ঐতিহ্য-গোল্লাছুট-প্রথম আলো গল্প লেখা প্রতিযোগিতা ২০০৯ পুরস্কার বিতরণ
সাধারণ ঘটনার অসাধারণ গল্প
স্কুলের বেতন দিতে পারছে না বলে লেখাপড়াই বন্ধ হওয়ার উপক্রম ছোট্ট এক ছেলের। বাবা অসুস্থ। মামা প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তিনি আবার বেকার। যেদিন মামা চাকরির সাক্ষাৎকার দিতে গেলেন, সেদিন পথে দুর্ঘটনা ঘটল। দুর্ঘটনার শিকার এক লোককে বাঁচাতে গিয়ে মামার আর সাক্ষাৎকার দেওয়া হলো না। কিন্তু শেষ পর্যন্ত ওই মানুষটিই মামার চাকরির ব্যবস্থা করে দিলেন। ছেলেটি আবার স্কুলে যেতে পারল।এমন হাজারো কাহিনি নিয়ে বাংলাদেশের প্রায় ১০ হাজার শিশু-কিশোর লেখক অংশ নিয়েছিল ‘ঐতিহ্য-গোল্লাছুট-প্রথম আলো গল্প লেখা প্রতিযোগিতা ২০০৯’-এ। গল্পে কেউ শুনিয়েছে মানবতার কথা, মানুষের প্রতি মানুষের সহমর্মিতার কথা, ভাইবোনের খুনসুটির কথা; আবার কেউ বা নভোযানে করে এই পৃথিবী ছেড়ে অন্য গ্রহে যাওয়ার কথা—যেখানকার অধিবাসীরা আবার বাংলা গান শুনতে খুবই পছন্দ করে।গতকাল শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে পুরস্কৃৃত করা হলো সেরা ১০ জন শিশু-কিশোর লেখককে। বিশেষভাবে সম্মানিত করা হয় আরও ১৪৩ প্রতিযোগীকে। একই অনুষ্ঠানে প্রকাশনা সংস্থা ঐতিহ্য থেকে প্রকাশ করা হয় এই লেখকদের নির্বাচিত ৪৬টি গল্পের সংকলন সেরা গল্প। আমন্ত্রিত অতিথিরা এর মোড়ক উন্মোচন করেন।তৃতীয় থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা মোট তিনটি বিভাগে এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ গল্প নির্বাচিত হয়েছে লুবাবা নাওয়ার ‘নেবু’। উত্তরা রাজউক মডেল স্কুলের ছাত্রী লুবাবা জিতে নিয়েছে এক লাখ টাকার বই। ‘ক’ বিভাগে প্রথম পুরস্কার পেয়েছে ঢাকার শহীদ লে. সেলিম শিক্ষালয়ের ফয়জুল্লাহ হক, খুলনার রেভা. পলস হাইস্কুলের ফাইয়াজ রহমান দ্বিতীয় এবং মোহাম্মদপুর বালিকা উচ্চবিদ্যালয়ের নাফিসা ইসলাম তৃতীয় পুরস্কার পেয়েছে। ‘খ’ বিভাগে যশোরের পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের কাশফিয়া তাসনিম প্রথম, খুলনা পাবলিক স্কুলের পল্লব বিশ্বাস দ্বিতীয় এবং চট্টগ্রাম রেলওয়ে পাবলিক হাইস্কুলের শিপন দাশ তৃতীয় হয়েছে। ‘গ’ বিভাগে প্রথম হয়েছে যশোরের মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের শামসুন্নাহার ইতু, দ্বিতীয় চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মৌপিয়া বিশ্বাস এবং তৃতীয় ঢাকার যাত্রাবাড়ী আইডিয়াল হাইস্কুলের মো. বেলাল হোসেন।তিন বিভাগের এই নয় বিজয়ীর প্রত্যেককে ২০ হাজার টাকার বই, সনদ, ক্রেস্ট, কিশোরবেলা পত্রিকার শেষ দুটি সংখ্যা এবং গল্পসংকলন সেরা গল্প উপহার হিসেবে দেওয়া হয়েছে।পুরস্কার পাওয়া শিশুরা গতকাল তাদের গল্প লেখার অভিজ্ঞতা জানিয়েছে দর্শকদের। বেশির ভাগ ক্ষেত্রেই তারা গল্প নির্বাচন করেছে আশপাশে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে। বিচারকেরা বলেছেন, কল্পনার মিশেলে তাই এসব গল্প হয়ে উঠেছে অনবদ্য।অনুষ্ঠানে শিল্পী মুস্তাফা মনোয়ার বলেন, নিজের জীবনকে উন্মোচিত করতে কল্পনাশক্তির বিকাশ ঘটাতেই হবে। সে জন্য প্রচুর বই পড়তে হবে, লিখতেও হবে। কারণ, মানুষ গল্প শুনতে ভালোবাসে, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় ‘মানুষ গল্পভোজী’। এ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু-কিশোর লেখকদের মধ্য থেকে আগামী দিনে কেউ কেউ বড় লেখক হবে।কথাশিল্পী মুহম্মদ জাফর ইকবাল শিশুদের বলেন, কল্পনাশক্তির বিকাশের জন্য অবশ্যই পড়তে হবে। আইনস্টাইনকে উদ্ধৃত করে তিনি বলেন, জ্ঞানের চেয়ে আসলে কল্পনাশক্তি অনেক জরুরি। প্রতিদিন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের বই পড়ে তাঁদের সঙ্গে একটি যোগাযোগ তৈরির কথা বলেন শিশু-কিশোরদের এই প্রিয় লেখক।প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী। তিনি বলেন, ‘তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পড়ুয়া শিশুদের কল্পনাশক্তি ও গল্প লেখার দক্ষতায় আমি চমৎকৃত হয়েছি।’ স্বল্প আয়তনে ভালো লেখার জন্য তিনি প্রতিযোগীদের প্রশংসা করেন।প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সারা দেশ থেকে শিশুদের এই বিপুল অংশগ্রহণে গভীর আনন্দ প্রকাশ করেন। তিনি এসব শিশুকে নিয়ে আর তাদের যাঁরা অনুপ্রাণিত করছেন, এমন সব মানুষকে নিয়ে একটি আলোকিত বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রথম আলোর সম্পাদক ইভ টিজিং, মাদকাসক্তি, ধূমপান, এসিড নিক্ষেপ বন্ধে উদ্যোগী হওয়ার জন্যও শিশুদের প্রতি আহ্বান জানান।প্রতিযোগিতার অন্যতম আয়োজক ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান বলেন, ২০০৫ সাল থেকে এই প্রতিযোগিতা হয়ে আসছে। কিন্তু শুধু লেখক সৃষ্টিই এর উদ্দেশ্য ছিল না, স্কুলপড়ুয়া শিশুদের মধ্যে সৃজনশীলতার বিকাশও এর অন্যতম উদ্দেশ্য। উপহার হিসেবে সেরা লেখককে এক লাখ টাকার বই দেওয়া হচ্ছে। এতে করে পাঁচ বছরে পাঁচজন সেরা লেখকসহ অনেকের পরিবারে ছোটখাটো একটা করে পাঠাগার গড়ে উঠেছে। উল্লেখ্য, ‘ঐতিহ্য-গোল্লাছুট-প্রথম আলো গল্প লেখা প্রতিযোগিতা’র এটা ছিল পঞ্চম আয়োজন। ২০০৫ সালে এই প্রতিযোগিতা শুরু হয়।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী আবিদা সুলতানা ও চ্যানেল আই ক্ষুদে গানরাজ শিল্পী ঝুমা। শিশুদের উৎসাহ জোগাতে এসেছিলেন অভিনেত্রী জয়া আহসান। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান। আদ্যোপান্ত দর্শকদের মাতিয়ে রাখেন অনুষ্ঠানটির সঞ্চালক প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন।