সান পেদ্রো দখলে নিয়েছে ওয়াতারা বাহিনী
আইভরি কোস্টে প্রেসিডেন্টের প্রতিদ্বন্দ্বী আলাসেন ওয়াতারার অনুগত বাহিনী আজ বৃহস্পতিবার সান পেদ্রো শহর দখলে নিয়েছে। সান পেদ্রো একটি বন্দরনগর এবং কোকো রপ্তানির জন্য প্রসিদ্ধ। ওয়ারাতা বাহিনী ও শহরটির বাসিন্দাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।ওয়াতারা বাহিনীর সামরিক মুখপাত্র সেদু ওয়াতারা বার্তা সংস্থাকে বলেন, ‘আমরা সান পেদ্রোর নিয়ন্ত্রণে নিয়েছি। বাগবোর অনুগত বাহিনীর সবাই শহর থেকে পালিয়েছে।’সান পেদ্রোর বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, গতকাল বুধবার রাতভর শহরে গোলাগুলির শব্দ শোনা গেছে। আজ শহরের পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে আসছে। ওয়াতারার অনুগতরা শহরে টহল দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, গতকাল বুধবার স্থানীয় সময় রাত নয়টায় (গ্রিনিচ মানা সময় ২১টা) গোলাগুলি শুরু হয়। তখন ওয়াতারা বাহিনীর যানগুলো শহরে প্রবেশ করে। সবাই ঘরের মধ্যে অবস্থান করছে। গত কয়েক দিন ধরে ওয়াতারার অনুগতরা বেশ কয়েকটি শহরের দখল নেয়। গতকাল তারা দাপ্তরিক রাজধানী ইয়ামৌসুকরো শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। ওয়াতারার প্রধানমন্ত্রী গিওম সোরো ফরাসি রেডিওকে বলেন, শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা ত্যাগ করতে বাগবোর হাতে মাত্র কয়েক ঘণ্টা সময় রয়েছে।গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা দেখা দেয়। আন্তর্জাতিক মহল নির্বাচনে ওয়াতারাকে বিজয়ী হিসেবে দেখলেও ক্ষমতা হস্তান্তর করতে রাজি হচ্ছেন না প্রেসিডেন্ট লরা বাগবো। এমনকি আফ্রিকান ইউনিয়ন ও পশ্চিমাদের অব্যাহত চাপের মুখেও তিনি গোঁ ধরে আছেন। জাতিসংঘের মতে, অচলাবস্থার পর থেকে সহিংসতায় অন্তত ৪৭২ জন নিহত হয়েছে। মানবিক পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। শুধু বাণিজ্যিক রাজধানী আবিদজানের ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।