সাদি গাদ্দাফিকে আশ্রয় দিয়েছে নাইজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজারের প্রেসিডেন্ট মাহমাদু ইউসুফ গতকাল শুক্রবার বলেছেন, তিনি মানবিক কারণে মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফির আশ্রয় অনুমোদন করেছেন। তবে গাদ্দাফির অপর পলাতক ছেলে সাইফ আল ইসলামের অবস্থান সম্পর্কে তিনি কিছুই জানেন না।দক্ষিণ আফ্রিকায় দুই দিনের সফর শেষে এক সংবাদ সম্মেলনে নাইজারের প্রেসিডেন্ট মাহমাদু ইউসুফ এ কথা বলেছেন। সাউথ আফ্রিকান প্রেস অ্যাসোসিয়েশন (এসএপিএ) নাইজারের প্রেসিডেন্টের এ স্বীকারোক্তি প্রকাশ করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। সাদি গাদ্দাফিকে আশ্রয় দেওয়া সম্পর্কে নাইজারের এ ঘোষণা দেশটির সঙ্গে লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সম্পর্কে তিক্ততা সৃষ্টি করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। গত আগস্টে ত্রিপোলির পতনের পর ব্যবসায়ী ও সাবেক ফুটবলার সাদি গাদ্দাফি নাইজারে পালিয়ে যান। সাদিকে হস্তান্তর করতে নাইজারের প্রতি প্রথম থেকেই অনুরোধ জানিয়ে আসছে লিবিয়ার অন্তর্বর্তী সরকার। এদিকে সাদিকে গ্রেপ্তারের অনুরোধ জানিয়ে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি জরুরি সতর্কতা জারি করেছে ইন্টারপোল।গতকাল নাইজারের প্রেসিডেন্ট মাহমাদু ইউসুফ বলেন, ‘মানবিক কারণে আমরা সাদি গাদ্দাফিকে আশ্রয় দিতে সম্মত হয়েছি।’তবে লিবিয়ার অন্তর্বর্তীকালীন বিচার মন্ত্রণালয় নাইজারের এ সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন তুলেছে। তাদের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, যারা নিজ দেশে রাজনৈতিক হয়রানির শিকার হয়, এটা সাধারণত তাদেরকেই দেওয়া হয়। কিন্তু সাদি নিজেই মানুষকে নিপীড়ন করতেন। তাঁর বিরুদ্ধে এক ফুটবলারকে হত্যার অভিযোগ রয়েছে।এদিকে নাইজারের প্রেসিডেন্ট মাহমাদু ইউসুফ দাবি করেছেন, তিনি মুয়াম্মার গাদ্দাফির অপর পলাতক ছেলে সাইফ আল ইসলামের অবস্থান জানেন না। তিনি বলেন, ‘সাইফ নাইজারে নেই।’