সাদা-কালো সাম্রাজ্যের রানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধরা যাক, উদারমনা পুলিশ অফিসার বাবা চাইলেন তাঁর দুরন্ত মেয়েটি অ্যাথলেটিকস আর ব্যাডমিন্টন নিয়েই মজে থাকুক। তাহলে দেখা যেত মেয়েটি একদিন তৎকালীন পূর্ব পাকিস্তানের দ্রুততম মানবী হলো। হয়তো পুরো পাকিস্তানেরই দ্রুততম মানবী। কিংবা সে র‌্যাকেট আর শাটলেই খুঁজে পেল ‘সব পেয়েছি’র আনন্দ, হয়তো কোনো একদিন পাকিস্তানেরও সেরা নারী ব্যাডমিন্টন খেলোয়াড় হয়ে গেল। তারপর কী হতো? মধ্য কুড়িতে অবধারিতভাবে খেলাধুলা ছেড়ে দিয়ে মেয়েটি একদিন পুরো গৃহিণী। স্বামী-সংসার-সন্তান নিয়েই কাটে তাঁর প্রতিটি মুহূর্ত। অতীতচারী ক্রীড়া সাংবাদিকেরা তাঁর স্মৃতি রোমন্থন করতেন, ওহ্ উনি কত বড় অ্যাথলেট ছিলেন, কত বড় ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন! কিন্তু উত্তরপর্বে দেখা যাবে, বাবা একদিন মেয়েটির সামনে মেলে দেবেন দাবার বোর্ড। দাবার মধ্যেই সে খুঁজে পাবে আনন্দের অন্তহীন উৎস। আমরা ফিরে যেতে পারি আজ থেকে ৬০ বছর আগে সিলেট শহরে। সেখানে সেই সময়ের মেয়েটিই আজকের রানী হামিদ। ১৮ বারের জাতীয় চ্যাম্পিয়ন। দেশের প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার। অথচ ইনিই কিনা প্রথম প্রতিযোগিতামূলক দাবা খেলা শুরু করেন ১৯৭৭ সালে, ৩৩ বছর বয়সে। তত দিনে তাঁর চার সন্তান কায়সার হামিদ, সোহেল হামিদ, ববি হামিদ ও জেবিন হামিদ বড় হয়ে গেছে। কী করে ত্রিশোর্ধ্ব এক গৃহিণী দাবায় এসে এ রকম ঝড় তুলতে পারলেন? এক কথায় ভালোবাসা আর অধ্যবসায়ের জোরে। বাবা সৈয়দ মমতাজ আলী দাবার প্রতি যে দুর্নিবার আকর্ষণ তৈরি করে দিয়েছিলেন, তা ছিল চির সজীব। আর তিনি নিজে চেয়েছিলেন খেলাটা কখনো ছাড়বেন না। বাবার সংসার ছেড়ে আসার আগে ছোট ভাই শমসের ছিলেন তাঁর দাবা খেলার সঙ্গী। ভাইটি সব সময়ই হারতেন, আর হারের ‘অপমান’ সইতে না পেরে রেগে-মেগে ছিঁড়ে ফেলতেন বোর্ড। ১৫ বছরের বালিকা-বধূ স্বামীর সংসারে এসে স্বামী সেনা কর্মকর্তা এম এ হামিদকেই পেলেন দাবা খেলার সঙ্গী। স্বামীও প্রায়ই হারতেন, কিন্তু পার্থক্য হলো, তাঁর এই সঙ্গীটি হেরেই আনন্দ পেতেন। একটা সমস্যা অবশ্য তবুও থেকে গেল। হামিদ সাহেব কর্মক্লান্ত দিনের শেষে বাসায় ফিরে বেশিক্ষণ খেলতে পারতেন না। ঘুমিয়ে পড়তেন দ্রুতই। তখন রানী হামিদ একাই খেলতেন দুজন হয়ে। সাদা আর কালো ঘুঁটিতে ভাগ হয়ে যেত তাঁর দাবাড়ু সত্তা। ঢাকা ক্যান্টনমেন্টে আসার পর খেলোয়াড়ী জীবনটা বাঁক বদলাল সাবেক জাতীয় চ্যাম্পিয়ন ডা. আকমল হোসেনকে প্রতিবেশী হিসেবে পেয়ে। তাঁর সঙ্গে খেলে খেলেই পরিণত হলেন। তারপর জাতীয় মহিলা দাবায় প্রথমবারের মতো অংশ নিয়েই চ্যাম্পিয়ন। তারপর তো নাগাড়ে। মাঝেমধ্যে দু-একটি মেয়ে এসে উদয় হয়েছে। হয়েছে শিরোপার হাতবদল। কিন্তু তারাও ঝরে গেছে পরে দাবা থেকে। উজ্জ্বল সূর্যের মতো তিনি থেকে গেছেন। এভাবেই ১৮ বারের চ্যাম্পিয়ন। তিনবার জিতেছেন ব্রিটিশ উইমেন চ্যাম্পিয়নশিপ। এই ৬৮ বছর বয়সেও তিনি দাবা খেলে প্রথম দিনের মতোই আনন্দ পান। এই তো গ্রামীণফোন-প্রথম আলো আজীবন সম্মাননা পাওয়ার দিন কয়েক আগেই ভারতের ভুবনেশ্বর থেকে জিতে এসেছেন ভেটারান দাবার শিরোপা। হারিয়েছেন ভারতের সাবেক জাতীয় চ্যাম্পিয়ন সৈয়দ নাসির আলীকে। রানী হামিদ ‘রানী হামিদ’ হয়ে ওঠার জন্য ঋণী দুজনের কাছে। প্রথমজন বাবা মমতাজ আলী, দ্বিতীয়জন স্বামী লে. কর্নেল (অব.) এম এ হামিদ। বাবা যদি তাঁকে রাঙিয়ে থাকেন চেতনার পান্না-রঙে, তাহলে স্বামী ছিলেন প্রকৃতই ‘ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড’। অনেক আগেই প্রয়াত বাবার কথা বলতে বলতে রানী হামিদ যেন কোন তেপান্তরের মাঠ পেরিয়ে যান। আর ২০০৮ সালে দেয়ালের গায়ে শুধুই ছবি হয়ে থাকা স্বামীর দিকে তাকিয়ে বলতে থাকেন, ‘উনার উৎসাহ-অনুপ্রেরণা আর সঙ্গ না পেলে আমার পক্ষে কোনো অর্জনই সম্ভব ছিল না। স্বামীর উদার সমর্থন ছাড়া একজন গৃহবধূ কীভাবে দেশে-বিদেশে দাবা খেলতে পারে, বলতে পারো? আমাকে জোর করে, তাড়া দিয়ে উনি দাবার বই লিখতে বাধ্য করেছেন, যেটি বাংলাদেশে দাবা শিক্ষার প্রথম বই।’ বাংলাদেশের প্রমীলা দাবার এই পথিকৃতের স্মৃতিমেদুর কণ্ঠে যেন একই সঙ্গে বাজে গর্ব, আনন্দ আর বিষাদের ঐকতান। দাদি নাম রেখেছিলেন জসিমুন্নেছা খাতুন। ব্রিটেনের মহারানি ভিক্টোরিয়া-ভক্ত বাবা ডাকতেন ‘রানী’। স্বামীর সংসারে এসে রানী রানীই থাকলেন, সঙ্গে জুড়ে গেল শুধু স্বামীর নাম। জসিমুন্নেছা নামটি যেন বাক্সের নিচে চাপা পড়ে গেল ন্যাপথলিনের মতো। অস্তিত্ব শুধু পরীক্ষার সনদপত্রে। একদিক দিয়ে ভালোই হয়েছে। অবিসংবাদিত দাবার রানীর সঙ্গে রানী নামটাই যায়। গ্রামীণফোন-প্রথম আলো নারী ক্রীড়াঙ্গনের এই মহীয়সী অগ্রদূতকে ২০১০ সালের জন্য আজীবন সম্মাননা দিতে পেরে গর্বিত। অথচ সে দিন জানা গেল, ক্রীড়াবিদদের উৎসাহ দেওয়ার এই উদ্যোগের জন্য রানী হামিদ গ্রামীণফোন-প্রথম আলোকে ধন্যবাদজ্ঞাপক চিঠি লিখছেন। কে তাঁকে বলবে, এই ধন্যবাদটা তাঁর মতো একজনেরই প্রাপ্য, যার কোনো বিনিময় হয় না!