মেজর চিত্তরঞ্জন দত্ত পাকিস্তানি সেনাবাহিনীর ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টে চাকরি করেন। তিনি তিন মাসের ছুটিতে বাড়ি এসেছেন। ছুটি প্রায় শেষ। ঢাকায় ২৫ মার্চের গণহত্যার খবর পেয়ে চিত্তরঞ্জন মুক্তিবাহিনীতে যোগ দিলেন।হবিগঞ্জ শহরে মুক্তিবাহিনীর তৎপরতা শুরু হয়ে গেছে। স্থানীয় আওয়ামী লীগের নেতারা মুক্তিবাহিনী সংগঠিত করার চেষ্টা করছেন। মূল ভূমিকা পালন করছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব। তাঁর সঙ্গে আছেন মানিক চৌধুরী। তাঁদের তৎপরতায় আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরা ঐক্যবদ্ধ হচ্ছেন। আর ঢলের মতো আসছে সাধারণ মানুষ। কৃষক-শ্রমিকেরা মুক্তিবাহিনীতে যোগ দিচ্ছেন। তরুণ ছাত্ররা আসছে। উৎসাহ পেয়ে থানা ও পুলিশ ফাঁড়ির সদস্যরা নিজেদের অস্ত্রশস্ত্র নিয়ে এগিয়ে আসছেন। সীমান্ত থেকে ইপিআর সৈন্যরাও যোগ দিচ্ছেন অস্ত্র হাতে। কিছুদিনের মধ্যেই বিরাট মুক্তিবাহিনী গড়ে উঠল। এই বাহিনীর দায়িত্ব পেলেন মেজর চিত্তরঞ্জন দত্ত। তাঁর প্রথম কাজ হলো পাকিস্তানি সেনাদের কবজা থেকে সিলেট শহর মুক্ত করা।সরাসরি সিলেট শহর দখল করা যাবে না। পথে শেরপুর, সেখানে আছে পাকিস্তানি বাহিনীর শক্ত ঘাঁটি। ভৌগোলিক বিবেচনায় শেরপুরের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। মৌলভীবাজার শহর থেকে শেরপুরের দূরত্ব ২২ কিলোমিটার। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সংযোগস্থলেই পড়েছে শেরপুর। সিলেট অঞ্চল থেকে ঢাকা বা অন্যান্য জেলায় যাতায়াতের জন্য শেরপুর ফেরি পার হওয়া বাধ্যতামূলক। শেরপুরের অবস্থান কুশিয়ারা নদীর ধারে। এখান থেকে নদীপথে দেশের প্রায় সবখানেই যাওয়া যায়। শেরপুর থেকে তিন কিলোমিটার উত্তরে নদীর তীরে সাদিপুর।পাকিস্তানি বাহিনী শেরপুর আর সাদিপুরে সৈন্য মোতায়েন করেছে। ৩১ পাঞ্জাব রেজিমেন্টের দুই প্লাটুন সৈন্য শেরপুরে, আর এক প্লাটুন সাদিপুরে প্রতিরক্ষায় আছে। মুক্তিবাহিনী সিদ্ধান্ত নিয়েছে, আগে শেরপুর-সাদিপুর দখল করবে। সিলেটে পৌঁছাতে হলে এর কোনো বিকল্প নেই। যুদ্ধের সুবিধার্থে মেজর চিত্তরঞ্জন মুক্তিবাহিনীর সদর দপ্তর হবিগঞ্জ থেকে মৌলভীবাজারে সরিয়ে নিলেন। চিত্তরঞ্জন তাঁর বাহিনীকে তিনটি দলে ভাগ করলেন। একজন করে কমান্ডারের ওপর প্রতিটি দলের ভার দেওয়া হলো। তাঁর বাহিনীতে ভারী সমরাস্ত্রের মজুদ নেই। থ্রি নট থ্রি রাইফেল আর গোলাবারুদই ভরসা। কিন্তু চিত্তরঞ্জন জানেন, শুধু অস্ত্রের সাহায্যে যুদ্ধ জেতা যায় না। যুদ্ধ চলাকালে সুবিধাজনক পজিশন নিতে পারা অনেক সময় অস্ত্রের থেকে জরুরি হয়ে দাঁড়ায়। তিনি নিখুঁতভাবে যুদ্ধের পরিকল্পনা করেছেন। হিসাব ঠিকঠাক কাজ করলে পাকিস্তানি বাহিনী যুদ্ধে সব সময় বেকায়দায় থাকবে। মেজর চিত্তরঞ্জন তাঁর কমান্ডারদের সঙ্গে যুদ্ধের পরিকল্পনা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলেন। বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছিল সে ব্যাপারে চিত্তরঞ্জন এক সাক্ষাৎকারে বলেছেন, ‘শেরপুরের প্রায় দেড় মাইল ডানে ও দেড় মাইল বাঁয়ে দুটো করে প্লাটুন পাঠাব স্থির করলাম। গ্রামবাসীদের বললাম যেন নৌকাগুলো ঠিক থাকে। রাতের অন্ধকারে সৈন্যরা চলল তাদের গন্তব্যস্থানে। বাকি সৈন্য নিয়ে মুখোমুখি আক্রমণ চালাব। রাত প্রায় সাড়ে ১০টায় আমরা কীভাবে শেরপুর-সাদিপুর আক্রমণ চালাব তা সবাইকে বুঝিয়ে দিলাম—ডানে ও বাঁয়ের সৈন্যরা নদী পার হয়ে শত্রুদের ঘিরে ফেলবে এবং বাকি সৈন্যরা সম্মুখযুদ্ধে শত্রুদের ব্যস্ত রাখবে।’৪ এপ্রিল ১৯৭১। মুক্তিবাহিনী মৌলভীবাজার থেকে শেরপুরের দিকে রওনা হয়েছে। রাত আটটার মধ্যেই মুক্তিসেনারা শেরপুরের কাছাকাছি প্রতিরক্ষা ব্যূহ তৈরি করে ফেলেন। পরদিন ভোরবেলা তাঁরা শেরপুর আক্রমণ করবেন। একটি দল কুশিয়ারা নদী পার হয়ে উত্তর পাড়ে অবস্থান নিয়েছে। তিন বাহিনীর তিন দিকে অবস্থান নেওয়া শেষ। পাকিস্তানি বাহিনীর ক্যাম্প সম্পর্কে প্রয়োজনীয় রেকি দক্ষতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে।ভোর পাঁচটায় মুক্তিবাহিনী শত্রুপক্ষের অবস্থানের ওপর অতর্কিতে হামলা করে। এত ভোরে পাকিস্তানি সেনাদের প্রায় সবাই ঘুমে ঢুলু-ঢুলু। এরই মধ্যে মুক্তিবাহিনীর প্রবল আঘাত। মুক্তিবাহিনী কাছাকাছি অবস্থান থেকে হামলা চালাচ্ছে। এত কাছে মুক্তিবাহিনীকে দেখে পাকিস্তানি সেনারা ভূত দেখার মতো চমকে উঠল। পাল্টা আক্রমণের জন্য তারা গুছিয়ে ওঠার চেষ্টা করছে। কিন্তু অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে নিশানা ঠিক রেখে গুলি চালাচ্ছেন মুক্তিযোদ্ধারা। আক্রমণের জন্য তৈরি হতে হতে প্রচুর খাকিস্তানি সেনা খতম হয়ে গেল।এরপর শুরু হয় তুমুল যুদ্ধ। ভারী অস্ত্রে সজ্জিত শত্রুবাহিনী মর্টার ও মেশিনগান দিয়ে হামলা চালাচ্ছে। এই শক্তিশালী হামলায় আশপাশের কয়েকটি গ্রাম বিধ্বস্ত হয়ে গেছে। অনেক নিরীহ গ্রামবাসী গোলার আঘাতে প্রাণ দিচ্ছেন। মুক্তিবাহিনী চুপচাপ বসে নেই। চিত্তরঞ্জন সুবিধাজনক অবস্থান নিয়ে আছেন। পাকিস্তানি সেনাদের ভারী সমরাস্ত্র মুক্তিবাহিনীর তেমন ক্ষতি করতে পারছে না। বিপর্যস্ত পাকিস্তানি সেনারা পিছু হটতে আরম্ভ করল। মুক্তিবাহিনীর সুচারু আক্রমণের মুখে ঘাঁটি পাহারা দেওয়া ওদের পক্ষে আর সম্ভব নয়। নিজেদের অবস্থান ছেড়ে দিয়ে পাকিস্তানি সেনারা কুশিয়ারার উত্তর পাড়ে শেরপুর নতুন বাজারে চলে গেল। মুক্তিবাহিনী সরে আসা পাকিস্তানি বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ল বিপুল বিক্রমে। সামান্য প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিসেনাদের সাধারণ অস্ত্রশস্ত্রের আক্রমণে পাকিস্তানি বাহিনী দিশেহারা।টানা সাত ঘণ্টা যুদ্ধ চলল। যুদ্ধ শেষে দেখা গেল, পাকিস্তানি বাহিনীর তিন প্লাটুন সৈন্যের প্রায় সবাই মুক্তিবাহিনীর হাতে মারা পড়েছে। বাকি সৈন্যরা অস্ত্রশস্ত্র ফেলে পালিয়েছে। অবশ্য পলিয়েও সবার শেষরক্ষা হয়নি। কেউ কেউ গ্রামবাসীর হাতে ধরা পড়ে নিহত হয়েছে। সাদিপুর-শেরপুর মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে এল। পাকিস্তানি বাহিনী পালিয়ে গেল সিলেটের দিকে। প্রথম দিককার এই যুদ্ধ বাঙালিকে অনেক সাহসী করে তোলে। সূত্র: বাংলাদেশের মুক্তিযুদ্ধ (দ্বিতীয় খণ্ড), সেনাসদর, শিক্ষা পরিদপ্তর; বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র: নবম খণ্ড, তথ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।গ্রন্থনা: মুহাম্মদ লুৎফুল হক ও তৈমুর রেজা