চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পরিবর্তন হচ্ছে। ওই পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে শেখ মোহাম্মদ মহিউদ্দিনকে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক সাংসদ গাজী শাহজাহান জুয়েল। ইতিমধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ বিষয়ে কেন্দ্রে সুপারিশ করেছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব দু-এক দিনের মধ্যে এই সুপারিশ অনুমোদন করতে পারেন। মহিউদ্দিনকে সরিয়ে দেওয়ার পেছনে জামায়াতের হাত রয়েছে বলে বিএনপির অনেক নেতা-কর্মী অভিযোগ করেন।বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার প্রথম আলোকে বলেন, ‘চেয়ারপারসনের নির্দেশে আমরা ঢাকায় কয়েক দফা বৈঠক করেছি। বৈঠকে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে মহিউদ্দিনকে সরিয়ে গাজী শাহজাহানকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছি। এ ছাড়া দক্ষিণ জেলা বিএনপির কমিটি সম্প্রসারণ করে ১৫১ জনের নাম আমরা মহাসচিবের অনুমোদনের জন্য পাঠিয়েছি। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকালের মধ্যে তা অনুমোদন দিতে পারেন।’গোলাম আকবর আরও বলেন, খালেদা জিয়ার নির্দেশে বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম, গাজী শাহজাহান ও সরওয়ার জামাল নিজাম।এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও গতকাল শেখ মহিউদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি। গাজী শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান।শেখ মহিউদ্দিনকে কমিটি থেকে বাদ দেওয়ার সুপারিশের খবরে দক্ষিণ জেলা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে সাতকানিয়ায় বিএনপির কর্মকাণ্ড স্থবির হয়ে পড়তে পারে বলে দলীয় নেতা-কর্মীরা আশঙ্কা করছেন।সম্প্রতি অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভা নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী মেয়র পদে বিপুল ভোটে জয়ী হন। জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত ওই এলাকায় জামায়াত-সমর্থিত প্রার্থী হন তৃতীয়। বিএনপির এই অগ্রগতি শেখ মহিউদ্দিনের কারণে হয়েছে বলে নেতা-কর্মীরা মনে করেন।পটিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘চট্টগ্রাম জামায়াতের কাছে বিএনপি বন্দী হয়ে যাচ্ছে। এক-এগারোর সময় জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে বিএনপির যে চারজন নেতা-কর্মী রাঙ্গুনিয়ায় যান, তাঁদের একজন ছিলেন শেখ মহিউদ্দিন। আর কোনো নেতাকে সেদিন মাঠে দেখা যায়নি। তাঁর বিচক্ষণতায় সম্প্রতি সাতকানিয়া পৌরসভা নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী বিপুল ভোটে জয়ী হন। এটি জামায়াত মেনে নিতে পারেনি। এ কারণে মহিউদ্দিনকে সরিয়ে দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ জেলা বিএনপির মাঠপর্যায়ের একাধিক নেতা প্রথম আলোকে বলেন, তৃণমূল নেতাদের মতামত উপেক্ষা করে অন্য একজনকে কমিটিতে চাপিয়ে দেওয়া হলে সংগঠনের মধ্যে অস্থিরতা বাড়বে। এতে লাভবান হবে জামায়াত।দলীয় সূত্র জানায়, গত বছরের মার্চে দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন হয়। সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরের ভোটে শেখ মহিউদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সভাপতি নির্বাচিত হন সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী।বিগত সংসদ নির্বাচনে সাতকানিয়া-লোহাগাড়া থেকে জামায়াতের প্রার্থী জয়ী হন। চারদলীয় জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচন করায় সেখানে বিএনপি কোনো প্রার্থী দেয়নি। তবে ওই নির্বাচনে আওয়ামী লীগের পাশাপাশি এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ প্রার্থী ছিলেন। স্থানীয় কর্মী-সমর্থকেরা অভিযোগ করেন, জামায়াতের কূটকৌশলের কারণে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর কর্নেল অলিকে বিএনপি ছাড়তে হয়। তাঁর বিদায়ের পর সাতকানিয়ায় বিএনপির রাজনীতি এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন মহিউদ্দিন। সম্প্রতি পৌর নির্বাচনে বিএনপি এর ফলও পেয়েছে।