সাধারণ মানুষ আদালতমুখী হচ্ছে না
বর্তমানে সারা দেশে মামলার স্তূপ জমে আছে। সে তুলনায় বিচারকের সংখ্যা অপ্রতুল। আমাদের বর্তমান বিচারপদ্ধতি সময়োপযোগী নয়। এ বিচারপদ্ধতি চালু রাখলে বিচার বিভাগ ভেঙে পড়বে। কিন্তু এ পদ্ধতি থেকে কীভাবে নিষ্কৃতি আসবে, এ বিষয়ে ভাবতে হবে। বিকল্প বিচারপদ্ধতি বা এডিআর-ব্যবস্থা প্রবর্তন করতে পারলে বিচারপ্রার্থী জনগণ সহজেই বিচার পাবে। বিকল্প বিরোধব্যবস্থা নতুন কোনো ধারণা নয়। যুগ যুগ ধরে আমাদের দেশে সালিসব্যবস্থা চালু আছে। বিশেষ করে গ্রামে সালিসির মাধ্যমে অনেক ধরনের বিরোধ নিষ্পত্তি হয়ে আসছে। এ সালিসব্যবস্থারই আধুনিক ও আইনগত রূপ হচ্ছে এডিআর-ব্যবস্থা। আমাদের দেশে আদালগুলোতে মামলার দীর্ঘসূত্রতা ও মামলাজটের কারণগুলো চিহ্নিত করতে হবে। আমাদের দেশে আদালত ও মামলার ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে। এ ঘাটতি দূর করতে বিচারকের দায়িত্ব অনেক। বিশ্বের অনেক দেশে আদালত ও মামলার ব্যবস্থাপক নিয়োগ করা হয়ে থাকে আদালতে। কোন মামলা কোন অবস্থায় আছে, পরবর্তী পদক্ষেপ কী—এ বিষয়গুলো তাঁরা পর্যবেক্ষণ করেন এবং প্রতিবেদন দেন। আমাদের দেশে এ ব্যবস্থা গড়ে ওঠেনি। এতে করে অনেক সুফল আসে সেসব দেশের আদালতে। আমাদের এখানে দুর্বল ব্যবস্থাপনা বিরাজ করছে। সব সময় দেখা যায়, যে পক্ষ দুর্বল, তারা জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়োগ দিতে পারে না। যারা একটু সচ্ছল, তারাই জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়োগ দেয়। তরুণ আইনজীবীদের নিয়োগ দেয় সাধারণত দুর্বল পক্ষ। তরুণ আইনজীবীদের ফি কম হওয়ার কারণে এমন হয়। কিন্তু অনেক মামলা তরুণ আইনজীবীরা দক্ষ না হওয়ার কারণে সঠিকভাবে আদালতে উপস্থাপন করতে পারেন না। জ্যেষ্ঠ আইনজীবীদের ফি দেওয়ার সামর্থ্য গরিব মানুষের নেই।আমাদের দেওয়ানি কার্যবিধিতে বিকল্প বিরোধের কিছু বিধান আছে। এ বিধানগুলো ফলপ্রসূ করতে সচেষ্ট হতে হবে। মামলার সমন জারিতে কেন বছরের পর বছর লাগবে? কেন এমন হচ্ছে, তা দেখার দায়িত্ব আদালতের। আদালতের উচিত কেন সমন জারিতে বিলম্ব হচ্ছে, তা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা। অনেক সময় পক্ষ দ্বারাও সমন জারিতে বিলম্ব ঘটানো হয়। এগুলো নজরে আনা উচিত। আদালত ভালোভাবে পর্যবেক্ষণ করলে সমন জারিতে এত সময় লাগার কথা নয়।মামলার দীর্ঘসূত্রতার আরেকটি প্রধান কারণ হচ্ছে মুলতবি। দিনের পর দিন মামলা মুলতবি রাখা হচ্ছে। অনেক সময় দেখা যায়, কার্যতালিকায় মামলা এলে বলা হয়, বিচারক অন্য আদালতে ব্যস্ত আছেন, মামলাটি মুলতবি হয়ে গেছে। মুলতবি-সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এ থেকে পরিত্রাণের জন্য করণীয় একটা উপায়ও বের করতে হবে। বিশ্বের অনেক দেশে বিচারপূর্ব কনফারেন্স করে একটি তালিকা বা ক্যালেন্ডার তৈরি করা হয়। মামলাটি দাখিল থেকে শুরু করে পরবর্তী সব পদক্ষেপ কখন সাক্ষ্য হবে, কখন শুনানি হবে, কখন রায় আসবে—এ তালিকা নির্ধারণ করা হয় আগেই। এতে করে মামলা মুলতবি করার সুযোগ থাকে না।ফৌজদারি মামলার ক্ষেত্রে দীর্ঘসূত্রতার প্রধান কারণ হচ্ছে, রাষ্ট্রপক্ষ যথাসময়ে সাক্ষী হাজির করতে ব্যর্থ হয়। আমাদের দেশে প্রায় ৭০ শতাংশ বন্দী রয়েছে, যাদের মামলা বিচারাধীন। জেলের মধ্যে ধারণক্ষমতার বাইরে বন্দী অমানবিক জীবনযাপন করছে।দেওয়ানি কার্যবিধিতে ৮৯ ধারায় যে এডিআর-পদ্ধতি আছে, তা কেন কাজে আসেনি—এর কারণ চিহ্নিত করতে হবে। ৮৯ (এ)(বি)আর(সি) ধারায় মামলা চলাকালীন , এমনকি আপিলেও এডিআর-ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। কিন্তু বাস্তবে কাজে আসছে না। এর একটি কারণ হচ্ছে, জ্যেষ্ঠ আইনজীবী যাঁরা এডিআর-ব্যবস্থায় অন্তর্ভুক্ত থাকেন, তাঁরা তাঁদের অন্যান্য মামলায় ব্যস্ত থাকেন। এখন যে এডিআর-পদ্ধতি প্রবর্তন করা হবে, এতে মেডিয়েটর বা মধ্যস্থতাকারী হিসেবে আইনজীবী হবেন না। আইনের ডিগ্রিধারীদের জন্য মেডিয়েটরের পদ তৈরি করে পৃথকভাবে নিয়োগ দেওয়া হবে এবং নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (জাটি) মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।অনেক আইনজীবীর মধ্যে একটি ভ্রান্ত ধারণা জন্ম হচ্ছে যে এডিআর-ব্যবস্থা কার্যকর হলে তাঁদের ফি কমে যাবে। এ ধারণা ঠিক নয়। আইনজীবীদের এ বিষয়টি গভীরভাবে বিবেচনা করতে হবে। বিচারপ্রার্থীরা পাঁচ বছরে যে সময় ও অর্থ নষ্ট করে, তা তিন মাসেই নিষ্পত্তি করতে পারবে। এতে করে আইনজীবীদের কাছে মামলার সংখ্যা বেড়ে যাবে। এখানে আইনজীবীদের আপত্তি করা উচিত নয়। অনেক সময় অনেক মানুষ আদালতে আসতেও চায় না, কারণ মামলার দীর্ঘসূত্রতা আর ভোগান্তির কথা ভেবে। এডিআর চালু হলে এ আশঙ্কা কেটে যাবে। আর বিচার পেতে আদালতমুখী হবে। অধিকাংশ মামলা-মোকদ্দমা হয়ে থাকে আত্মীয়স্বজন, অংশীদার ও প্রতিবেশীদের মধ্যে। এডিআর-পদ্ধতি থাকলে পক্ষরাই উদ্যোগ নেবে, তারা কীভাবে মামলাটি নিষ্পত্তি করতে চায়। পক্ষদেরই সুযোগ দেওয়া হবে, তারা কীভাবে মামলা নিষ্পত্তি করতে আগ্রহী। এতে অনেক সুফল আসবে।সরকার অনেক রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এ-সংক্রান্ত মামলার দীর্ঘসূত্রতার কারণে। কর বা ট্যাক্স-সংক্রান্ত মামলাগুলোতেও এডিআর-ব্যবস্থা চালু হবে। এতে করে সরকারের রাজস্ব আয় বাড়বে বহুগুণ।ফৌজদারি মামলাগুলোর ক্ষেত্রে যেগুলো তুলনামূলক কম জটিল, সেগুলো এডিআর-ব্যবস্থার আওতায় আনা হবে। এ মামলাগুলোর ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হবে। কোনো মামলা এডিআরে গেলে কোর্ট ফি ফেরত দেওয়া হবে। এ ব্যবস্থায় তাই বিচারপ্রার্থীদের কারও আপত্তি থাকার কথা নয়। জনগণকে বোঝানোর দায়িত্ব আইনজীবীদের। তাদের বোঝাতে হবে, সময় এবং আর্থিক ক্ষতি থেকে তারা মুক্তি পাবে এডিআরের ফলে। এ দায়িত্ব আইনজীবীদের নিতেই হবে। দেওয়ানি কার্যবিধির ৮৯ ধারায় যে বিধান ছিল এডিআরের তা অনেকটা ইচ্ছাধীন। এখন এটা বাধ্যতামূলক করা হবে। পারিবারিক আদালতের ১০ ধারায় এ ব্যবস্থা সংযুক্ত আছে। অর্থঋণ আদালত আইনে সংশোধনী এনে ২২ ধারায় মধ্যস্থতা চালু করা হয়েছে। এ আইনের বাধ্যতামূলক প্রয়োগ হওয়া উচিত—এ সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। আমি খুব হতাশ হয়েছি যে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট নিজেই জানে না, এ ধরনের কিছু আইন সংশোধন হয়েছে।(অনুলিখিত)