সানবীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সাফায়েত সোবহান সানবীরসহ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম এ অভিযোগ গঠন করেন। ৩১ জানুয়ারি এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত।রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি রফিকুল ইসলাম আদালতকে বলেন, সাব্বির (৩০) বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক ছিলেন। ২০০৬ সালের ৪ জুলাই রাতে তিনি খুন হন। আসামিরা পরস্পর যোগসাজশে সাব্বিরকে হত্যা করেন এবং মামলার আলামত নষ্ট করার চেষ্টা করেন। তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করার যথেষ্ট উপাদান রয়েছে। এ সময় আদালতে হাজির আসামি সামসুদ্দিন ও উজ্জ্বলের পক্ষে তাঁদের অব্যাহতি চেয়ে আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।এ খুনের মামলার আসামি সানবীর, নূরে আলম ও হুমায়ুন কবির পলাতক আছেন। তাঁদের বিরুদ্ধে ১০ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। পলাতক তিন আসামির বিরুদ্ধে পরোয়ানা জারির পরও আসামিরা আত্মসমর্পণ না করায় আদালত তাঁদের অনুপস্থিতিতেই বিচারকাজ শুরু করেন।২০০৬ সালের ৪ জুলাই রাতে খুন হন সাব্বির। পরের দিন সকালে গুলশানের একটি বাসার নিচতলার দেয়ালের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক সামসুদ্দিন আহমেদ গুলশান থানার পুলিশকে ফোন করে জানান, ওপর থেকে নিচে পড়ে সাব্বির মারা গেছেন। কিন্তু লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গুলশান থানায় হত্যা মামলা করা হয়। আসামি সানবীর তৎকালীন বিএনপি সরকারের উচ্চমহলের সঙ্গে যোগসাজশে বিদেশে চলে যান বলে অভিযোগ আছে।সূত্র জানায়, ২০০৮ সালের ৮ মে সিআইডি সাব্বির হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সানবীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আসামিপক্ষ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। তবে আসামিপক্ষ মামলার কার্যক্রম স্থগিতসংক্রান্ত আদেশ দাখিল করতে না পারায় আদালত ১০ জানুয়ারি পলাতক আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।উল্লেখ্য, এ মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, খুনের ঘটনা ধামাচাপা দিতে আহমেদ আকবর সোবহান বসুন্ধরা গ্রুপের পরিচালক আবু সুফিয়ানের মাধ্যমে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের দ্বারস্থ হয়েছিলেন। বাবর এ হত্যা মামলা ধামাচাপা দিতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের কাছে ১০০ কোটি টাকা দাবি করেন। সর্বশেষ ৫০ কোটি টাকায় বিষয়টি রফা হয়। এর ২১ কোটি টাকা অগ্রিম প্রদান করেন। এর মধ্যে এক কোটি টাকা হাওয়া ভবনে তারেক রহমানের এপিএস নূর উদ্দিন অপুর কাছে পৌঁছে দেন আবু সুফিয়ানের গাড়ির চালক। এরপর বাবরের সহায়তায় মামলার আসামি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সানবীর দেশ থেকে পালিয়ে যান। সিআইডি এ মামলার অভিযোগপত্রে খুনের মামলা ধামাচাপা দিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ২১ কোটি টাকা ঘুষ নেওয়ার বিষয়টি উল্লেখ করেন। তবে এ মামলায় বাবর ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে অভিযুক্ত করা হয়নি। ঘুষ নেওয়ার অভিযোগে বাবরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে একটি মামলা করেছে। এ ছাড়া প্রভাব খাটিয়ে আসামিদের বাঁচাতে সাহায্য করার অভিযোগ এনে বাবর ও আহমেদ আকবর সোবহানসহ চারজনের বিরুদ্ধে রমনা থানায় সিআইডির পক্ষ থেকে আরেকটি মামলা করা হয়। খুনের মামলার অভিযোগপত্রে এ দুটি মামলার কথা উল্লেখ রয়েছে।