সানবীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সাফায়েত সোবহান সানবীরসহ পাঁচজন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। একই সঙ্গে আদালত এ মামলায় ৩১ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম অভিযোগ গঠন করে এ তারিখ ধার্য করেন।সাব্বির (৩০) বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক ছিলেন। ২০০৬ সালের ৪ জুলাই রাতে তিনি খুন হন।এ খুনের মামলার আসামি সানবীর, নূরে আলম ও হুমায়ুন কবির পলাতক আছেন। তাঁদের বিরুদ্ধে ১০ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল।২০০৬ সালের ৪ জুলাই রাতে খুন হন সাব্বির। পরের দিন সকালে গুলশানের একটি বাসার নিচতলার দেয়ালের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক সামসুদ্দিন আহমেদ গুলশান থানার পুলিশকে ফোনে জানান, ওপর থেকে নিচে পড়ে সাব্বির মারা গেছেন। কিন্তু লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গুলশান থানায় হত্যা মামলা করা হয়। আসামি সানবীর তত্কালীন বিএনপি সরকারের উচ্চমহলের সঙ্গে যোগসাজশে বিদেশে চলে যান বলে অভিযোগ আছে। ২০০৮ সালের ৮ মে সিআইডি সাব্বির হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সানবীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।