সাদা টাকা সাদা করার ব্যাখ্যা চাইল আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাদা টাকা কীভাবে সাদা করেছেন, তার ব্যাখ্যা চেয়েছে আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার বিকেলে ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এ দাবি করে বলা হয়, টাকার কোনো রং নেই। আয়কর-বহির্ভূত বা অপ্রদর্শিত অর্থই হচ্ছে কালো টাকা। বেগম জিয়া জরিমানা দিয়ে সেই অর্থ বৈধ করেছেন। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে বক্তব্য দেন। বেগম জিয়ার আইনজীবীর উদ্দেশে হানিফ বলেন, ‘আপনি বলেছেন, সাদা টাকাকে সাদা করেছেন। তাহলে জরিমানা কেন দিয়েছেন, তা কি জানাবেন? এই হাস্যকর ও প্রতারণামূলক যুক্তি দেশবাসী বিশ্বাস করে না।’ তিনি বলেন, বেগম জিয়া ও তাঁর ছেলেদের দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ অর্থ কর ও জরিমানা দিয়ে বৈধ করা হয়েছে। দুবারের প্রধানমন্ত্রী আয়কর দিতে জানেন না, তা দেশের মানুষ বিশ্বাস করে না।হানিফ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলা ও শাস্তি এড়াতে খালেদা জিয়া অপ্রদর্শিত আয়ের একটি অংশকে বৈধ করে দেশের মান-মর্যাদা দেশ ও বিদেশে ভূলুণ্ঠিত করেছেন। খালেদা-সাইফুররা শুধু নিজেরাই কালো টাকা সাদা করেননি, তাঁরাই ছিলেন দেশের কালো অর্থনীতির প্রবক্তা, পৃষ্ঠপোষক ও সুবিধাগ্রহণকারী। কালো টাকা সাদা করার পক্ষে মত: এক প্রশ্নের জবাবে মাহবুবুল আলম হানিফ শর্তসাপেক্ষে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার পক্ষে মত দেন। তিনি বলেন, ‘বিনিয়োগের স্বার্থে কালো টাকা সাদা করার ক্ষেত্রে ছাড় দেওয়া হলে দেশের অর্থনীতির জন্য লাভজনক হবে। আমরা মনে করি, সরকার বিষয়টি বিবেচনা করবে।’ তিনি বলেন, অতীত থেকেই কালো টাকা সাদা করার ধারা চলে আসছে। তবে সরকার এখনো এ রকম কোনো সিদ্ধান্ত নেয়নি। সংবাদ সম্মেলনে বি এম মোজাম্মেল হক, অসীম কুমার উকিল, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।