সাধারণ বিরোধ আদালতে আসায় মামলাজট বাড়ছে: প্রধান বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের মানসম্পন্ন বিচার নিশ্চিত করার পথে মামলাজটকে একটি বড় বাধা হিসেবে চিহ্নিত করেছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। তিনি বলেন, অনেক সাধারণ বিরোধ আছে, যা প্রাথমিক পর্যায়েই নিষ্পত্তি করা যায়। সেগুলো আদালতে আসায় মামলাজট বাড়ছে এবং বাধাগ্রস্ত হচ্ছে গুরুত্বপূর্ণ মামলার বিচারকাজ।প্রধান বিচারপতি বলেন, মধ্যস্থতা মামলাজট কমাতে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারে। আজ শুক্রবার সকালে সুপ্রিম কোর্টের এনেক্স ভবন মিলনায়তনে মধ্যস্থতা সচেতনতা নিয়ে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন। সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি ওই কর্মশালার আয়োজন করে।প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের কাছে মানুষের প্রত্যাশা, মামলার প্রকৃতি ও সময় দ্রুত পরিবর্তন হচ্ছে। মানুষ কোনো ধরনের দেরি ছাড়া সুবিচার চায়। প্রাথমিক পর্যায়ে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি করা গেলে মামলাজট কমানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ আইনের ব্যাখ্যাসম্পন্ন মামলাগুলো সঠিকভাবে পরিচালনা করা সম্ভব। সব পর্যায়ে আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও মামলাজট কমানো সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।মোজাম্মেল হোসেন আরও বলেন, ‘মামলার সংখ্যা যেভাবে বাড়ছে, সে তুলনায় আমাদের আদালত বা বিচারকের সংখ্যা বাড়ানো সম্ভব হচ্ছে না। আইনজীবীরা জানেন, আমরা বিচারকেরা জানি, বাইরে থেকে মানুষ যা-ই বলুক না কেন, এই সীমিত আদালত দিয়ে এত বিপুলসংখ্যক মামলার সমাধান করা সম্ভব নয়। সে জন্য আমাদের বিকল্প পদ্ধতি চিন্তা করতে হচ্ছে।’ কর্মশালায় প্রধান বিচারপতি সব ভয়ভীতি ও সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে সামাজিক দায়বদ্ধতা থেকে বিচারকাজ পরিচালনা করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি করতে বিচারপ্রার্থীসহ বিচারকদেরও উদ্বুদ্ধ হতে পরামর্শ দেন তিনি ।‘জুডিশিয়াল স্ট্র্রেংদেনিং (জাস্ট) প্রকল্পের পরিচালক ও জেলা জজ এস এম কুদ্দুস জামানের সঞ্চালনায় কর্মশালায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহকারী দেশীয় পরিচালক ওন ইয়ং হং, হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক, ঢাকা জেলা ও দায়রা জজ মো. আবদুল মজিদ প্রমুখ বক্তব্য দেন। এ সময় আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, ইউএনডিপি বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তার ২০১২ সালের মাঝামাঝি সময়ে জাস্ট প্রকল্পের কার্যক্রম শুরু হয়। দেওয়ানি মামলা ও আপিলের ক্ষেত্রে ন্যায়বিচার বিধানে মধ্যস্থতার উপযোগিতা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ওই কর্মশালার আয়োজন করা হয়। ঢাকায় কর্মরত বিচারক, বিচার বিভাগীয় কর্মকর্তা ও আইনজীবীসহ কর্মশালায় ২৫০ জন অংশ নেন।