সাদা কৌপিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সাদা কৌপিন তখনও তারে ঝুলছিল।২রুগ্ণ, রুখো আর কর্কশ— এই হতে পারে তার শরীরের বর্ণনা। একটু বাড়িয়ে বললে, লম্বা কঞ্চির মতন শরীর, হেলে পড়তে পড়তে হাঁটে চলে ও দাঁড়িয়ে থাকে; হাফহাতা গেঞ্জির বাইরে থাকা কনুই থেকে কব্জি পর্যন্ত হাতের সবকটা রগ জেগে আছে; আর যে গেরুয়া কাপড়খানা পেঁচিয়ে লুঙ্গির মতন করে পরা, তাও যেন তার শরীরের সঙ্গে ঠিক লাগে না, কোমরের দুপাশের হাড়ের সঙ্গে ঝুলে ঢলঢল করে। বরং, বাম হাতের কব্জিতে ঘড়িটা খুব স্পষ্ট, তবু মনে হয়, ওই হাতখানা উঁচু করে সে ঘড়িটা ঠিক দেখতে পারবে তো?তা ভাবা যায় বটে। ঘড়ি দেখতে চোখ লাগে। তা তার আছে, কিন্তু ওই চোখ দুটো এত ভিতরে, সে কোন ঠায় সেই অক্ষিগোলক, সেইটুকু বুঝে নিতে কখনও কখনও ওই এক জোড়া চোখ আবিষ্কারের জন্যে চেয়ে থাকতে হয়।এইসমস্ত সাধারণ হিসাবের বাইরের আর যা ঠিক এতকিছু পরও তাকে আরও স্পষ্ট করে তোলে, তা তার বুক পর্যন্ত দাড়ি, আর ঘাড়েরও নিচ পর্যন্ত ঝুলেপড়া জট পাকানো চুল। মাথার মাঝখানে ছোট্ট টাক, কিন্তু তার আশেপাশে যে চুল তার একটিও আর চুল নেই, সব জট পাকিয়ে ঘাড়ের ও পিঠের দুই দিক থেকে বেয়ে নেমেছে মাঝ পিঠ পর্যন্ত। স্নানের পরে চুলের জলে গেঞ্জির পিঠের কাছে ভিজে থাকে। তখনও গেঞ্জি ফুঁড়ে বের হয় তার গায়ের রঙ। সেটা উজ্জ্বল। সকালের আলোয়ও তা স্পষ্ট। সকালও না, প্রায় ভোর। প্রতিদিন ভোরে সে স্নান করে। ৩এখানে আসার পরে এই তার প্রায় বান্ধা রুটিন।খুব সকালে স্নান। তারপর আহ্নিক। তারপর ছোট একবাটি মুড়ি ও এক টুকরো গুড় আর এক কাপ রং চা। আর কী? আর কিছু না। এইভাবে দুপুর। দুপুরের আগে-আগে, যখন কেউ প্রায় দুপুরের খাওয়া খায় না, তখন দুই মুঠ ভাত, সঙ্গে কিছু-একটা সিদ্ধ— আলু কি কুমড়া কি ঝিঙা ঢেঁড়শ— আর দুই হাতা মুগের ডাল, যদি থাকে। সন্ধ্যা রাতেও প্রায় একই খাওয়া।কিন্তু এইসবই এত সন্তর্পণে এত একান্তে ঘটে যে কখনও মনে হয় না, এই খাওয়ার জন্যে তার ভেতরে কোনও সাড়া আছে। দেখলে মনে হয় যেন, যদি জোটে তবে সে খাবে, না পেলে খাবে না। কেননা, সে জানে, তার যাওয়ার কোনও জায়গা নেই, তার করার কিচ্ছু নেই, সে কিছু পারে না, অন্যের ঘাড়ে চেপে এই জীবনযাপন তার ভালো লাগে না; আর সে কিছু পারে না তাই তার যাওয়ার কোনও জায়গা নেই। আবার নিজের ভিতরে ভিতরে নিজেকে তার ঠেলাগুঁতোর মানুষ ভাবতেও ভালো লাগে না।তবে বাইরে থেকে দেখলে দিনমানে এর কোনওকিছুই তেমন মনে হয় না। সারাদিন কি সন্ধ্যার পর পরও তার হাতে কিছু কাজ থাকে। কিন্তু এরপর, রাতের খাওয়া হয়ে গেলে, মনে হয় সত্যি, তার যাওয়ার কোনও জায়গা নেই। নাড়ায় ছাওয়া লম্বা ঘরটার সামনে একটা চেয়ার নিয়ে গ্রীষ্ম কি শীতে একা একা বসে থাকবে, কখন ওই ঘরের বাইরের দিকে একচালায় পড়তে থাকা তার দিদির দেওরপোর পড়া শেষ হয় কি ছেলেটা উঠে পাশের বাড়ি টিভি দেখতে যায়। তারপর ওই একচালায় সে ঘুমাতে ঢুকবে। একটু একটু করে গান ভাঁজতে ভাঁজতে শুয়ে পড়বে। আর ঘুমিয়ে যাবে।এর আগে, রাতের খাওয়ার পর থেকে তাকে দেখলে তার অস্বস্তি ও বিরক্ত আর অসহায়ত্ব ধরা পড়ে। সারাটা দিন তার কোনও কাজ ছিল না, কোথাও যাওয়ার ছিল না, ঘুমানোর মতন নির্দিষ্ট জায়গাও নেই তার। যে দিনটা গেল, ভালো গেল ঠিকই, কিন্তু একটি দিন কাটিয়ে দিতে তাকে কত কষ্ট করতে হয়েছে, কাল সকালে আসবে আর একটি দিন, সেটিও কাটাতে হবে।হ্যাঁ, সে ভাবে ঠিকই। এই দুনিয়াদারিতে তার কেউ নেই, কিচ্ছু নেই। এই এক দিদি ছাড়া।৪দিদির কাছেই সে এসেছিল। দিদির শ্বশুর বাড়ির গ্রামে। হঠাত্, একদিন আচানক।দীর্ঘদিনের নিরুদ্দিষ্ট ভাই হঠাত্ এসে হাজির হলে দিদি অবাক হয়েছিল, চোখে জল এনেছিল ঠিকই, কিন্তু একটু বাদে তার মুখে সবকিছু বিস্তারিত শুনে দিদি বুঝেছিল, ভাইটি তার কাছে থাকতে এসেছে। এতে ওই দিন সন্ধ্যার আগেই দিদির চোখের ভাষা বদলে গিয়েছিল। সে জানত, তা যাবে। জামাইবাবুর হাটবারে হাটবারে চালানের ব্যবসা। ছেলেরা বড় হয়েছে, তাদের নিজেদের ছোটখাটো চাকরি, এর ভিতরে এমন কপর্দকশূন্য ভাই ঘাড়ে পড়লে, সেখানে দিদির যে কিচ্ছু করার নেই তা বোঝাতে অমন শূন্য চোখে চেয়ে থাকা ছাড়া আর উপায় কী?দিদি বলেছিল, তার জামাইবাবুর কথায় বা কী হয়। ছেলেরা যা বলে। সে দিদিকে ছেলেদের সঙ্গে কথা বলতে বলেছিল।দিদি শহরে ছেলেদের কাছে যাওয়ার আগে সে জানিয়েছিল : বহুদিন বাদে বাড়ি গিয়েছিল, ঘরদুয়ার বলতে গেলে নেই, শরিকরা ইচ্ছামতো দেখেশোনে, কী দেখে কী করে তা নিয়ে আগেও তার কোনও আগ্রহ ছিল না, আজও নেই। বাপের বাগানবাড়ির দশকাঠা আর ধানিজমির দুই বিঘার দলিল সে নিয়ে এসেছে। এটা, ভাগ্নেদের দিতে চায়।এতে অবশ্য দিদির চোখের ভাষা একটু বদলে ছিল। কেন বদলে ছিল তা সে পরে বুঝেছে। তখন আর দিদিকে স্বার্থপর মনে হয়নি, মনে হয়েছিল, এইটুকু জমির বদলে তাকে প্রতিষ্ঠিত করতে দিদির সুবিধা হবে।তারপর দিদির সেই বহু পুরনো সাতকাহন। বাপমা মরা একমাত্র ভাই সে, তার যে জীবনডায় কী হল!সেটা তো তারও হিসাব। যদিও সে হিসাব কোনওভাবে সে মাথায়ও আনে না। কেননা, সে হিসাবও তার মাথা নিয়ে। নিজের মাথার সেই পরিবর্তন এখন আর ভেবে কী লাভ? গ্রামে তার মাথাশক্তির বেশ সুনাম ছিল। নইলে এক চান্সে মেট্রিক পাশ করে যখন সে কলেজে ভরতি হয়েছিল, তখন অত বড় বড় প্রফেসরের লেকচার বুঝত কী করে। গড়গড় করে পড়তে পারত যে কোনও ইংরেজি বই। এক চান্সে আইএ-বিএ সে পাশও করত। কিন্তু, বাপের মাথার গণ্ডগোল কোত্থেকে এসে যে তার মাথায় ভর করছিল সেদিন, তা কে জানে? মা কালীর সাধক বাপ স্বপনে দেখেছিল, বাড়িতে এক সাধু আসপে, সে তার ছেলেটাকে নিয়ে যেতে চাবে, স্বপনে মা কালী বলছে, ছেলেটাকে তাকে দিয়ে দিতে, ওই সাধুর সাথে দিয়ে দিতে, সে যেন দিয়ে দেয়।তারপর নাকি সত্যি সত্যি সাধু এসেছিল। সাধু চলেও গিয়েছিল। বাপকে বলেছিল, ছেলেটাকে দিয়ে দিতে। বাপ রাজি হয়েছিল। কিন্তু সেদিন যায়নি। সেদিন সে কেন যায়নি, সে জানে না।কিন্তু, একদিন সকালে সে চলে গিয়েছিল। ঘুম থেকে উঠে, তার কী মনে হয়, বাপ তাকে বলেছিল যদি সে মা কালীর সেবায় লাগে তাহলে যেন চলে যায়, তাই সে ঘুম থেকে উঠে সেই যে হাঁটতে শুরু করেছিল সোজা পশ্চিম মুখে, আর পুবে ফেরেনি। বাপের মৃত্যুর পরও না, মায়ের মৃত্যুর পরও না।এই ফেরা না ফেরার কথা সবাই জানে। বহুদিন পরে ফিরে এসে সেও তাই বলেছিল সবাইকে। কিন্তু কোনওদিন বলেনি সেই সাধুর সঙ্গে তার দেখা হয়েছিল কিনা। বলেনি সে দক্ষিণেশ্বরে গিয়েছিল কিনা। কখনও গয়া কাশী মথুরা বৃন্দাবন হরিদ্বার গিয়েছে কিনা। শুধু এইটুকু বলেছে, তার এমন চেহারার কারণে, হিন্দুস্থান পাকিস্তান কোথাও বর্ডারে তাকে কোনওদিন কেউ আটকায়নি। সে আবার যাবে। কোথায়? তাও সে জানে না।এসব পিছনের কথা, আগের গল্প। তখনও তার গায়ে অবশিষ্ট আছে কিছু তেজ, আবারও যাওয়ার ক্ষমতা। এখন এর কোনওটাই নেই। ৫শহরের বাসা থেকে ফিরে দিদি বলেছিল, ছেলেরা তাকে যেতে বলেছে। সে যেন সামনের হাটবারে তার সঙ্গে যায়। সঙ্গে ছোট্ট একটা পোটলা, আর হাতে একটা কাঁসার ছোট্ট ঘটি নিয়ে সে দিদির পিছনে পিছনে হেঁটেছিল। সে দৃশ্য বড় অদ্ভুত। এমন একজন মানুষ, গেরস্তবাড়ির এক বউয়ের সঙ্গে! যায় কোথায়? ভ্যানে তার পাশে কেউ বসেনি। এতে দিদিকেও তার অপরিচিত লাগে। ভ্যান থেকে খেয়াঘাটে নেমে ভাইবোন হেঁটে আসতে আসতে বাজারের ভিতরে রিকশা ভ্যান ও মানুষের জটলায় দাঁড়ালে আশেপাশের মানুষজন তার দিকে অবাক চোখে চেয়েছিল। তার তাতে সে বহুদিন বাদে কেমন যেন এই মানুষের ভিতরে নিজেকে হারিয়ে কিছুক্ষণের জন্যে উধাও করে দিয়েছিল। হারিয়ে ফেলে, আবার টেনে নিজের কাছে আনে চেষ্টা করে। ছোটবেলা হলে সে দিদির আঁচল ধরত। তাও-বা এখন কী করে সম্ভব। তার মতো পঞ্চাশ পেরুনো একজন মানুষের কি ভয়ে দিদির আঁচল ধরে হাঁটা সম্ভব? কিন্তু সে বারবার তা করতে যেয়ে একবার ধরেও ফেলে দিদির আঁচল। তখন এক স্বর্ণকারের দোকান থেকে শোনা যায় : ও কাকিমা, এই সাধু কেডা? দিদি বলে : আমার ভাই। তারপর ওই উত্তরটুকু দেয়ার ফাঁকে ছেলেটা তাকে বলেছিল, মামা নমস্তে। কাকিমা, মারে কবানে, আপনার ভাই সাদু— আমাগো বাসায় নিয়ে আইসেন।শহরের আসার সেই প্রথম দিনের কথা তার বহুদিন মনে থাকে। মনে রেখেছিল সে। এখন ভুলে গেছে। অথবা, তাই স্বাভাবিক। কিন্তু নিজের এত অস্বস্তির ভিতরে, সে কিন্তু এইটুকু ভাবতে ভোলে না, গিয়ে সে ভাগ্নেদের কী বলবে। সে জানে, তাতে তার গুরুত্ব একটু হলেও বাড়বে। আর যদি নাও বাড়ে, তবু এই শেষ বয়েসে সে দিদিকে ছেলেদের কাছে ছোট করতে চায় না, দিদির জন্যে হলেও তাকে ওই কথাগুলো বলতে হবে।সন্ধ্যার পরে তার ভাগ্নেরা বাসায় আসে, যারা তাকে কোনওদিন দেখেনি, মায়ের কাছে তার কথা শুনেছে। কিন্তু তাদের মামা যে দেখতে এমন তা তাদের ধারণাও ছিল না। সে তা বোঝে। কিন্তু, তার কেন যেন মনে হয়, ওইটুকু জমির কথা বললে, ভাগ্নেরা তাকে মেনে নেবে। সে তাই করে।সে সরাসরি বলেছিল, মামারা, আমি তোমাদের কাছে আইচি। আর আমার যাবার কোনও জায়গা নাই। থাকতে দেবা?ভাগ্নেরা চুপ। একটু পরে বড় ভাগ্নে : কী কন মামা? থাকপেন। আমাগো এহানে থাকতি আপনার কষ্ট হবে।সে বলেছিল, আমার আবার কষ্ট কী? জীবনে কত জায়গায় থাকলাম! তোমরা থাকতে দেলে, এই আমার কাছে রাজপ্রাসাদ।তারপর সে আরও বলেছিল : আমার কিছু জমি আছে। দলিল তোমাগো মার কাছে দিচি। দিদি মনে হয় কইচে তোমাগো। আর পেটে আমার একসময় কিচু বিদ্যা ছেল— এহোনও ফোর ভাইবের ছেলেপেলে পড়াইতে পারব। তোমরা কয়ডা প্রাইভেট ঠিক কইরে দিও।এটা ভাগ্নেদের মনে ধরে। মামা কিছু আয় করবে।তয়, সে বলেছিল, যদি আমার এই চেহারা দেহে ছেলেপেলে আমার ধারে পড়ে? না পড়লে আর কী করা।ছোট ভাগ্নে কী ভেবে বলে বসে, ওই চুল দাড়ি কাডা যায় না? সে সঙ্গে সঙ্গে বস্ফোরিত চোখে তাকিয়েছিল ছেলেটার মুখের দিকে। তখন ছেলেটার মনে হয়েছিল, সে পুড়ে যাবে। সেও মুহূর্তে চোখ নামিয়েছিল, শত হলে ভাগ্নে।তার দিদি বলেছিল, কী কইস!৬এরপর থেকে সে এই পাড়ায় এক আজব মানুষ। একলা। দুই এক বাড়িতে ছোট ছেলেমেয়েদের পড়িয়েছে কিছুদিন। আবার ভালো না লাগলে পড়ায়নি। একসময় তাও বাদ দিল। তাতে ভাগ্নেদেরও তার ওপর অস্বস্তি বাড়তে দেখেছে। তারপর একদিন নিজের পুটলি থেকে একটা ছোট্ট জল খাওয়ার ঘট বের করে দিদিকে দিয়ে বলেছে, এডা সোনার, বৃন্দাবনের। তোমার ছ’লগো বিয়ের সময় বউগো গয়না বানাইয়ে দিও। এরপর আবারও সে নিজের ভিতরে ঢুকে পরে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুটিন একই থাকে। সেখানে কোনও নড়চড় হয় না। কিন্তু কিছুদিন আর মুশুরির ডাল রান্নাই হয় না, তার কথা মাথায় রেখে শুধু মুগ। সেটাও একদিন কমে যেতে লাগলে আর তার নিজেরও নিজেকে নিয়ে শুধু অপেক্ষা করা ছাড়া আর কোনও কাজ না থাকলে, একদিন সে সকালে উঠে খুলনা যায়। ফিরে বড় ভাগ্নেকে ডেকে দশ হাজার টাকা দেয়। আর টাকার বৃত্তান্ত বলে। কবে কোনদিন সে নবদ্বীপের এক লোককে কিছু টাকা ধার দিয়েছিল, সে প্রায় ভুলেই গেছিল। সেই লোককে চিঠি লিখলে সে জানতে চেয়েছে টাকা কোথায় পাঠাবে। তারপর তার এদেশের এক আত্মীয়কে বলেছে টাকাটা তাকে দিয়ে দিতে।এরপর আবার সে অপেক্ষা করে, বোঝা যায়, সেই অপেক্ষা মৃত্যুর জন্যে। এখন সে ঘড়িও হাতে দেয় না। হ্যাঁ, রুগ্ণ, রুখো আর কর্কশ যে মানুষটা তবু সামনে কিছু দৃশ্যমান ছিল, সে ধীরে ধীরে বিছানপরতা হয়। তবে খুব সকালে সে ঠিকই পুকুরে স্নান করতে যায়। তারপর দুপুরের আগে আগে প্রতিদিনের মতো ভাত খায়। সন্ধ্যার পরপরই রাতের খাওয়া খায়। তারপর ভোর রাতে সবাইকে ডেকে সে মরণের কথা বললে, সে মারা যেতে লাগলে, সবাই মিলে তাকে হাসপাতালে নেয়। সঙ্গে ঘরে তার বাকি আর একটা গেঞ্জি ও আর যে গেরুয়া কাপড়খানা ছিল, সেটিও নেয় ভাগ্নেরা। ফলে, ঘরে ওই একটা ছোট্ট পোটলা ছাড়া আর কিছু থাকে না তার। দুপুরের আগে আগে সে মারা যায়। না, এতে কোনও যুগ বা কাল বা দিনের সমাপ্তি ঘটে না।হাসপাতালের কাছেই শ্মশান। ভাগ্নেরা তাতে পুড়িয়ে ফেরে। শ্মশান থেকে তার কাপড় ও গেঞ্জি নিয়ে যায় কোনও কালীভক্ত। জল খাওয়ার ঘটিটা বুকে জড়িয়ে নিয়ে ফেরে দিদি। ঘরে ফিরে তার পোটলাটা খুললে পাওয়া গিয়েছিল : একটা পাইলট কলম। সেটা বড় ভাগ্নে নেয়। ঘড়িটা নেবে ছোট ভাগ্নে। একখানা হাড়ের চিরুনি, ছোট্ট সুন্দর— কোনওদিন ব্যবহার কার হয়নি হয়তো, সেটা দিদি তার দেওরপোকে দেয়, ছেলেটার মাথায় খুব সুন্দর চুল। এইসব— আর কিচ্ছু না। পরদিন সকালে, একটু বেলা উঠলে তার দিদির চোখে পড়ে : মাঝে মধ্যে দূরে কোথায় গেলে কাপড়ের নিচে যে কৌপিনটা পড়ত তার ভাই, সেটা। তার মনে হয় বলে, এডা কেউ নিলি না?কে নেবে?সে ছেলে ও দেওরপোকে ডেকে দেখায়।একটা সাদা কৌপিন তারে ঝুলছে।