সাতাশে শুরু স্টোসুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলীয়দের ৩৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইউএস ওপেন জিতলেন ২৭ বছর বয়সী সামান্থা স্টোসুর। অস্ট্রেলীয় এই টেনিস তারকাকে নিয়ে লিখেছেন খলিলুর রহমানএক জনমে যে এত শুভেচ্ছা পাওয়া সম্ভব, ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম হিসেবে ইউএস ওপেন জেতার আগে হয়তো কল্পনাও করেননি সামান্থা স্টোসুর। সত্যি বলতে অস্ট্রেলীয় এই মেয়ে এখন ভাসছেন শুভেচ্ছার জোয়ারে। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে টেনিস কর্মকর্তারা তো শুভেচ্ছা জানিয়েছেনই, বাদ যাননি মার্গারেট কোর্ট, ওয়েন্ডি টার্নবুল, লেটন হিউইট। অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের অধিনায়ক মাইকেল ক্লার্কও শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলীয় ক্রীড়াঙ্গনের নতুন এই ‘নক্ষত্র’কে।মানুষের আবেগাপ্লুত শুভেচ্ছা বাণীর মধ্যে মার্গারেট কোর্টেরটিই হয়তো স্টোসুরকে বেশি আলোড়িত করবে। কারণ তিনি যে এখন কিংবদন্তি কোর্টের উত্তরসূরি! অস্ট্রেলিয়ার একমাত্র মেয়ে হিসেবে এত দিন ইউএস ওপেন জয়ের কীর্তি ছিল মহিলা এককে সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্লামজয়ী মার্গারেট কোর্টের। ৫ বার ইউএস ওপেন জয়ী কোর্ট সর্বশেষ টুর্নামেন্ট জিতেছিলেন ১৯৭৩ সালে। অস্ট্রেলীয়দের ৩৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফ্লাশিং মিডোয় শিরোপা উঁচিয়ে ধরলেন স্টোসুর। জীবনের পড়ন্ত বিকেলে, ৬৯ বছর বয়সী কোর্ট একাকিত্ব কাটিয়ে সঙ্গী পেলেন একজনকে।সব গ্র্যান্ড স্লাম মিলিয়ে অস্ট্রেলীয়দের অপেক্ষাটা ৩১ বছরের। অস্ট্রেলীয় মেয়ে হিসেবে সর্বশেষ গ্র্যান্ড স্লাম জিতেছিলেন ইভোন গুলাগং, ১৯৮০ সালে উইম্বলডনে। তারপর সামান্থা স্টোসুর, গত ১১ সেপ্টেম্বর। যে দিনটি ছিল আবার মার্কিনদের অহংকার টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার দশক পূর্তির দিন। ১৩টি গ্র্যান্ড স্লামের মালিক সেরেনা উইলিয়ামস কোর্টে নেমেছিলেন এই আবেগকে সঙ্গী করে। তাঁর তুলনায় স্টোসুর বলতে গেলে অনভিজ্ঞ। গ্র্যান্ড স্লাম জয়ের কোনো অভিজ্ঞতা না থাকা স্টোসুর নিরঙ্কুশ ফেবারিট সেরেনাকে হারিয়ে দেবেন, খুব কম লোকই তা ভাবতে পেরেছিল। ভাগ্য লিখেছেন বলে একজন জানতেন, ভাগ্যদেবী। চুপি চুপি হয়তো সামান্থাকেও বলে দিয়ে থাকবেন। না হলে সেরেনার মতো প্রবল প্রতিপক্ষের সামনেও স্টোসুর অমন উজ্জীবিত আর আত্মবিশ্বাসী থাকেন কী করে!তবে ফাইনাল জেতার পর স্টোসুরেরও কেমন যেন বিশ্বাস হচ্ছিল না। ম্যাচজয়ী পয়েন্টটি পাওয়ার পর স্টোসুর যেন খোদাই করা মূর্তি। কয়েক সেকেন্ড পর সংবিৎ ফিরে পেতেই লুটিয়ে পড়লেন মাটিতে। ১২ বছরের ক্যারিয়ারে জিতলেন প্রথম গ্র্যান্ড স্লাম। আর সেটা ৩৮ আর ৩১ বছরের মধ্যে ‘প্রথম’ অস্ট্রেলীয়দের। তাই গোল্ড কোস্টে সামান্থাদের ছোট বাড়িটিকে ঘিরে অস্ট্রেলিয়ায় আছড়ে পড়ে উচ্ছ্বাসের ঢেউ। স্বপ্নের এই দিনটির দেখা পেতে দীর্ঘ বন্ধুর পথই পাড়ি দিতে হয়েছে ১৯৮৪ সালের ৩০ মার্চ কুইন্সল্যান্ডের ব্রিসবেনে জন্ম নেওয়া স্টোসুরকে। বাবা টনি, মা ডিয়ানে, দুই ভাই ডমিনিক ও ড্যানিয়েলসহ স্টোসুরদের বাড়ি এবং ব্যবসা লন্ডভন্ড হয়ে যায় ভয়াবহ এক বন্যায়। স্টোসুরের বয়স তখন ৬। পরে সব হারানো পরিবারটি মাথা গুজার ঠাঁই খুঁজে নিতে পাড়ি জমায় অ্যাডিলেডে। সেখানেই ৮ বছর বয়সে টেনিসে স্টোসুরের হাতেখড়ি। বড়দিন উপলক্ষে একবার একটা টেনিস র‌্যাকেট উপহার পেয়েছিলেন। এটিই তাঁর হূদয়ে একে দেয় টেনিস তারকা হওয়ার ছবি।প্রথম প্রথম কোর্টে যাওয়া বন্ধুদের সঙ্গে। পরের কান্ডারি বড় ভাই ড্যানিয়েল। তিনি বাবা-মাকে বলে আদরের বোনটির জন্য টেনিস শিক্ষার ব্যবস্থা করেন। তার পরও এগোনোর পথটা মসৃণ ছিল না স্টোসুরের জন্য। সফরে গিয়ে জাপানের রেল স্টেশনে ঘুমানোর দৃষ্টান্তও আছে। জুুনিয়র পর্যায় উতরে পেশাদার টেনিসে প্রবেশ ১৯৯৯ সালে। প্রথম ডব্লুুটিএ এককের ম্যাচ জয় ২০০৩ সালে, প্রথম ফাইনাল ২০০৫-এ, প্রথম শিরোপাও ওই বছরই। ২০১০ সালে উঠেছিলেন ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে। কিন্তু ইতালিয়ান ফ্রান্সেস্কা শিয়াবোনের কাছে হেরে যান। এরপর তো দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফাইনালেই বাজিমাত।দেরিতে সাফল্য এলেও টেনিসই তাঁর ভালোবাসা, টেনিসই তাঁর জীবন। তবে এর বাইরে কেনাকাটা, বন্ধুদের সঙ্গে বেড়ানোটাও উপভোগ করেন। অবসরে সব সময় সঙ্গী বন্ধু ‘বিলি’। তাঁর পোষা কুকুর।বাড়ির লোকের কাছে স্টোসুর স্যামি নামে পরিচিত। কেউবা ডাকেন স্যামোদ। টেনিস ভুবনের বাসিন্দাদের কাছে তিনি আবার স্যাম। টেনিস ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা মহিলা খেলোয়াড় মার্গারেট কোর্টের বাড়ির কাছের মানুষ হলেও স্টোসুরের আশৈশব আদর্শ জার্মান গ্রেট স্টেফি গ্রাফ। কারণ কোর্ট যখন টেনিস ছাড়েন তারও অর্ধ যুগ পর সামান্থার জন্ম। উল্টো পিঠে তাঁর টেনিস শিক্ষার সময়টাতে জার্মান সুন্দরীর একচ্ছত্র দাপট। তবে কোর্টের আশীর্বাদ সব সময়ই সঙ্গে ছিল। রোববার ফ্লাশিং মিডোয় যখন স্বপ্নের ম্যাচ খেলছিলেন স্টোসুর, পার্থে নিজের বাড়িতে কোর্ট তখন শেষ রাতের বেঘোর ঘুমে। পরে অবশ্য ফাইনালের রেকর্ড দেখেছেন। ‘ও অসাধারণ খেলেছে’—স্টোসুরের খেলা দেখে এমন মন্তব্যের পাশাপাশি তাঁর বিশ্বাসের কথাও জানিয়েছেন ১১ বার অস্ট্রেলিয়া ওপেন জয়ী কোর্ট—একদিন অস্ট্রেলিয়ার মাটিতেও গ্র্যান্ড স্লাম জিতবে স্যাম।বাবা টনির কথা, ‘অনেক গ্র্যান্ড স্লামের পথে সবে তো ওর শুরু।’ ইউএস ওপেন জয়ে ‘শুরু’ দেখেছেন স্যামও।