সাদা-কালো ক্যানভাসে শিল্পীদের প্রতিবাদ
কক্সবাজারের রামুতে বৌদ্ধসম্প্রদায়ের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় শিল্পীদের রং মুছে গেছে। তাই সাদা ক্যানভাসে কালো রং দিয়ে ‘এমন ঘটনায় আমরা ক্ষব্ধ’ লিখে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিল্পীসমাজ।আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে শিক্ষক-শিক্ষার্থীরা ‘চারু শিল্পীবৃন্দ’-এর ব্যানারে এ প্রতিবাদ জানান। এতে শিল্পীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন। বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী বলেন, ‘অন্ধকার শক্তি এসে যে থাবা দিয়েছে, আমরা তা মেনে নিতে পারি ন। আমাদের তুলি অন্ধকারের বিরুদ্ধে।’ তিনি এ ঘটনায় বৌদ্ধসম্প্রদায়ের কাছে ক্ষমা চেয়ে বলেন, ‘আমরা আপনাদের পাশে আছি।’ শিল্পী রফিকুন্নবী বলেন, ‘দোষী ব্যক্তিদের শাস্তির আওয়ায় আনতে হবে। শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের সুনাম ছিল। এ ঘটনার পর সে সুনাম ক্ষুণ্ন হয়েছে।’ এ ঘটনার পেছনের ঘটনা খুঁজে বের করার আহ্বান জানান তিনি।শিল্পী হাশেম খান বলেন, ‘মানবতার বিরুদ্ধে হামলাকারীরা দেশের শত্রু। এদের চিনে রাখতে হবে। হামলার ঘটনায় বৌদ্ধসম্প্রদায়ের মধ্যে যে আস্থাহীনতা দেখা দিয়েছে, তা ফিরিয়ে দিতে হবে।’ হামলাকারীদের আশকারা দিলে বারবার সুযোগ পাবে, সেই সুযোগ তাদের দেওয়া যাবে না বলে তিনি মন্তব্য করেন। এই প্রতিবাদ কর্মসূচিতে শিল্পী সমরজিত্ রায় চৌধুরী, মনিরুজ্জামান, কনকচাঁপা চাকমা, রোকেয়া সুলতানা, নাইমা হক, হাসান আরিফ, রোবায়েত ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।