সাদি গাদ্দাফিকে হস্তান্তর করব না: নাইজারের প্রধানমন্ত্রী
নাইজারের প্রধানমন্ত্রী ব্রিজি রাফিনি আজ শুক্রবার ফ্রান্স সফরকালে বলেছেন, কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফিকে লিবিয়ার কাছে হস্তান্তর করার কোনো পরিকল্পনা তাঁদের নেই। দ্য টাইমস অব ইন্ডিয়ায় এ খবর জানানো হয়েছে।লিবিয়ার বিদ্রোহীদের ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) সেনাদের কাছে ত্রিপোলির পতনের পর মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদিসহ তাঁর অনেক অনুগত কর্মকর্তা ও পরিজন প্রতিবেশী দেশ নাইজারে আশ্রয় নেন। নাইজারে পালিয়ে যাওয়া মুয়াম্মার গাদ্দাফির স্বজন ও অনুগতদের হস্তান্তর করার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছে এনটিসি। সাদি গাদ্দাফিকে গ্রেপ্তারের ব্যাপারে ইন্টারপোলও একটি নোটিশ জারি করেছে। এর পরিপ্রেক্ষিতে নাইজারের প্রধানমন্ত্রী এ কথা বলেছেন। সাদি গাদ্দাফি যখন লিবিয়ার ফুটবল ফেডারেশনের প্রধান ছিলেন, তখন বিভিন্ন অপরাধ করেছেন বলে অভিযোগ করেছে এনটিসি। এ জন্য তাঁরা তাঁকে লিবিয়ায় এনে বিচারের মুখোমুখি করতে চান। এ ব্যাপারে নাইজারের প্রধানমন্ত্রী ব্রিজি রাফিনি বলেছেন, ‘সাদি গাদ্দাফি নিয়ামিতে নাইজার সরকারের নিরাপত্তা হেফাজতে আছেন। এই মুহূর্তে তাঁকে হস্তান্তরের প্রশ্নই ওঠে না।’ ব্রিজি রাফিনি বলেন, ‘আমাদের নিশ্চিত হওয়া দরকার যে সাদি সঠিক বিচার পাবেন।’