সাধ, সাধ্য আর স্বার্থ সমন্বয়ের বাজেট আজ
সাধ আর সাধ্যের সমন্বয় করে সব সময়ই বাজেট তৈরি করতে হয় একজন অর্থমন্ত্রীকে। তবে আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার নতুন যে বাজেট উপস্থাপন করবেন, সেখানে সাধ আর সাধ্যের পাশাপাশি নানা শ্রেণীর মানুষের স্বার্থের সমন্বয়ই থাকছে বেশি।কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া থেকে একদমই বেরিয়ে আসতে পারছেন না অর্থমন্ত্রী। ফিরিয়ে আনছেন অসংখ্য রাস্তা তৈরির প্রকল্পের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)। বাজেট ঘাটতি মেটাতে বাড়াচ্ছেন সুদ পরিশোধের ব্যয়। ফিরে আসছে বড় আকারের থোক বরাদ্দ। আর বাজেটকে মানবিক আকার দিতে বাড়ানো হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আকার ও আয়তন।সব মিলিয়ে সব ধরনের সাধ্য ও স্বার্থের সমন্বয় করতে গিয়ে শেষ পর্যন্ত অর্থমন্ত্রী একটি গতানুগতিক ও ধারাবাহিক বাজেটই পেশ করবেন আজ। এটি হবে দেশের ৩৯তম বাজেট। আর দুই দফায় আবুল মাল আবদুল মুহিতের চতুর্থ বাজেট। জাতীয় সংসদে বিকেল চারটায় শুরু হবে ২০১০-১১ অর্থবছরের বাজেট উপস্থাপন।জনসংখ্যাতাত্ত্বিক লভ্যাংশ: অর্থনীতিশাস্ত্রে বিষয়টি তুলনামূলকভাবে নতুন। কোনো দেশের জনসংখ্যা যদি বেশি থাকে এবং জন্মহার কমে যায়, তাহলে শ্রমশক্তি বৃদ্ধি পায়। অন্যদিকে নির্ভরশীলতার হারও কমে। শ্রমশক্তি বাড়লে তারা কোনো না কোনোভাবে আয় বাড়াতে চেষ্টা করে। এতে জিডিপির প্রবৃদ্ধি বাড়ে। একেই বলা হয় জনসংখ্যাতাত্ত্বিক লভ্যাংশ। চীন এই পথে প্রবৃদ্ধি বাড়িয়েছে, ভারতও বাড়াচ্ছে। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এই সময়টা ২০ থেকে ৩০ বছরের মতো থাকে। কেননা এরপর বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যায়। সুতরাং এই সুযোগটি কাজে লাগাতে হলে উৎপাদনশীল খাতে কর্মসংস্থানের পরিমাণ বাড়াতে হয় এবং দক্ষ শ্রমশক্তি তৈরি করতে হয়। আর প্রয়োজন উদ্ভাবনী শক্তির। তিনি বলেন, সুশাসন এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ দিক থেকে অর্থনীতি নিয়ে সার্বিক একটা পরিকল্পনা থাকা প্রয়োজন। তা না করে তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর বাজেট তৈরি হলে তা থেকে বড় কিছু অর্জন করা সম্ভব হবে না। ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, চীন জনসংখ্যাতাত্ত্বিক লভ্যাংশকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর উৎপাদন বৃদ্ধির পথে নিজেদের নিয়ে গেছে। ভারত বাড়িয়েছে দক্ষতা। সে দিক থেকে বাংলাদেশের তেমন কোনো উত্তরণ নেই।বিশেষজ্ঞরাও মনে করেন, আবহাওয়া অনুকূল থাকলে এবং দেশের জনসংখ্যার যে চিত্র, তাতে প্রতি অর্থবছরের মতো ধারাবাহিকতা মেনে নিয়ে একটি গতানুগতিক বাজেট দিলেই মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার ৫ থেকে ৬ শতাংশের মধ্যে থেকে যাবে। ব্যয় বাড়ানোর বাজেট: চলতি ২০০৯-১০ অর্থবছরের বাজেট ছিল এক লাখ ১৩ হাজার কোটি টাকার। ব্যয়ের মধ্যে এডিপির সাড়ে ৩০ হাজার কোটি টাকা। আর আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৮৪ হাজার ৫৯১ কোটি টাকা। নতুন বাজেট হতে পারে এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার। এর মধ্যে উন্নয়ন বাজেট সাড়ে ৩৮ হাজার কোটি টাকা। অন্যদিকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা হতে পারে ৯৩ হাজার ৬৮০ কোটি টাকার মতো। এর ফলে বাজেট ঘাটতি হবে ৩৯ হাজার কোটি টাকার কিছু বেশি।ব্যয়ের মধ্যে সবচেয়ে বেশি ধরা হচ্ছে বেতন-ভাতা ও সুদ পরিশোধে। আগামী অর্থবছরে ঘোষিত বেতনকাঠামোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে। এ ছাড়া অভ্যন্তরীণ উৎস, বিশেষ করে সঞ্চয়পত্র বিক্রি বেড়ে যাওয়ায় সুদ পরিশোধ খাতেও ব্যয় বাড়বে। নতুন অর্থবছরের বাজেটে ভর্তুকি খাতের বরাদ্দও বাড়ছে। বিদ্যুৎ-সংকট সমাধানে ভাড়াভিত্তিক ব্যবস্থায় বিদ্যুৎ কেনা হবে। এ জন্য দুই হাজার কোটি টাকার বেশি অর্থ ভর্তুকি দিতে হবে। তবে এই অর্থ থোক বরাদ্দ হিসেবে রাখা হবে বলে জানা গেছে। মূল্যস্ফীতি নিয়ে আশাবাদ নেই: অর্থমন্ত্রী চলতি বাজেটকে বলেছিলেন কিছুটা সম্প্রসারণমুখী। আগামী অর্থবছরের বাজেট হবে আরও সম্প্রসারণমুখী। মূলত বিনিয়োগ বাড়িয়ে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়েই এই পথে যাচ্ছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর আশা, এর ফলে জিডিপির অনুপাতে বিনিয়োগের হার ২৬ শতাংশ ছাড়িয়ে যাবে। কয়েক বছর ধরে এটি ২৪ শতাংশের মধ্যে রয়ে গেছে। এ থেকে উত্তরণ ঘটানো যায়নি। নতুন অর্থবছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৬ দশমিক ৭ শতাংশ। চলতি অর্থবছরের প্রাথমিক হিসাব অনুযায়ী এটি হবে ৫ দশমিক ৫৪ শতাংশ। তবে এর ফলে মূল্যস্ফীতির চাপও বাড়বে বলেই মনে করা হচ্ছে। আগামী অর্থবছরের জন্য মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা প্রায় ৭ শতাংশ রাখা হচ্ছে। চলতি অর্থবছরের জন্যও মূল্যস্ফীতির লক্ষ্য ছিল সাড়ে ৬ শতাংশ। তবে শেষ পর্যন্ত তা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। নতুন অর্থবছরে মূল্যস্ফীতি ঘটবে আরও প্রায় ৭ শতাংশ। সুতরাং ভোক্তাদের জন্য বড় কোনো আশাবাদ আনছে না নতুন বাজেট।রাজনৈতিক আপস: সংবিধানের ২০ নম্বর অনুচ্ছেদে বলা আছে, ‘রাষ্ট্র এমন অবস্থা সৃষ্টির চেষ্টা করিবেন, যেখানে সাধারণ নীতি হিসাবে কোন ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করিতে সমর্থ হইবেন না।’ আবার নির্বাচনী ইশতেহারেও আওয়ামী লীগ বলেছে, ‘রাষ্ট্র ও সমাজের সকল স্তরের ঘুষ, দুর্নীতি উচ্ছেদ, অনুপার্জিত আয়, ঋণখেলাপি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কালো টাকা এবং পেশিশক্তি প্রতিরোধ ও নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’তার পরও চলতি বাজেটে অর্থমন্ত্রী কালো টাকা সাদা করার ব্যাপক সুবিধা দিয়েছিলেন। বাজেট-উত্তর সংবাদ সম্মেলনে এই সুযোগ দেওয়াকে রাজনৈতিক আপস বলে তিনি উল্লেখ করেছিলেন। যদিও এই সুযোগ খুব একটা নেননি ব্যবসায়ীরা। তার পরও সীমিত আকারে হলেও আবারও একই ধরনের সুবিধা থাকছে নতুন বাজেটে। সূত্র জানায়, শেয়ারবাজারে না থাকলেও বাড়ি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে আরও এক বছরের জন্য কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। পাশাপাশি নতুন করে একটি বিদ্যুৎ উন্নয়ন তহবিল করা হচ্ছে। এই তহবিলে বিনিয়োগ করলে বিনা প্রশ্নে মেনে নেওয়ার সুযোগ থাকতে পারে বলে জানা গেছে।নতুন দুটি কর: দেশে প্রথমবারের মতো নতুন দুই ধরনের করব্যবস্থা চালু হতে পারে। এর মধ্যে মূলধনি লাভ কর (ক্যাপিটাল গেইন ট্যাক্স) মূলত শেয়ারবাজারের জন্য। পুঁজিবাজার থেকে লাভবান হলে এই কর দিতে হবে। তবে প্রথমবারের জন্য ব্যক্তি পর্যায়ে এই কর আরোপ করা হবে না। প্রাতিষ্ঠানিক পর্যায়ে এটি চালু হচ্ছে। এর বাইরে শেয়ারবাজারে লেনদেনকারী প্রতিষ্ঠান বা ব্রোকারেজ হাউসকে ভ্যাটের আওতায় আনা হচ্ছে। এ ছাড়া এসব ব্রোকারেজ হাউসের পরিচালকদেরও মূলধনি লাভের ওপর কর দিতে হবে। নতুন করে চালু অন্য করটি হচ্ছে উত্তরাধিকার সম্পত্তি কর। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেলে এর বিপরীতে নির্দিষ্ট হারে কর দিতে হবে। তবে এটি শুধু শহর এলাকায় চালু থাকবে বলে জানা গেছে।আয়করের ক্ষেত্রে নতুন বাজেটে বড় ধরনের পরিবর্তন হচ্ছে না বলে সূত্র জানায়। ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়ছে না। আমদানি শুল্কেও বড় ধরনের পরিবর্তন নেই। কিছু প্রস্তুত পণ্যের নিয়ন্ত্রণমূলক করের পরিমাণ বাড়তে পারে। এর মধ্যে সব ধরনের গাড়ি থাকছে। অবশ্য ভ্যাটের আওতা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হবে।