সাদেকুর রহমান দম্পতির হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
গুলশানের কালাচাঁদপুরে সাদেকুর রহমান ও নার্গিস সাদেক দম্পতির হত্যাকারী রুবেল ও মিথুন চন্দ্রকে গ্রেপ্তার ও বিচার দাবি করে মানববন্ধন করেছে বাংলাদেশ নার্সারি মালিক সমিতি। উল্লেখ্য, সাদেকুর রহমান বাংলাদেশ নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের শতাধিক সদস্য অংশ নেন। নেতারা হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার শুরু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।মানববন্ধনে উপস্থিত নার্সারি মালিক সমিতির সদস্যরা বলেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাদেকুর রহমানের হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে সন্ত্রাসীদের বিচরণ এমন জায়গায় চলে গেছে যে কোনো মানুষই আজ নিরাপদ নয়। এই হত্যাকাণ্ড রীতিমতো সমাজকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে।মানববন্ধনের সময় লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য আলাল হোসেন বলেন, সাদেকুর রহমান বাংলাদেশ নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দেশের নার্সারি ব্যবসায় নিয়োজিত ছোট ছোট ব্যবসায়ীকে সংগঠিত করেছেন। কৃষি ও পরিবেশ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।নেতা আরও বলেন, এমন একসময় সাদেকুর রহমানকে হত্যা করা হয়েছে, যখন ঢাকা মহানগরে নার্সারি উচ্ছেদ অভিযান চলছে। নার্সারি উচ্ছেদ নয়, পুনর্বাসন—এই আন্দোলনের ডাক দিয়েছিলেন তিনি। সন্ত্রাসী কুচক্রী মহল এ আন্দোলনকে ব্যাহত করতে এই হত্যা করেছে বলেও তাঁরা অভিযোগ করেন।মালিক সমিতির পরিচালক রফিকুল ইসলাম জানান, আজ থেকে রাজধানীর বিভিন্ন স্থানে মানবন্ধনসহ নানা কর্মসূচি পালন করা হবে। মোহাম্মদপুর, হাইকোর্টের সামনে, মিরপুর আগারগাঁওসহ রাজধানীর যেসব স্থানে নার্সারি রয়েছে, সেখানে সংগঠন থেকে মানবন্ধন করা হবে।