ভাড়াভিত্তিক ও কুইক রেন্টাল মিলিয়ে ৪৫০ মেগাওয়াট ক্ষমতার সাতটি নতুন বিদ্যুৎকেন্দ্রে সময়মতো জ্বালানি তেল সরবরাহ এখনো অনিশ্চিত। এ কারণে কেন্দ্রগুলো সময়মতো উৎপাদনে যেতে না পারলে চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে জরিমানা দিতে বাধ্য হবে সরকার।সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন রেলপথ বিভাগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জ্বালানি তেল সরবরাহের প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে ব্যর্থ হওয়ায় এই অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।কেন্দ্রগুলো হচ্ছে: গোপালগঞ্জ ১০০ মেগাওয়াট, কেরানীগঞ্জ ১০০ মেগাওয়াট, ফরিদপুর ৫০, দাউদকান্দি ৫০, রাজশাহীর আমনুরা ৫০ এবং কাটাখালীর প্রতিটি ৫০ মেগাওয়াট ক্ষমতার দুটি। এসব কেন্দ্রে জ্বালানি তেল সরবরাহ করতে হবে নৌ ও রেলপথে। কিন্তু সংশ্লিষ্ট নৌপথের নাব্যতা সংকট, এসব নৌপথের ওপর বিদ্যমান সেতুর কম উচ্চতা, প্রয়োজনীয় রেলপথ ও ওয়াগনের অভাব এখন পর্যন্ত পূরণ করা যায়নি।বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার এক দফা এবং গতকাল শনিবার আরও এক দফা সরকারি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এসব বৈঠকে জ্বালানি তেল আমদানি ও সরবরাহকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), সব ভাড়াভিত্তিক কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়কারী একমাত্র সরকারি প্রতিষ্ঠান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং রেলপথ বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গতকালের সভা শেষে প্রথম আলোর প্রশ্নের জবাবে বিপিসির চেয়ারম্যান মোক্তাদীর আলী বলেন, সংশ্লিষ্ট নৌপথগুলোতে নাব্যতা সংকট থাকায় ছোট ট্যাংকার ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। আর রেলপথ বিভাগ মিটারগেজের নয়টি নতুন ইঞ্জিন এনেছে। ফলে পূর্বাঞ্চলে তেল পরিবহনে সমস্যা হবে না।অন্যান্য সূত্র জানায়, এই সাতটি কেন্দ্রই আগামী ডিসেম্বর মাসের মধ্যে চালু হবে। তখন প্রতি মাসে রেলযোগে সরবরাহ করতে হবে প্রায় ৫৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল। এই তেল পরিবহনের জন্য প্রায় ৮০০ নতুন ট্যাংক ওয়াগন ও ১০টি বাড়তি ইঞ্জিনের দরকার হবে। বর্তমানে তেল পরিবহনের জন্য পূর্বাঞ্চল রেলের কাছে ট্যাংক ওয়াগন আছে ৬০০টির মতো। এর মধ্যে ৫০০টির বেশি সব সময় সচল পাওয়া যায় না।বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা জ্বালানি তেল মজুদ করার ক্ষেত্রেও সমস্যা রয়েছে। বিপিসি সূত্র জানায়, এখন পর্যন্ত ২৭টি বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা বাড়তি তেলের মজুদ গড়ে তুলতে দেশে জ্বালানি তেল মজুদের ক্ষমতা আগামী বছরের মধ্যে বর্তমানের চেয়ে দ্বিগুণ করতে হবে। অথচ গত ২০ বছরে বিপিসির তেল মজুদ ক্ষমতা খুব বেশি হলে ২০ হাজার টন বাড়ানো গেছে। কাজেই এই পরিস্থিতি মোকাবিলা করাও কঠিন হবে।কেন্দ্রগুলোর মধ্যে গোপালগঞ্জ, ফরিদপুর, কেরানীগঞ্জ ও দাউদকান্দি কেন্দ্রে তেল সরবরাহের জন্য নৌ এবং সড়ক উভয় পথই ব্যবহারের দরকার হবে। কিন্তু এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের কাজ শেষ হয়নি। সংশ্লিষ্ট নৌপথগুলোতে রয়েছে নাব্যতা সংকট। সড়কপথে এত তেল সরবরাহ করাও কঠিন হবে।লোকসান বাড়বে: সরকার গত ১৮ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও বর্তমানে বিশ্ববাজারের দাম অনুযায়ী প্রতি লিটার ডিজেলে প্রায় ২২ টাকা করে ভর্তুকি দিতে হচ্ছে। প্রতি লিটার ফার্নেস তেলে দিতে হচ্ছে আট টাকা করে। বিপিসির চেয়ারম্যান বলেন, দাম বাড়ানোর ফলে সরকারের বাড়তি আয় হবে প্রায় চার হাজার কোটি টাকা। তার পরও এ বছর জ্বালানি তেল খাতে সরকারকে প্রায় ১৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে।বেসরকারি খাতের কয়েকজন বিশেষজ্ঞ বলেন, ভাড়াভিত্তিক ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের সবগুলোই চলবে এই ভর্তুকিমূল্যের তেল দিয়ে। সেই বিদ্যুৎ যদি সময়মতো এবং নির্ধারিত পরিমাণে উৎপাদিত না হয়, তাহলে অনেক ধরনের উৎপাদন ব্যাহত হয়ে লোকসান আরও বাড়াবে। সরকারের অদক্ষতায় বৃদ্ধি পাওয়া এই লোকসানের দায়ভার জনগণের ঘাড়ে চাপানো হবে বিদ্যুতের দাম বাড়িয়ে।সরকার এখন পর্যন্ত গ্যাসের উৎপাদনও উল্লেখযোগ্য পরিমাণ বাড়াতে পারেনি, যা দিয়ে আপাতত হলেও বিদ্যুৎকেন্দ্রের চাহিদা মেটানো যায়। পিডিবির হিসাবে, বিদ্যুৎকেন্দ্রে এখন গ্যাসের দরকার প্রতিদিন প্রায় ১০০ কোটি ঘনফুট। কিন্তু দেওয়া হচ্ছে ৭০-৭৫ কোটি। সরকার বিদ্যুৎ উৎপাদনের বিকল্প ও কার্যকর জ্বালানি কয়লা উত্তোলন বাড়ানোরও কার্যকর কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত এখন পর্যন্ত নিতে পারেনি।ঘাটতিও চলবে: বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হলে আর্থিক লোকসানের পাশাপাশি চলতে থাকবে বিদ্যুতের সরবরাহ ঘাটতি ও লোডশেডিং। বর্তমান সরকারের শাসন মেয়াদে বিদ্যুৎ উৎপাদন প্রায় দুই হাজার মেগাওয়াট বাড়লেও এখন পর্যন্ত রাজধানী ঢাকা থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত ঘন ঘন লোডশেডিং চলছেই।প্রকৃত বিদ্যুৎ ঘাটতি এখনো প্রায় দেড় হাজার মেগাওয়াট বলে সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়। ফলে ঢাকায় প্রতিদিন অন্তত ছয়বার এক ঘণ্টা করে, ঢাকার বাইরের শহরগুলোতে (কিছু ব্যতিক্রম বাদে) আটবার এক ঘণ্টা করে এবং গ্রামাঞ্চলে এখনো গড়ে ১২ ঘণ্টা লোডশেডিং অব্যাহত আছে। এই অবস্থায় নতুন বিদ্যুৎকেন্দ্র চালু হওয়া বিলম্বিত হলে এই ঘাটতি এবং লোডশেডিংয়ের যন্ত্রণাও দীর্ঘায়িত হবে।পিডিবি সূত্র জানায়, গ্রীষ্মে উৎপাদন বাড়ানোর জন্য যে সার কারখানাগুলো বন্ধ রেখে বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের সরবরাহ বাড়ানো হয়েছিল, এখন সেই সার কারখানাগুলো চালু করা হয়েছে। ফলে বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের সরবরাহ কমেছে। এ ছাড়া কারিগরি সমস্যা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য কয়েকটি কেন্দ্র বন্ধ থাকায় বিদ্যুৎ উৎপাদন কমে লোডশেডিং বেড়েছে।