সাধারণ বিনিয়োগকারীদের লভ্যাংশ আয়ের ৫ হাজার টাকা করমুক্ত
বর্তমানে শেয়ারবাজারে যেসব প্রণোদনা বিদ্যমান রয়েছে, আগামী বছরও সেসব প্রণোদনা বহাল রাখার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে নতুন করে কয়েকটি প্রণোদনাও ঘোষণা করা হয়েছে।নতুন অর্থবছরে মার্চেন্ট ব্যাংকের প্রাতিষ্ঠানিক কর হার ৫ শতাংশ কমিয়ে ৩৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। নতুন কোম্পানিকে তালিকাভুক্তিতে উত্সাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব নতুন কোম্পানি আইপিওতে পরিশোধিত মূলধনের ২০ শতাংশ শেয়ার ছাড়বে, এসব কোম্পানি সংশ্লিষ্ট বছরে ১০ শতাংশ হারে কর রেয়াদ সুবিধা পাবে।এ ছাড়া সাধারণ বিনিয়োগকারীরা প্রতিবছর যে লভ্যাংশ আয় করেন, সেই অর্থের পাঁচ হাজার টাকা পর্যন্ত করমুক্ত থাকবে।অর্থাত্, কোনো বিনিয়োগকারী যদি পাঁচ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশ আয় করেন, তাহলে ওই টাকার জন্য তাঁকে কোনো কর দিতে হবে না। এ ছাড়া পুঁজিবাজারে লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উন্নত তদারকি ব্যবস্থা স্থাপনের মাধ্যমে বাজার তদারকি আরও জোরদার করা হবে। এ ছাড়া পুঁজিবাজার সংশ্লিষ্ট মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠন করা হবে।