সাদুল্যাপুরে সাংসদের বিরুদ্ধে অর্ধদিবস হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর-পলাশবাড়ী আসনের সাংসদ টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর বিরুদ্ধে ডাকা অর্ধদিবস হরতাল আজ মঙ্গলবার শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত সাদুল্যাপুর উপজেলা শহরে হরতাল চলে।হরতাল চলাকালে উপজেলা শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সরকারি অফিস খোলা থাকলেও লোকজনের উপস্থিতি ছিল কম। কোনো যানবাহন চলাচল করেনি।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা শহরের বাজার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বনগ্রাম ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফজলুল কাইয়ুম, ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যান নূর আলম, আশিষ কুমার প্রমুখ। সমাবেশ শেষে সাংসদের কুশপুত্তলিকা দাহ করা হয়।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ১৮ জুন অনুষ্ঠিত বনগ্রাম ও ফরিদপুর ইউনিয়নের নির্বাচনে সাংসদ ফজলে রাব্বীর সমর্থনপুষ্ট প্রার্থীরা পরাজিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে সাংসদ নির্বাচন কমিশনে তদবির করে দুই ইউনিয়নের গেজেট প্রকাশ বন্ধ রেখেছেন। বক্তারা অবিলম্বে গেজেট প্রকাশের দাবি জানান। প্রসঙ্গত, উপজেলার বনগ্রাম ও ফরিদপুর ইউনিয়নের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের গেজেট প্রকাশে দেরির জন্য সাংসদকে দায়ী করে দুই ইউনিয়নের দুই শতাধিক মানুষ গত সোমবার দুপুরে ঝাড়ু মিছিল করে। পরে উপজেলা পরিষদ চত্বরে তারা সমাবেশ করে। সমাবেশ থেকে আজ সাদুল্যাপুর উপজেলা শহরে সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত অর্ধদিবস হরতাল ডাকা হয়।