সাতসকালে মা, ছেলে ও পুত্রবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারের সদস্যদের বক্তব্যে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের তথ্য পাওয়া গেছে। বর্বর এ হত্যাকাণ্ডের পেছনে এই বিরোধ, নাকি অন্য কোনো কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।রাজধানীর যাত্রাবাড়ীতে মা, ছেলে ও পুত্রবধূকে গুলি এবং জবাই করে খুন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন সুফিয়া খাতুন (৭৬), ছেলে মিজানুর রহমান (৫৫) ও তাঁর স্ত্রী বিথী রহমান (৪৫)।নিহত মিজানের ভাই জাহিদুর রহমান, তৌহিদুর রহমান, জাহিদের ছেলে সুমন ও বাড়ির দারোয়ান আকবর আলীকে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। পরিবারের অন্য সদস্যদের বক্তব্যে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের তথ্য পাওয়া গেছে। বর্বর এ হত্যাকাণ্ডের পেছনে এই বিরোধ, নাকি অন্য কোনো কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের ৩৭/২ নম্বর ভবনের তৃতীয় তলায় ব্যবসায়ী মিজানুর রহমানের বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। সকাল নয়টার দিকে পুলিশ যখন ওই বাসায় পৌঁছায়, তখন শোবার ঘরের মেঝেতে পড়ে ছিল মিজানের মা ও স্ত্রীর রক্তাক্ত লাশ। মিজান তখনো বেঁচে ছিলেন। তিনি খাটের সঙ্গে হেলান দিয়ে বসে ছিলেন। পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।ঘটনার পরপর থানার পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় আলামত সংগ্রহ ও খুঁটিনাটি পরীক্ষা করে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পুলিশ মিজানের পারিবারিক, ব্যবসায়িক ও রাজনৈতিক সম্পর্কগুলো খতিয়ে দেখছে। কারও সঙ্গে তাঁর বিরোধ আছে কি না, তা জানার চেষ্টা করছে। তিনি জানান, হাসপাতালে নেওয়ার পথে মিজান পুলিশকে কিছু তথ্য দিয়েছেন। ওই তথ্যগুলোকে তদন্তের ভিত্তি হিসেবে ধরা হচ্ছে। মিজানের দেওয়া তথ্য তদন্তের স্বার্থে আপাতত গোপন রাখা হচ্ছে।পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মিজানের দুই ভাই ও ভাতিজাকে আটক করেছে।ওসি জানান, মিজানকে মাথায় গুলি ও জবাই করে হত্যা করা হয়েছে। একইভাবে হত্যা করা হয়েছে তাঁর স্ত্রী বিথীকে। তাঁর মা সুফিয়া খাতুনকে জবাই করা হয়েছে। মিজানের ওই শোবার ঘর থেকে পয়েন্ট থ্রি টু রিভলবারের দুটি গুলির খোসা ও একটি অব্যবহূত গুলি পাওয়া গেছে।গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রওনক জাহান জানান, ঘর থেকে উল্লেখযোগ্য কিছুই খোয়া যায়নি। মিজানের শোবার ঘরে একটি কাঠের ও একটি স্টিলের আলমারি। কাঠের আলমারি লণ্ডভণ্ড অবস্থায় ছিল, তবে স্টিলের আলমারির কপাট তালাবদ্ধ ছিল। কাঠের আলমারির বিভিন্ন ড্রয়ার তছনছ করা হয়েছে। বিছানা, মেঝের গালিচা রক্তমাখা। ঘরের সোফাটি বিছানার ওপর ওঠানো। শোবার ঘরটি শীতাতপ নিয়ন্ত্রিত।যাত্রাবাড়ী থানার ওসি বলেন, বাড়ির দারোয়ান আকবর আলী জানিয়েছেন, সকাল সাড়ে ছয়টায় তিনি ওই বাসায় আসেন। কিছুক্ষণ পরই গৃহকর্ত্রী বিথী তাঁকে কিছু ওষুধ ও জুস আনতে পাঠান। এত সকালে দোকান বন্ধ থাকায় তিনি কয়েক জায়গা ঘুরে আধা ঘণ্টা পর ফিরে আসেন। তিনি এসে নিচের কলাপসিবল গেট খোলা দেখতে পান। সিঁড়ি দিয়ে ওপরে উঠে তিনি কয়েকবার মিজানের বাসার কলবেল চাপলেও কেউ সাড়া দেননি। পরে আকবর ঘরে ঢুকে তিনজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান বলে জানান। এর পরই বিষয়টি জানাজানি হয়।মিজান ও বিথী দম্পতির একমাত্র ছেলে আশিকুর রহমান সাভারের এনাম মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। সকাল সাতটার দিকে তিনি গাড়ি নিয়ে কলেজে চলে যান। তখন ওই বাসায় শুধু মিজান দম্পতি ছিলেন। মিজানের মা থাকেন চতুর্থ তলার একটি ফ্ল্যাটে। তিনি এত সকালে কেন, কীভাবে মিজানের ফ্ল্যাটে এলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের ধারণা, মিজানের মাকে নিচে নিয়ে এসে তাঁকে দিয়ে গেট খুলিয়েছে খুনি।নিহত বিথীর ভাই ওবায়দুল কবীর সাংবাদিকদের বলেন, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। ভাইদের মধ্যে দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে।মিজানের ভায়রা এজাজ হোসেন জানান, নিরাপত্তার বিষয়ে মিজান বেশ সচেতন ছিলেন। তাঁর একটি লাইসেন্স করা রিভলবার ও একটি শটগান ছিল। পরিচিত লোক ছাড়া তাঁর ঘরের দরজা খোলার কথা নয়।যাত্রাবাড়ী থানার ওসি জানান, মিজানের রিভলবারটি পাওয়া যাচ্ছে না। এটি তিনি সব সময় বালিশের পাশে অথবা খাটের পাশে রাখা টেবিলের ড্রয়ারে রাখতেন বলে জানিয়েছেন তাঁর ছেলে আশিকুর রহমান। আর শটগানটি থাকত স্টিলের আলমারির ভেতরে। মিজানের রিভলবার দিয়েই তাঁকে গুলি করা হয়েছে, এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।সম্পত্তি নিয়ে বিরোধ: মিজানের একমাত্র বোনের স্বামী মাহমুদ আবু সাঈদ জানান, পাশাপাশি দুটি চারতলা বাড়ি চার ভাইয়ের মধ্যে ভাগ হয়েছে। ৩৭ নম্বর ভবনটি ভাগে পেয়েছেন মেজো ভাই জাহিদুর রহমান আর সেজো ভাই ওহিদুর রহমান। পাশের ৩৭/১ নম্বর ভবনটি ভাগে পেয়েছেন বড় ভাই মিজান ও ছোট ভাই তৌহিদ। মিজান ও জাহিদের মধ্যে দ্বন্দ্ব ছিল বলে তিনি জানতেন। তিনি জানান, মিজান মূলত বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করতেন। শিল্পপতিদের ঋণ দিতেন তিনি।স্বজনেরা জানান, মিজানরা চার ভাই ও এক বোন। সেজো ভাই ওহিদুর রহমান গত বছর হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাকি দুই ভাই এখন পুলিশ হেফাজতে। এই দুজনের সঙ্গেই মিজানের দ্বন্দ্ব চলছিল। মিজানুরের বাবা হারুনুর রশীদ ভুঁইয়া ছিলেন ঢাকা জেলা প্রশাসক অফিসের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা। হারুনুর রশীদ যাত্রাবাড়ী এলাকায় ৬৬ কাঠা জমি রেখে যান। বিক্রি করে এখনো ২২ কাঠা জমি অবশিষ্ট আছে। এই জমির ওপর আছে দুটো চারতলা বাড়ি ও বেশ কয়েকটি দোকান। এই বাড়ি ও দোকানের ভাগাভাগি নিয়ে একাধিকবার তিন ভাইয়ের মধ্যে বিবাদ হয়েছে। স্থানীয় সাংসদ হাবিবুর রহমান মোল্লা, ৮৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমির হোসেন একাধিকবার সালিস বসিয়ে ভাইদের বিরোধ মীমাংসা করে দিয়েছেন। দেড় বছর আগে ভাইয়েরা বাড়ি ও দোকানপাট ভাগ করে নেন। কিন্তু এ বাটোয়ারা ছোট দুই ভাইয়ের মনঃপূত হয়নি। এ জন্য তাঁরা মা সুফিয়া খাতুনকে চাপ দেন। কিন্তু সুফিয়া খাতুন বড় ছেলের সঙ্গে থেকে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।সর্বশেষ, তিন মাস আগে মিজানের গাড়িচালককে বাড়িতে রাখাকে কেন্দ্র করে বিবাদ বাধে এবং বাড়ি ছেড়ে চলে যান ছোট ভাই তৌহিদ। তিনি এখন আজিমপুরে থাকেন।তৌহিদের স্ত্রী সুমী রহমান জানান, সকাল সাড়ে আটটার পর তিনি খবরটি পান। শুনেই তিনি আজিমপুর থেকে এ বাড়িতে চলে আসেন। তৌহিদ তখন বাসায় ছিলেন না।মিজানুরের প্রতিবেশীরা জানান, তাঁরা কোনো চিৎকার বা গুলির শব্দ শোনেননি। কয়েকজন জানান, জাহিদুর রহমান একসময় জাতীয় পার্টির রাজনীতি করতেন। পরে তিনি বিএনপিতে যোগ দেন। আর মিজান ৮৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। তিন যুগেরও বেশি সময় ধরে তারা এ এলাকায় থাকছেন।মিজানের গাড়িচালক আলমগীর হোসেন জানান, তিনি মিজানের ছেলে আশিককে নিয়ে সাভারে এনাম মেডিকেল কলেজে যাওয়ার পর ঘটনা শুনতে পান। এরপর তিনি আশিককে নিয়ে আবার ফিরে আসেন। আলমগীর জানান, তিনি আগে বাসার নিচতলায় থাকতেন। তিন মাস আগে তাঁকে মেরে বাসা থেকে বের করে দেন মেজো ভাই জাহিদ। তাঁকে থাকতে দেওয়া না-দেওয়া নিয়ে দ্বন্দ্বে দোতলার বাসা ছেড়ে চলে যান ছোট ভাই তৌহিদ।তবে তৌহিদের স্ত্রী সুমী জানিয়েছেন, ছেলেমেয়েদের স্কুলে যাতায়াতের সুবিধার জন্য তাঁরা দোতলার ফ্ল্যাট ভাড়া দিয়ে আজিমপুরে চলে যান।রাত নয়টায় যোগাযোগ করা হলে নিহত বিথী রহমানের ভাই জাফর সাদিক প্রথম আলোকে জানান, ‘দুপুরে মা, বাবা ও দাদির হত্যাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা না নিয়ে শোকার্ত আশিককে থানায় বসিয়ে রেখে হত্যাকাণ্ডের নেপথ্যকারীদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। আশিক হত্যার পেছনে তার চাচাদের হাত রয়েছে বলে জানালেও পুলিশ তাকে বারবার বলছে আবারও ভেবে দেখতে। থানায় আটকে থাকায় আশিক তার মা, বাবা ও দাদির লাশ গ্রহণ করতে পারছে না। বাবার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে এবং মা ও দাদির লাশ পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পড়ে আছে।’