সাধারণ থেকে অসাধরণ
ভালো ফুটবলার না হয়েও ভালো কোচ হওয়া যায়। লিখেছেন খলিলুর রহমানভালো ছাত্র হলেই ভালো শিক্ষক হয় না। ফুটবলে এই কথাটা যেন আরও বেশি সত্য। ইতিহাসের পাতায় এমন অনেক নামের সন্ধান মেলে, কোচ হিসেবে যাঁরা নিজেদের প্রতিষ্ঠিত করেছেন সেরাদের সেরার আসনে। অথচ খেলোয়াড় হিসেবে মোটেই উল্লেখ করার মতো কিছু ছিলেন না।ভিত্তোরিও পোজ্জো, আরিগো সাচ্চি, কার্লোস আলবার্তো পাহেইরা, হোসে মরিনহো, এনজো বিয়ারজোত, মার্সেলো লিপ্পি, অ্যালেক্স ফার্গুসন, মার্সেলো বিয়েলসা, আলফিও বাসিলে, হোসে পেকারম্যান, সভেন গোরান এরিকসন—নামগুলো শুনেছেন নিশ্চয়। ‘দক্ষ শিক্ষক’ মানে সফল কোচ হিসেবে প্রত্যেকেই জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়। কিন্তু খেলোয়াড় হিসেবে কারও সেই অর্থে নামডাক ছিল না।সাচ্চি, পাহেইরা তো কখনো পেশাদার ফুটবলই খেলেননি। বাবা কোচ হওয়ায় মরিনহো বাবার ক্লাবে নাম লেখাতে পারলেও শারীরিক দুর্বলতার কারণে অল্পতেই থেমে যেতে হয় তাঁকে।ইতিহাসের সবচেয়ে সফল কোচ কে? কোনো উত্তরই হয়তো বিতর্কের ঊর্ধ্বে নয়। তবে ভিত্তোরিও পোজ্জোর নামটি উচ্চারণ করা যায়। ইতালিয়ান এই ভদ্রলোকের কোনো সুখস্মৃতি নেই খেলোয়াড়ি জীবনে। কিন্তু কোচ পোজ্জো কিংবদন্তি। ইতিহাসের একমাত্র কোচ হিসেবে জিতেছেন টানা দুটি বিশ্বকাপ (১৯৩৪ ও ১৯৩৮)। সেন্ট্রাল ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল কাপও (মধ্য ইউরোপের তৎকালীন ছয়টি দেশের মধ্যে আয়োজিত টুর্নামেন্ট) ইতালিকে জিতিয়েছেন দুবার। ১৯৩৬ সালে অলিম্পিকের সোনাও ইতালি জেতে তাঁর অধীনে। পোজ্জোর আরও একটি সাফল্য, ১৯৩৪ থেকে ১৯৩৯ টানা পাঁচ বছর বিশ্ব ফুটবলে ইতালিকে অপরাজিত রেখেছিলেন।ব্রাজিলের কার্লোস আলবার্তো পাহেইরা পেশাদার ফুটবলে একটি ম্যাচও খেলেননি। তাই খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে যাওয়ার প্রশ্নই ওঠে না। তবে বিশ্বকাপের মঞ্চে তিনি পা রেখেছেন সাতবার। ১৯৭০ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের ফিটনেস প্রশিক্ষক ছিলেন। এরপর বিশ্বের দ্বিতীয় কোচ হিসেবে (অন্যজন সার্বিয়ান বোরা মিলুটিনোভিচ) ভিন্ন ভিন্ন পাঁচটি দেশকে নিয়ে বিশ্বকাপে গেছেন ছয়বার। পাহেইরার অধীনেই ব্রাজিল জেতে ১৯৯৪ বিশ্বকাপ।পাহেইরার স্বদেশি ভিসেন্তে ফিয়োলা কখনো পেশাদার ফুটবল খেলেছেন কি না, সন্দেহ আছে। তার পরও তিনি সফল কোচ। ১৯৫৮ সালে তাঁর অধীনেই প্রথমবারের মতো বিশ্বকাপ ঘরে তোলে ব্রাজিল। ‘ফুটবলের রাজা’ পেলে এই ফিয়োলারই আবিষ্কার।আরিগো সাচ্চি বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন জুতার দোকানে। পেশাদার ফুটবল না খেলেও তিনি ফুটবলে আসেন কোচ হিসেবে। এ জন্য নিন্দুকদের ঢের সমালোচনাও শুনতে হয়েছে। কিন্তু নিজস্ব একটা দর্শন ছিল সাচ্চির। সমালোচনার জবাবে সেই দর্শনই তুলে ধরতেন সাচ্চি, ‘জকি হতে হলে আপনার ঘোড়া হওয়ার তো দরকার নেই!’ মুখে নয়, কাজেই সমালোচকদের জবাব দিয়েছেন এসি মিলানের ‘স্বপ্নের দলের’ কারিগর সাচ্চি। ১৯৮৭ সালে ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর ১৯৮৯ ও ১৯৯০ সালে দলকে এনে দিয়েছেন ইউরোপিয়ান কাপের (বর্তমানের উয়েফা চ্যাম্পিয়নস লিগ) শিরোপা। এই দুই বছরে ইউরোপিয়ান সুপার কাপ, ইন্টারকন্টিনেন্টাল কাপও জেতে মিলান। ১৯৮৮ সালে লিগ ও ইতালিয়ান সুপার কাপ। ১৯৯৪ বিশ্বকাপে ফাইনালে নিয়ে যান তিনি ইতালিকে, যেখানে ব্রাজিলের কাছে হার ছিল টাইব্রেকারে।এনজো বিয়ারজোতও সফল কোচ ছিলেন। কিন্তু পেশাদার খেলোয়াড় হিসেবে সাফল্য পাননি, যে কারণে ইতালির জাতীয় দলে একটি ম্যাচ খেলেই থেমে গেছে আন্তর্জাতিক ক্যারিয়ার। তবে খেলোয়াড়ি জীবনের অতৃপ্তি ঘুচিয়েছেন কোচ হিসেবে। তাঁর অধীনেই ৪৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে তৃতীয়বারের মতো ১৯৮২ বিশ্বকাপ জেতে ইতালি। প্রাক-টুর্নামেন্ট যে ইতালি আলোচনাতেই ছিল না।হোসে মরিনহোর ইতিহাস আরও বৈচিত্র্যময়। বাবা পেশাদার ফুটবলার হওয়ার সুবাদে খেলাটির প্রতি বিশেষ অনুরাগ ছিল। তবে খেলোয়াড় হিসেবে নয়, সেই অনুরাগের প্রতিদান তিনি পেয়েছেন কোচ হিসেবে। ৩৭ বছর বয়সে বেনফিকার দায়িত্ব (২০০৭) নিয়ে শুরু যাঁর, সেই মরিনহোই এখন বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া কোচ। আর সবচেয়ে বেশি দামি কোচ তিনি হয়েছেন সাফল্যের সিঁড়ি বেয়েই। ইতিহাসের দ্বিতীয় কোচ হিসেবে ভিন্ন দুটি ক্লাবকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতিয়েছেন। লিগ-কাপ মিলিয়ে জিতেছেন ১৮টি শিরোপা! ২০১০ সালে বিশ্বের সেরা কোচের স্বীকৃতিও পেয়েছেন।ম্যানচেস্টার ইউনাইটেডের তো বটেই, ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। কিন্তু প্রাজ্ঞ এই কোচ খেলোয়াড় হিসেবে মোটেও সফল ছিলেন না। অথচ ১৯৮৬ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর ২৫ বছরে এই একটি ক্লাবের হয়েই জিতেছেন ৩৬টি শিরোপা!আর্জেন্টিনার জাতীয় দলের সাবেক কোচ আলফিও বাসিলে, হোসে নেস্তর পেকারম্যান, মার্সেলো বিয়েলসা, ইতালিকে ২০০৬ বিশ্বকাপজয়ী কোচ মার্সেলো লিপ্পি, ইংল্যান্ডের সাবেক কোচ সভেন গোরান এরিকসনদের গল্পটাও প্রায় একই। খেলোয়াড় হিসেবে খুবই সাধারণ মানের ছিলেন। কিন্তু কোচ হিসেবে প্রত্যেকেই মাড়িয়েছেন সাফল্যের সিঁড়ি।লেখাটা শেষ করা যাক তরুণ এক কোচের পাপড়ি মেলার গল্প দিয়ে—আন্দ্রে ভিলাস বোয়াস। পেশাদার ফুটবল না খেললেও এই পর্তুগিজ ২০০০ সালে ব্রিটিশ ভার্জিন দীপপুঞ্জের জাতীয় দলের কোচ হন ২১ বছর বয়সে। মাঝখানে একাডেমিকা ডি কইমব্রায় কাটিয়ে পোর্তো, চেলসি, ইন্টার মিলানে মরিনহোর সঙ্গে কাজ করেছেন দীর্ঘদিন। ২০১০ সালে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোর প্রধান কোচের দায়িত্ব নিয়েই ভিলাস বোয়াস সুবাস ছড়িয়েছেন। প্রথম মৌসুমেই ট্রেবল জয়। সাফল্যের ধারাবাহিকতায় এখন তিনি চেলসির কোচ।ভালো ফুটবলার না হয়েও সেরা কোচ কিন্তু হওয়াই যায়!