সানাইয়ের সুরে পর্দা উঠল উচ্চাঙ্গসংগীত উত্সবের
সন্ধ্যা উতরে গেছে। হেমন্তের কুয়াশার সঙ্গে অন্ধকার মিশে সমাচ্ছন্ন হয়ে আসে পরিবেশ। থেকে থেকে বইছে হিমেল হাওয়া। সে হাওয়ায় ভাসছে সানাইয়ের সম্মোহনী সুর। মঞ্চে সেই সুর তুলেছেন ওস্তাদ আলী আহমেদ হোসেন খাঁ। সানাই উত্সবের বাদ্য। আজ বৃহস্পতিবার ঢাকায় আর্মি স্টেডিয়ামে সানাইবাদন দিয়েই পর্দা উঠল চার দিনের ‘বেঙ্গল-আইটিসি এসআরএ ক্ল্যাসিকাল মিউজিক ফেস্টিভ্যাল’ শীর্ষক সংগীত উত্সবের। পুরো উত্সব উত্সর্গ করা হয়েছে ওস্তাদ আলাউদ্দিন খাঁকে।উদ্বোধনী দিনের অধিবেশনটি উত্সর্গ করা হয়েছে সংগীতসাধক ওয়াহিদুল হককে। বেঙ্গল ফাউন্ডেশন ও ভারতের আইটিসি সংগীত রিসার্চ একাডেমি আয়োজিত এ উত্সবের প্রধান সহযোগী ‘প্রথম আলো’। এ ছাড়া সহযোগিতায় রয়েছে ‘দ্য ডেইলি স্টার’ ও মাছরাঙ্গা টেলিভিশন। আয়োজনের শুরুতে বাংলাদেশের সংগীতের ইতিহাস ও ঐতিহের ধারাবাহিকতা তুলে ধরা হয় আলো, শব্দ ও ছবির মাধ্যমে। এরপর উদ্বোধনের আনুষ্ঠানিকতা। আশুলিয়ার পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে এ পর্ব শুরু হয়। উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি বলেন, সংগীত জীবনের অংশ। যে সংগীত জীবনকে ধারণ করে, এ উত্সবের মধ্য দিয়ে শ্রোতারা তা পাবেন। বাংলাদেশে ভারতের হাইকমিশনার পঙ্কজ শরন বলেন, দুটি মানুষের হূদয় এক হলে সীমান্ত তাতে বিভেদ করতে পারে না। এ উত্সবের মধ্য দিয়ে দুটি দেশের মানুষের হূদয়ানুভূতি একাত্ম হয়েছে। পণ্ডিত অজয় চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশে এসে আমার মনে হয়েছে, এখানে তরুণ প্রজন্মের অনেকেই আছেন, যাঁরা ভালো করে গান শিখলে বিশ্বের সেরা গাইয়ে হতে পারবেন।’সংগীত রিসার্চ একাডেমির নির্বাহী পরিচালক রবি মাথুর বলেন, বেঙ্গল ফাউন্ডেশনের সঙ্গে চুক্তির আওতায় ঢাকায় এ উত্সবের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এখানকার শিল্পীদের প্রশিক্ষণও দেওয়া হবে। সভাপতির ভাষণে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান উচ্চাঙ্গসংগীতের ক্রমবিকাশের ইতিহাস তুলে ধরে বলেন, হিন্দু ও মুসলমানের মিলিত প্রয়াসে উপমহাদেশের উচ্চাঙ্গসংগীত বিকশিত হয়েছে। এর আগে স্বাগত ভাষণে বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের বলেন, নতুন প্রজন্মকে উচ্চাঙ্গসংগীতের চর্চায় আগ্রহী করতে এবং শ্রোতা সৃষ্টির লক্ষ্যে এই উত্সবের আয়োজন করা হয়েছে। উত্সব উপলক্ষে আর্মি স্টেডিয়াম সাজানো হয়েছে বর্ণাঢ্য সাজে। মাঠের মাঝখানে উত্তর-দক্ষিণে লম্বা বিশাল মঞ্চ। দক্ষিণ পাশে ওস্তাদ আলাউদ্দিন খাঁ, আলী আকবর খাঁ, পণ্ডিত উদয় শঙ্কর, পণ্ডিত রবি শঙ্কর, বাহাদুর হোসেন খাঁসহ ১০০ গুণী শিল্পী ও সংগীতের পৃষ্ঠপোষকদের ছবির প্রদর্শনী। মঞ্চের পূর্ব পাশে লম্বা ছাউনি ফেলে করা হয়েছে হালকা খাবারের ব্যবস্থা। রাতভর চলবে অনুষ্ঠান। কাজেই এমন ব্যবস্থাপনার প্রয়োজন ছিল।গান শুনতে এসে চাইলে পছন্দের বইটিও কিনতে পারবেন গ্রন্থানুরাগীরা। রয়েছে প্রথমা প্রকাশনী ও ‘ডেইলি স্টার’-এর বইয়ের স্টল। আলোচনাপর্বের পর শুরু হয় ওস্তাদ আলী আহমেদ হোসেন খাঁর সানাইবাদন। তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। শুরুতে ১০ মিনিটের আলাপ, এরপর মধ্যলয় ও দ্রুত তিন তালের বাদনে সুরের ইন্দ্রজাল বুনেছেন ৪২ মিনিট ধরে। শিল্পীর সঙ্গে তবলায় সঙ্গত করেন পণ্ডিত সমর সাহা।