সাদাকালোয় লাগুক রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড স্কুল দাবায় চ্যাম্পিয়ন আবদুল্লাহ আল সাইফ গত ডিসেম্বরে টেলিগ্রাফ স্কুল দাবায় খেলতে কলকাতায় গিয়েছিল। দেশে ফেরার পথে দাবা প্রোগ্রামের একটা সিডি নিয়ে এসেছিল সেখান থেকে। ‘ফ্রিজ টুয়েলভ’ ভার্সনের এই গেমটি নিয়মিত চর্চা করে চলেছে ১৩ বছরের কিশোর। দাবায় তার এই ভালোবাসা আর একনিষ্ঠ চর্চা একদিন হয়তো তাকে গ্র্যান্ডমাস্টার বানিয়ে দিতে পারে। এই কিশোরদের মাঝখান থেকেই হয়তো আরেকজন গ্র্যান্ড মাস্টার খুঁজে নিতে হবে আমাদের। কারণ আমাদের যে এখন কোনো আন্তর্জাতিক মাস্টারই নেই! এর মানে দাঁড়াচ্ছে, গ্র্যান্ডমাস্টারের পাইপলাইন একেবারেই শূন্য।গত বছরে তাহলে কি পেলাম দাবা থেকে? আর নতুন বছরেই বা কি চাওয়া আমাদের? গত বছর শুধু আন্তর্জাতিক মাস্টারের (আইএম) একটি নর্ম পূরণ করতে পেরেছেন মেহেদি হাসান পরাগ। এর বাইরে আন্তর্জাতিক অঙ্গনেও তেমন কোনো বড় সাফল্য নেই। এমনিতেই বেশ কিছুদিন ধরে দাবা-অঙ্গন অস্থিতিশীল। দাবা ফেডারেশনের নতুন আহ্বায়ক কমিটির প্রতি অনাস্থা জানিয়েছেন গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, আবদুল্লাহ আল রাকিবেরা। এভাবে চলতে থাকলে কি উন্নতি আসবে দাবায়? আসবে না। তাই সবাইকে একসঙ্গে কাজ করার পাশাপাশি নতুন কর্মসূচি নেওয়ার তাগিদ অনুভব করছেন দেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, ‘একই জাতীয় দল অনেক দিন ধরে খেলছে। কোনো বদল নেই। এই কমিটি, ওই কমিটির রেষারেষি চলতে থাকলে দাবায় কোনো উন্নতি হবে না। এক যুগ হয়ে গেছে আমাদের কোনো নতুন খেলোয়াড় বের হয়নি। সব কথার মূল কথা এটাই। এ জন্য আমাদের খুব তাড়াতাড়ি বয়সভিত্তিক প্রোগ্রাম হাতে নিতে হবে।’ তবে কঠিন বাস্তবতার মধ্যেও স্বপ্ন দেখেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। নতুন করে জেগে উঠবে দাবা। তাঁর কথা, দুই ভাই যদি ঝগড়া করে তাহলে বাড়ির অবস্থা তো খারাপ হবেই। তাই নতুন বছরে তিনি দাবায় বেশ কিছু পরিবর্তন দেখতে চান, ‘দাবায় এখন নিবেদিতপ্রাণ কর্মী দরকার। আমাদের দাবায় এটার খুব অভাব। প্রত্যেকেই যদি নিজের কাজকর্ম ফেলে পার্ট-টাইম ফেডারেশনে ঢুঁ মারে তাহলে তো হবে না। আমি চাই নতুন বছর থেকে এমনটি যেন না থাকে। অন্তুত একজন যেন ফেডারেশনে থাকেন, যিনি সারাক্ষণ দাবার উন্নতি নিয়েই ভাববেন।’ দেশের ছয় দাবাড়ুর গ্র্যান্ডমাস্টার হওয়ার পেছনে তাদের নিজেদের অবদানই বেশি বলে মনে করেন রানী হামিদ, ‘ওরা বিক্ষিপ্তভাবে উঠে এসেছে। ওদের উঠে আসাটা ফেডারেশনের পরিকল্পিত কর্মসূচির ফসল নয়। আন্তর্জাতিক মানের মহিলা দাবাড়ুও সেভাবেও তৈরি হয়নি। এখনো আমাদেরই গিয়ে খেলতে হয়। এটা নিয়ে ভাবা উচিত ফেডারেশনের।’ নতুন বছরে গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারের চাওয়া দাবার স্বাভাবিক পরিবেশ। নতুন দাবাড়ু গড়ে তুলতে তাঁর পরামর্শ, ‘তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরি করতে হবে। এ জন্য চার বছরের দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা হাতে নেওয়া যেতে পারে। চার বছর পর কোথায় আমরা দাবাকে দেখতে চাই তার জন্য ধাপে ধাপে এগোতে হবে। খেলোয়াড় পর্যায়ে, সাংগঠনিক পর্যায়ে, বিচারক পর্যায়ে—সব জায়গায়ই একটা পরিবর্তন দেখতে চাই আমি।’পরিবর্তন ঘটেছে বলেই দাবি দাবা ফেডারেশনের নতুন আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইনের। চাইছেন নতুন করে শুরু করতেও, ‘তৃণমূল পর্যায় থেকেই খেলোয়াড় তুলে আনার কথা ভাবছি আমরা। বিগত কমিটিগুলোর পরিকল্পনার অভাবের কারণে দাবায় জিএম তৈরির পাইপলাইন শূন্য। একদিনে তো আর এসব হবে না। এখন থেকে বেশি বেশি টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা থাকবে আমাদের।’ নতুন বছরের শুরুতে খেলোয়াড়দের পদভারে মুখরিত দাবা-অঙ্গনের প্রত্যাশা তাঁর। আগামী দাবা অলিম্পিয়াডে যেন দেশের সব গ্র্যান্ডমাস্টার খেলতে পারেন। সেই সুন্দর দিনের প্রত্যাশা সব দাবাপ্রেমীরই।