সাত্তারই কিডনি কেনাবেচা চক্রের হোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আবদুস সাত্তারই কিডনি কেনাবেচা দালাল চক্রের হোতা। তিনি ঢাকায় বসে কিডনি কেনাবেচার কয়েকটি দালাল চক্রকে নিয়ন্ত্রণ করতেন। প্রথম আলোয় কিডনি বিক্রির ধারাবাহিক প্রতিবেদন ছাপা হওয়ার একপর্যায়ে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করার সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু তার আগেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে আটক করেন। আজ শনিবার সকালে জয়পুরহাটের পুলিশ সুপার মোজাম্মেল হকের কার্যালয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন গ্রেপ্তার তারেক আজম ওরফে বাবুল চৌধুরী (৪৭)।এর আগে গতকাল শুক্রবার রাতে ঢাকা থেকে তারেককে কালাই থানায় নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদেও পুলিশকে একই তথ্য দেন। তিনি পুলিশকে বলেন, সাত্তারের চাপে পড়েই এতদিন তিনি কিডনির জন্য রোগীর খোঁজ করতেন। রোগীদের সঙ্গে তিনি সাত্তারের যোগাযোগ করিয়ে দিতেন। তবে সাত্তারই কিডনি কেনাবেচার মূল কাজ করতেন।তারেক আরও বলেন, সাত্তার মূলত কিডনি বিক্রির শীর্ষ এজেন্ট। তিনি গ্রাম থেকে অভাবী লোকদের বিভিন্ন প্রলোভনে ফেলে ঢাকায় নিয়ে আসতেন। এরপর রোগীর চাহিদা অনুযায়ী এসব লোকের কাছ থেকে কিডনি সংগ্রহ করতেন। রোগীর সঙ্গে দরদাম থেকে শুরু করে টাকা নেওয়া—সবই তিনি নিজে করতেন। কিডনি বিক্রির অর্ধেক টাকা সাত্তার নিজের কাছে রেখে অবশিষ্ট টাকা কিডনি-দাতাদের হাতে ধরিয়ে দিতেন।তারেক পুলিশকে আরও বলেন, কিডনি কেনাবেচা অপরাধ—এটা না বুঝেই এতদিন সাত্তারের হয়ে রোগীর সঙ্গে যোগাযোগ করে দেওয়ার কাজ করেছেন তিনি। এ কাজের বিনিময়ে রোগীপক্ষ খুশি হয়ে তারেককে ২০ হাজার থেকে ৫০ হাজার পর্যন্ত টাকা সম্মানী দিতেন।তবে সাত্তার গতকাল শুক্রবার জয়পুরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাহাঙ্গীর আলমের আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কিডনি কেনাবেচা চক্রের প্রধান হিসেবে তারেকের নাম উল্লেখ করেন। জবানবন্দি গ্রহণ শেষে সাত্তারকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এ চক্রের অন্য দুই সদস্য গোলাম মোস্তফা ও আবদুল করিম ফোরকানকেও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা ও কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম প্রথম আলোকে বলেন, ‘জিজ্ঞাসাবাদে গোলাম মোস্তফাও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।’কালাই থানার ওসি মো. ফজলুল করিম প্রথম আলোকে বলেন, ‘তারেক অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাঁকে আর রিমান্ডে নেওয়ার প্রয়োজন হবে না। রোববার আদালতে হাজির করে তারেকের জবানবন্দি গ্রহণ করার জন্য আবেদন জানানো হবে।’কালাই থানা জানায়, ডিবি পুলিশের হাতে আটক তারেক আজমকে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে থানায় নিয়ে এসে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। রাতে জয়পুরহাটের পুলিশ সুপারও থানায় উপস্থিত হয়ে তারেককে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তারেক জানান, ২০০৬ সালে কানাডাপ্রবাসী মামাতো ভাই রেজাউল করিমের কিডনির প্রয়োজনে পত্রিকায় বিজ্ঞাপনে দেওয়া মুঠোফোনের সূত্র ধরে কালাইয়ের আবদুস সাত্তার তাঁর সঙ্গে যোগাযোগ করেন। সাত্তার কিডনিদাতা সরবরাহের কাজ করেন বলেও তাঁকে জানান। পরে ওই আত্মীয়ের কিডনি প্রতিস্থাপন হয়ে গেলে সাত্তারের মতো আরও কয়েকজন দালাল নিয়মিত তাঁর সঙ্গে যোগাযোগ করতেন। তাঁরা কিডনি ক্রেতা রোগীদের সন্ধান দেওয়ার জন্যও চাপাচাপি করতে থাকেন। এভাবেই এ কাজে জড়িয়ে পড়েন বলে জানান তারেক।তারেক পুলিশকে আরও বলেন, ‘সাত্তার প্রায় সারা বছরই ঢাকায় থাকতেন। অথচ এখন শুনছি তিনি একটি মাদ্রাসায় নৈশপ্রহরীর চাকরি করতেন। ঢাকার নামীদামি হাসপাতাল ও ক্লিনিকের চিকিত্সকের সঙ্গেও সাত্তারের যোগাযোগ রয়েছে।গত বৃহস্পতিবার দুপুরে ডিবি পুলিশ রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে তারেককে গ্রেপ্তার করে কালাই থানা পুলিশের কাছে হস্তান্তর করে।