সাদ্দাম পরিবারের অস্ত্র বিক্রির চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে চোরাই আগ্নেয়াস্ত্র বিক্রির চেষ্টাকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অস্ত্রগুলো ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পরিবারের বলে ধারণা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মিয়ামির ডেভিড রায়ান (৪৮), পিটসবার্গের কার্লো সয়ের (৪২), নিউজার্সির হাওয়ার্ড ব্লুমেন্থাল (৭৪) ও ক্যারোলা কুইরোলা (৫৫)। তাঁদের বিরুদ্ধে চুরি করা অস্ত্র পাচারের ষড়যন্ত্র ও বিক্রির চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া রায়ানের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র অবৈধভাবে ডাকযোগে পাঠানোর অভিযোগ রয়েছে। এই চারজনকে গতকাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে হাজির করা হয় বলে সরকারি কৌঁসুলির পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁদের আড়াই লাখ মার্কিন ডলার জরিমানাসহ সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডাদেশ হতে পারে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে বেশ কয়েকটি পিস্তল, শটগান ও রিভলবার উদ্ধার করা হয়েছে। নিউ জার্সির নিউয়ার্কের অ্যাটর্নি পল ফিসম্যানের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়, উদ্ধার করা এসব আগ্নেয়াস্ত্রের দাম আড়াই থেকে সাড়ে তিন লাখ মার্কিন ডলার। সরকারি কৌঁসুলি জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তাঁরা চুরি হওয়া এসব আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য নিউজার্সিতে ক্রেতা খুঁজছিলেন। তিনি জানান, চলতি বছরের এপ্রিলে ওই চার ব্যক্তির বিরুদ্ধে ফৌজাদারি আইনে একটি অভিযোগ দাখিল করা হয়। ওই অভিযোগ থেকে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা এসব আগ্নেয়াস্ত্র বিক্রির চেষ্টার কথা জানতে পারেন। এরপর গোয়েন্দারা ছদ্মবেশী ক্রেতা সেজে অস্ত্র কিনতে গিয়ে ঘটনার সত্যতা পান। পরে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গত অক্টোবরে চুরি হওয়া অস্ত্রগুলো ইরাক সরকারের বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত জাবির হাবিব। তবে অস্ত্রগুলো চুরি হওয়া সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি হলো কুনান আর্মস পয়েন্ট থ্রি ফাইভ সেভেন মডেলের, সোনা ও নিকেল ব্যবহূত অস্ত্রটি আধা-স্বয়ংক্রিয়। এর একপাশে ইংরেজিতে ‘কিউএস’ অক্ষর খোদাই করা। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে সাদ্দামের ছেলে কুসে হোসেনের নাম বোঝানো হয়েছে। অন্যান্য অস্ত্রের মধ্যেও এ ধরনের চিহ্ন রয়েছে, যা সাদ্দামের ঘনিষ্ঠজনদের পরিচয় বহন করছে।