বাজেটের ঠিক আগে জীবনযাত্রা নিয়ে পান্থপথের একটি চাইনিজ রেস্তোরাঁয় কর্মরত সাহাদাত হোসেন প্রথম আলোকে বলেছিলেন, ঢাকা শহরে কোনোরকমে টিকে আছেন।বাজেট উপস্থাপনের পরে সাহাদাত হোসেনের কাছে গেলে মলিন মুখে বললেন, ‘বাজেটের দিন রাতে দু-তিনটি চ্যানেলের খবর দেখেছি। কিন্তু কোনোটাতেই বলা হয়নি জিনিসপত্রের দাম কমবে। বরং বলা হয়েছে, হোন্ডা ও ফ্রিজের দাম কমবে। এগুলোর দাম কমলে আমার কী লাভ? আমার দরকার বছর বছর যেন বাড়িভাড়া না বাড়ে, জিনিসপত্রের দাম যেন না বাড়ে, সেই ব্যবস্থা। সেটা তো পাইনি। এই বাজেট আমাকে কিছুই দেয়নি।’কিছু পাননি বলে মোটেও ঠিক করেননি সাহাদাত হোসেন। অর্থমন্ত্রী তাঁর মতো নিম্ন ও মধ্যম আয়ের মানুষকে দুই হাত ভরে দিয়েছেন করের বোঝা। আর নিত্যপণ্যের দাম বাড়ার নিশ্চয়তা। সব মিলিয়ে প্রস্তাবিত ২০১২-১৩ অর্থবছরের বাজেটে এই মানুষগুলোর খুশি হওয়ার খুব বেশি কারণ নেই।বেতনের আয় থেকে যে কয়টি টাকা বাঁচিয়ে সঞ্চয় করার নিরন্তর চেষ্টায় রত থাকে নিম্ন আয়ের মানুষ, সেই জমার ওপরই সরকার বসিয়ে দিয়েছে করের বোঝা। বাড়েনি করমুক্ত আয়ের সীমাও। উল্টো বাড়ানো হয়েছে ন্যূনতম করের পরিমাণ।প্রস্তাবিত বাজেটে জ্বালানি খাতের ভর্তুকি কমিয়ে দেওয়ায় সামনের দিনগুলোতে বাড়বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম। ফল হিসেবে পণ্যের দাম বাড়বে। পরিবহন খাতের অস্থিরতা আরও বাড়বে।এখানেই শেষ নয়। খুচরা ব্যবসায়ীদের এখন থেকে নতুন হারে কর দিতে হবে। ফলে পাইকারি পর্যায়ে যা-ই থাকুক না কেন, খুচরা পর্যায়ে দাম বাড়িয়ে দেবেন তাঁরা। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি কাজী ফারুক প্রথম আলোকে বলেন, সাধারণ মানুষের কথা চিন্তাই করা হয়নি বাজেটে। তাদের অসহায়ত্ব দূর করার কোনো দিকনির্দেশনাই দেওয়া হয়নি। এর মধ্য দিয়ে সরকার ধার-কর্জনির্ভর অর্থনীতিকে আরও উৎসাহী করছে।বাড়বে করের বোঝা: আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা এক লাখ ৮০ হাজার টাকা থেকে বাড়ানো হয়নি। ঢাকা শহরে নিম্নমানের বাসার ভাড়াও সাত থেকে আট হাজার টাকা। আর একটু ভালোভাবে থাকতে চাইলে ব্যয় করতে হবে ১০ থেকে ১৫ হাজার টাকা। যাতায়াত খরচ আছে। সন্তানদের শিক্ষার ব্যয়ও কম নয়।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, গত মে মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ১৫ শতাংশ। অর্থাৎ আগে ১০০ টাকায় যে পণ্য কিংবা সেবা পাওয়া যেত, মে মাসে তা কিনতে ব্যয় হয়েছে ১০৯ টাকার বেশি।ঢাকার একটি সরকারি কলেজের শিক্ষক প্রথম আলোকে বলেন, বাজেটে ন্যূনতম করের পরিমাণ বাড়ানো হয়েছে। কিন্তু আয়টা আসবে কোথা থেকে, সেটা বলা হয়নি। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বাজেট বিশ্লেষণ করে বলেছে, ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির বাজারে ন্যূনতম কর বাড়ানো সামাজিক ন্যায়ের পরিপন্থী। এর মাধ্যমে কম আয়ের মানুষকেও করের আওতায় নিয়ে আসা হচ্ছে।কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) না থাকলে ব্যাংকে জমা রাখা টাকার ওপর মানুষ যে সুদ পায়, তার ওপর এখন থেকে ১৫ শতাংশ কর হিসেবে কেটে নেওয়া হবে। আগে কাটা হতো ১০ শতাংশ। ফলে নিম্ন আয়ের মানুষের ক্ষুদ্র সঞ্চয়ের ওপরও বাড়ল করের বোঝা।উৎসে কর কেটে নেওয়ার বিষয়টি জানেন না বাড্ডায় বসবাসকারী আসমা-উল-হুসনা। বুঝিয়ে বলার পর তিনি বলেন, ‘আমাদের এখানে এলাকাবাসী নিজেরাই সমিতি করে টাকা রাখে। আমারও ছোট একটা অ্যাকাউন্ট আছে। ব্যাংকে টাকা রাখলে যদি আমার লাভই কেটে রাখে, তাহলে এই সমিতিতে টাকা রাখাই ভালো।’নিত্যপণ্যের বাজার হবে আরও অস্থির: মহাখালীতে কথা হয় রিকশাচালক আক্কাসের সঙ্গে। তাঁর কাছে বাজেট মানেই নিত্যপণ্যের দাম বাড়া-কমা। জানালেন, ‘বাজেটে কি জিনিসপত্রের দাম কমব? এইডা হইলেই খুশি।’কিন্তু তাঁর যথেষ্ট খুশি হওয়ার কারণ নেই। কারণ, প্রস্তাবিত বাজেটে ছোট বিক্রেতাদের মূসক দেওয়ার প্যাকেজ ব্যবস্থা উঠিয়ে ৪ শতাংশ হারে মূসক আরোপের প্রস্তাব করা হয়েছে। আগে এলাকাভেদে ছোট দোকানদারেরা বছরে এক হাজার ৮০০ থেকে ছয় হাজার টাকা হারে মূসক দিতেন, এখন তাঁদের সারা বছরের বিক্রির ওপর ৪ শতাংশ মূসক দিতে হবে। এতে পণ্যের দাম আরও বাড়বে। এ ছাড়া সম্পূরক শুল্ক আরোপ করায় বাড়বে সব ধরনের পোশাকের দামও।চলতি অর্থবছরের বাজেটে জ্বালানি খাতে ভর্তুকির পরিমাণ ছিল নয় হাজার কোটি টাকা। তবে প্রস্তাবিত বাজেটে জ্বালানি খাতের ভর্তুকি কমিয়ে ছয় হাজার ২০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে সামনের দিনগুলোতে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম আরও সমন্বয় করতে হবে। অর্থাৎ বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম সামনের দিনগুলোতে আরও বাড়বে।আর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়ে না—এমন কোনো খাত নেই। এর ফলে পণ্য পরিবহন ব্যয় আগের চেয়ে বেড়ে যাবে। আর বিদ্যুতের দাম বাড়ানো হলে বেড়ে যাবে পণ্যের উৎপাদন ব্যয়। এর প্রভাব গিয়ে পড়বে পণ্যমূল্যের ওপর।বাড়িভাড়া ও পরিবহন খাতে সুখবর নেই: চাকরিজীবী মানুষগুলোর বেতনের অর্ধেকই খেয়ে ফেলে বাড়িভাড়া। এটি যদি স্থির থাকত তাহলেও কথা ছিল। বাড়িভাড়া বাড়ছে বছর বছর। অথচ, বাড়িভাড়ার ওপর নিয়ন্ত্রণ আরোপের কোনো চিন্তাই করা হয়নি প্রস্তাবিত বাজেটে।পরিবহন খাতের নৈরাজ্য তো আছেই। সরকার জ্বালানি তেলের দাম এক গুণ বাড়ায় তো পরিবহন মালিকেরা ভাড়া বাড়ান তিন গুণ। তার ওপর প্রস্তাবিত বাজেট বিশ্লেষণ করে গবেষকেরা বলছেন, সামনের দিনগুলোতে যদি জ্বালানি তেলের দাম আরও বাড়ে, তাহলে পরিবহন খাতের ভাড়া আরও বেড়ে যাবে। এতে ভোগান্তিও কয়েক গুণ বাড়বে।ক্যাবের সভাপতি কাজী ফারুক বলেন, ‘অবাক হয়েছি, বাজেট বক্তৃতায় বাড়িভাড়ার বিষয়ে একটি শব্দও বলা হয়নি। অথচ, এটা ঢাকার মানুষের সবচেয়ে বড় সমস্যা।’