সাধারণ চেহারায় অসাধারণ স্পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ মানেই ৩২ দল আর ৬৪টি ম্যাচ নয়। সেই গণ্ডি ছাড়িয়ে বিশ্বকাপ হয়ে ওঠে বর্ণিল মহোত্সব। বিশ্বকাপ কাভার করতে গিয়ে কাছ থেকে সেই উৎসব দেখেছেন পবিত্র কুন্ডু। সেই অভিজ্ঞতা নিয়ে এই ধারাবাহিক রচনাব্রাজিল-আর্জেন্টিনার মতো আলো নিয়ে এই বিশ্বকাপে আবির্ভাব তাদের ঘটেনি। কিন্তু স্পেন নামটা ছিল শ্রদ্ধা আর সমীহের আবরণে মোড়া। শিরোপা সম্ভাবনার কথা উঠলে ব্রাজিল, আর্জেন্টিনার নাম আসে আগে, পরে জার্মানির কথা ওঠে। স্পেন নামটা আগে আসবেই বা কেন? সেই ষাট বছর আগের বিশ্বকাপে চতুর্থ স্থানই তাদের সেরা অর্জন। এরপর তাদের ইতিহাস তো বড়জোর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এগোনো। তবু এবার স্পেনের নামটা উঠলে সবাইকে খানিকক্ষণ মৌন হয়ে থাকতে দেখলাম শ্রদ্ধায়, ‘ওহ্, স্পেন। ওরা বিশ্বের সেরা দল!’সেরা দল নাকি সব জায়গাতেই শ্রেষ্ঠত্বের একটা ছন্দ বুনে চলে। কোথায় যেন একটা নীরব দম্ভ থাকে তাদের। কিন্তু স্পেনকে সে রকম মোটেই দেখলাম না। এরা খুবই সাধারণ, অন্য কথায় বিনয়ের অবতার। তারপরও একটা নীরব ব্যবধান ছিল। ভেঙে পড়া ভাব তাদের মধ্যে দেখা যায়নি। সুইজারল্যান্ডের কাছে প্রথম ম্যাচেই হারের পরও স্পেন ভেঙে পড়েনি। কোচ সংবাদমাধ্যমের সঙ্গে খোলাখুলি কথা বলেছেন, খেলোয়াড়েরাও ছিলেন মুক্ত। তাঁরা স্বীকার করেছেন প্রথম রাউন্ড থেকেই বিশ্বকাপের রাস্তাটা কঠিন হয়ে গেছে, তবে সেই রাস্তা পেরোনোর সাহসটাও ছিল তাঁদের সঙ্গী। এই যে স্বাভাবিক থাকতে পারা, বুকের মধ্যে সাহস ধরে রাখা, একেই তো বলে আত্মবিশ্বাস! স্পেন কতটা আত্মবিশ্বাসী ছিল, আর সেই আত্মবিশ্বাস যে তাদের দাঁড় করিয়েছিল অতীতের যাবতীয় অপ্রাপ্তি কিংবা লজ্জা ঘুচিয়ে দেওয়ার শক্ত জমিতে, ফাইনালের আলোকিত রাত তো সেটি দেখিয়ে দিল।স্পেনের খেলোয়াড়দের দিকে তাকিয়ে কেবলই মনে হতো এই পিচ্চি-পাচ্চাদের দল কেমন করে পায়ের নিচে এমন সুন্দর ফুটবলের ছন্দ আঁকে! কেমন করে এমন মোহাবিষ্ট করে রাখে ফুটবলের পৃথিবীকে! ডিফেন্ডার জেরার্ড পিকে ওদের সবচেয়ে দীর্ঘদেহী ফুটবলার, তারপর নাম আসে ইকার ক্যাসিয়াস, সার্জিও বুসকেট, জাভি আলোনসোর। আর সবাই খর্বাকৃতির। আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি, পেদ্রোদের গড় উচ্চতা বড় জোর ৫ ফুট ৬ ইঞ্চি। ৫ ফুট সাড়ে ৭ ইঞ্চির ডেভিড ভিয়া তো মাঠের অন্যসব স্ট্রাইকারকে ছাপিয়ে উঠে দাঁড়ান অন্য উচ্চতায়। স্পেন দলকে দেখেই বেশি করে আশ্বস্ত হলাম, ফুটবলে স্কিলটাই আসল। শরীরনির্ভর ফুটবল একটা জায়গায় গিয়ে থমকে দাঁড়ায়, টিকে থাকে শুধু স্কিল। না হলে ১.৬৪ মিটারের ডিয়েগো ম্যারাডোনার জাদু এই গ্রহকে এমন আচ্ছন্ন করে রাখতে পারত না। না হলে লিওনেল মেসির মতো আরেক খর্বাকৃতির জাদুকরেরই বা আবির্ভাব ঘটবে কেন পৃথিবীতে?সবচেয়ে অবাক হলাম ইনিয়েস্তার সঙ্গে হাত মিলিয়ে। ছোটখাটো এই ফুটবল জাদুকরের গায়ের রংটা দুধে-আলতায় মেশানো। হাত দুটো তুলতুলে নরম। আশ্চর্য নরম তাঁর ব্যবহারও। নানা রকম প্রশ্নের কী সব বিনয়ী উত্তর মুখে! তাঁর হাতের মধ্যে হাত রেখে বারবার বলি, ‘প্লিজ ইংলিশ, ইংলিশ’, ইনিয়েস্তাও হাসিমুখে বারবার বলে যান, ‘নো ইংলিশ, নো ইংলিশ।’ নিজের ওপর খুব রাগ হলো, স্প্যানিশ শিক্ষার বইটা যে কেন ভালো করে কাজে লাগালাম না! দক্ষিণ আফ্রিকায় আসার আগে স্প্যানিশ শিখব বলে একটা বই কিনেছিলাম, কিন্তু কদিন নেড়েচেড়েই রেখে দিয়েছি। দক্ষিণ আফ্রিকা পর্যন্ত বইটা অবশ্য সঙ্গী হয়েছে, কিন্তু খটোমটো স্প্যানিশ ভাষা শেখা কী এতই সহজ! ভরসা হলেন স্প্যানিশ সাংবাদিকেরা। যদি ওঁরা সদয় হয়ে ইংরেজিতে অনুবাদ করে দেন জাভি-ইনিয়েস্তাদের কথোপকথন। এল পাইসের সাংবাদিক মার্টিন রাজি হলেন। কিন্তু তিনি পড়লেন সেদিনের চিলি ম্যাচে ইনিয়েস্তার জেতা বাডউজার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিয়ে। ‘পালোমা’ ‘পালোমা দেখি’ বলেই মার্টিন স্পেন দলের মিডিয়া অফিসার পালোমা আন্তোরাঞ্জের হাত থেকে নিয়ে নেন ইনিয়েস্তার জেতা পুরস্কারের প্যাকেটটি। সুন্দর একটা চৌকোনা প্যাকেট খুলে ফেললেন ওটার মধ্যে কী আছে তা দেখার কৌতূহল থেকে। একটা সুদৃশ্য টাইয়ের সঙ্গে চমত্কার করে সাজানো শ্যাম্পেনের বোতল। তার মধ্যে একটি চেক। উল্টেপাল্টে নেড়েচেড়ে দেখলেন মার্টিন। ভিড় জমে গেল মুহূর্তেই। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার বলে কথা! পালোমা ওটা নেওয়ার জন্য হাত বাড়াচ্ছেন, কিন্তু কতক্ষণে হাতে আসবে বুঝতে পারছেন না। কিন্তু বিরক্তির চিহ্নমাত্র নেই তাঁর মুখে। কালো প্যান্টের ওপর কালো ব্লেজার গায়ে কোচ ভিসেন্তে দেল বস্কের ছায়াসঙ্গিনী যেন শুভ্রতার প্রতীক। এই ভিড় আর মনোযোগ বিচ্ছিন্নতার মাঝখান দিয়ে মিক্সড জোনের স্রোতে ভেসে এলেন ফার্নান্দো তোরেস। তাঁকে ধরলেন গিয়ে অ্যালেক্স, লিভারপুলের তরুণ ইংলিশ সাংবাদিক। ‘হাই, হাউ আর ইউ?’—অ্যালেক্সের প্রতি তোরেসের এই সম্ভাষণ আমার বুকটাও ফুলিয়ে দিল আশায়। লিভারপুলের স্ট্রাইকার পরিচিত ইংলিশ সাংবাদিককে নিশ্চয়ই ফিরিয়ে দেবেন না, মুফতে পরের দিনের দুর্দান্ত একটা কপির মালমসলা জোগাড় করে ফেলব! কিন্তু কিসের কী, পেনাল্টি বক্সে গিয়ে দলকে যেমন হতাশ করেছেন, ‘নো, নো’ বলে তেমনই একরাশ হতাশা ছিটিয়ে চলে গেলেন বিশ্বের ভয়ংকরতম স্ট্রাইকারদের একজন।এলেন কার্লোস পুয়োল। টেলিভিশনের পর্দায় বার্সেলোনার খেলা দেখে মনে হয়নি সারা বিশ্বের বাঘা বাঘা সব স্ট্রাইকারের তীব্র যন্ত্রণার কারণ এই ডিফেন্ডার এত ছোটখাটো। ঝাঁকড়া চুল চোখের ওপর এসে পড়েছে। কপালের বলিরেখায় যা একটু কাঠিন্য ছড়িয়ে পড়েছে, তা না হলে তো গায়ের রং আর ব্যবহারে ইনিও ইনিয়েস্তার স্বগোত্রীয়। অনেক চাপাচাপির পর পুয়োলও ‘নো ইংলিশ, নো ইংলিশ’ বলে পাশ কাটিয়ে চলে গেলেন। তবে যাওয়ার আগে পেটে ঠুকে দিয়ে গেলেন মুষ্টিবদ্ধ হাতটা। মনে হলো এ যেন অন্যলোক থেকে উঠে আসা মোনেম মুন্না, দূর আকাশের তারা নন, কাছের মানুষ! দূরে তখন সাংবাদিকের সঙ্গে কথা বলে চলেছেন কালো ওভারকোটের ভিসেন্তে দেল বস্ক, ওঁরা বলেন দেল বস্কে। বিশাল শরীরের মানুষটিকেও মনে হয় আপন। মাথার সামনের দিকটা হালকা হয়ে এসেছে। সেই খামতি ঢাকতেই মনে হয় গোঁফটাকে হূষ্টপুষ্ট বানিয়েছেন। ভদ্রলোক অবিচল এক দার্শনিকের প্রতিমূর্তি। কোথায় যেন ২০০২ বিশ্বকাপে ব্রাজিল কোচ লুই ফেলিপে স্কলারির সঙ্গে একটু মিল খুঁজে পাওয়া যায়! মনের মধ্যে তখন থেকেই আকুলি-বিকুলি, শুধু এক ঝাঁক জাদুকর ফুটবলার হলেই শিরোপা আসবে এমন কথা নেই, এ রকম স্থিতধী একজন কোচও দরকার। তাহলে কি স্পেনই জিততে চলেছে এবারের বিশ্বকাপ? ১১ জুলাই সেই প্রশ্নের জবাব দিল সকার সিটি স্টেডিয়াম।