সাধারণ পরিষদের অধিবেশন শুরু
জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশন গতকাল বুধবার শুরু হয়েছে। এবারের অধিবেশনে বিরোধ নিষ্পত্তি ও জাতিসংঘের সংস্কার সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। খবর বাসসের।ইউএন তথ্যকেন্দ্রের বিবৃতিতে বলা হয়, চলতি বছরের সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনের প্রতিপাদ্য হচ্ছে, ‘শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতার ভূমিকা’।প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে অধিবেশনে যোগ দিতে ইতিমধ্যে নিউইয়র্কে অবস্থান করছেন। তিনি সাধারণ পরিষদের প্রথম দিনের অধিবেশনে যোগ দিয়েছেন। প্রথম দিন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর ভাষণে বলেন, ফিলিস্তিনি জনগণের নিজস্ব স্বাধীন রাষ্ট্র থাকা উচিত। ইসরায়েলের সঙ্গে আলোচনার মাধ্যমে কেবল এটি অর্জন করা যেতে পারে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কোনো দ্রুত বা সংক্ষিপ্ত রাস্তা নেই। শুধু বিবৃতি বা জাতিসংঘের প্রস্তাবের মধ্য দিয়ে শান্তি অর্জন করা যাবে না।গতকাল শুরু হওয়া সাধারণ পরিষদের এই অধিবেশনে মধ্যপ্রচ্যের আরব দেশগুলোর সাম্প্রতিক গণ-অভ্যুত্থান, ফিলিস্তিনিদের পূর্ণ সদস্যপদ পাওয়ার দাবি, সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক নিরাপত্তা অন্যতম আলোচ্য বিষয় হবে বলে মনে করা হচ্ছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন অনুষ্ঠানের শুরুতে তাঁর দেওয়া ভাষণে বলেন, ‘মধ্যপ্রাচ্যের একটি স্থায়ী সমাধানকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। মধ্যপ্রাচ্যের চলমান অচলাবস্থাকে আমাদের অবশ্যই ভাঙতে হবে। আমরা অনেক দিন আগেই একমত হয়েছি, ফিলিস্তিনিরা একটি রাষ্ট্র পাওয়ার যোগ্য। ইসরায়েলের প্রয়োজন নিরাপত্তা। উভয় পক্ষই শান্তি চায়। আলোচনার মাধ্যমে শান্তি অর্জনের প্রয়াস চালিয়ে যেতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে বাংলাকে অফিশিয়াল ভাষা হিসেবে ঘোষণার জন্য সাধারণ পরিষদে আবার আহ্বান জানাবেন। এ ছাড়া তিনি কালচার অব পিস প্রস্তাবের পক্ষে সমর্থন চাইবেন।চলতি বছরের ১৩ সেপ্টেম্বর ১৯৩ সদস্যের জাতিসংঘের নীতিনির্ধারণী অঙ্গের নতুন সভাপতি কাতারের আবদুল আজিজ আল নাসের ৬৫তম অধিবেশনের বিদায়ী সভাপতি সুইজারল্যান্ডের জোসেফ ডেইসের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।নবনির্বাচিত সভাপতি ইতিমধ্যে বিশেষ করে, উদ্ভূত সমস্যা সমাধানে পরিষদের কর্মকাণ্ড দক্ষ ও প্রতিনিধিত্বশীল করতে পরিষদকে পুনরুজ্জীবিত করার কথা বলেন। তিনি বলেন, এ কথা স্বীকার করতে লজ্জা নেই, ছয় দশক পর জাতিসংঘের সংস্কার প্রয়োজন। এ বছর সাধারণ পরিষদ ঐতিহাসিক হতে পারে। এ অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘের ১৯৪তম সদস্যপদের জন্য আনুষ্ঠানিক আবেদন করবেন বলে আশা করা হচ্ছে। তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বলেছে, তারা নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের সদস্যপদ লাভের আবেদনে ভেটো দেবে।শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ শেষে ২৪ সেপ্টেম্বর বিকেল চারটায় সংবাদ সম্মেলন করবেন। পরে তিনি বাংলাদেশি সম্প্রদায় আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেবেন।