সাধারণ ক্রেতা বেশে বইয়ের দোকানে ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইওয়া নগরের সাধারণ এক পুস্তক বিক্রেতা প্রতিষ্ঠানের জন্য দিনটি ছিল অন্য রকম। কারণ, দেশের প্রেসিডেন্ট বারাক ওবামা সাধারণ ক্রেতা বেশে হাজির হয়েছেন সেই দোকানে। বই কিনে নিজেই মূল্য পরিশোধ করলেন। করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করলেন প্রতিষ্ঠানের সব কর্মচারীর সঙ্গে।ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। সর্বজনীন স্বাস্থ্যসেবা আইন প্রণয়নের পর আবার প্রচারণায় নেমেছেন প্রেসিডেন্ট ওবামা। রিপাবলিকানদের বিরূপ সমালোচনা তাঁকে সামাল দিতে হচ্ছে। স্বাস্থ্যসেবা আইনের সুফল নিয়ে কথা বলছেন সাধারণ নাগরিকদের সঙ্গে। আইওয়া নগরে এমনি এক জনসংযোগে সদলবলে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। দিনের কর্মব্যস্ততার ফাঁকে হঠাত্ করেই প্রবেশ করেন স্থানীয় এক পুস্তক বিক্রয় কেন্দ্রে। এই আইওয়া নগর থেকেই তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন।ওবামা সফরসঙ্গীদের জানালেন, ‘একসময় এ লাইব্রেরিটি আমার খুব প্রিয় ছিল।’ তারপর থরে থরে সাজানো বই নেড়েচেড়ে দেখলেন। হাতে নিলেন রিপাবলিকান নেতা মিট রামনির লেখা নো অ্যাপোলোজি ও কারেজ অ্যান্ড কনসেকুয়েন্স বই দুটি। দুটি বইয়েই বারাক ওবামা ও ডেমোক্র্যাটদের সমালোচনা করা হয়েছে তীব্রভাবে। বই দুটি হাতে নিয়ে সঙ্গে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘আপনারা কী মনে করেন?’ওবামা এরপর তাঁর দুই মেয়ে শাশা ও মালিয়ার জন্য দুটি বই কিনলেন। এভা ইভটসনের জার্নি টু ধ্যা রিভার সি এবং লিন জনেলের দ্যা সেক্রেট অ জুম। সঙ্গে থাকা প্রেস সেক্রেটারি সসার্ট গিবসের ছয় বছর বয়সী ছেলের জন্য স্টার ওয়ারস কিনলেন। প্রেসিডেন্ট ওবামা নিজেই ২০ ডলারের পাঁচটি নোট এগিয়ে দিলেন ক্যাশিয়ারের হাতে।৩৭ ডলার মূল্য দেখে প্রেস সেক্রেটারি গিবস বলেন, ‘উপহারটি একটু বেশি মূল্যের হয়ে যাচ্ছে স্যার।’ প্রেসিডেন্ট বারাক ওবামার জবাব, ‘মূল্যটা আমি সামাল দিতে পারব। ছেলের কাছ থেকে বাবাকে ঘণ্টার পর ঘণ্টা দূরে রাখার জন্য এই উপহার।’প্রেসিডেন্ট ওবামা পুস্তক বিক্রেতা প্রতিষ্ঠানটির প্রশংসা করলেন। বললেন, ‘সব কর্মচারীদের স্বাস্থ্য বিমা নিশ্চিত করার জন্য আমি সাহায্য করছি।’ লাইব্রেরিতে উপস্থিত অন্য সাধারণ ক্রেতাদের সঙ্গেও তিনি করমর্দন ও কুশল বিনিময় করেন।