সানাইয়ের সুরে পর্দা উঠল উত্সবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেল গড়িয়ে কেবল সন্ধ্যা নেমেছে। হেমন্তের কুয়াশার সঙ্গে অন্ধকার মিশে সমাচ্ছন্ন হয়ে আসে পরিবেশ। থেকে থেকে বইছে হিমেল হাওয়া। সে হাওয়ায় ভাসছে সানাইয়ের সম্মোহনী সুর। মঞ্চে সেই সুর তুলেছেন ওস্তাদ আলী আহমেদ হোসেন খান। সানাই উত্সবের বাজনা। গতকাল বৃহস্পতিবার আর্মি স্টেডিয়ামে সানাই বাদন দিয়েই পর্দা উঠল চার দিনের বেঙ্গল-আইটিসি সংগীত রিসার্চ একাডেমির উচ্চাঙ্গসংগীত উত্সবের। উত্সব উত্সর্গ করা হয়েছে বাবা ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। উদ্বোধনী দিনের অধিবেশনটি উত্সর্গ করা হয়েছে সংগীতসাধক ওয়াহিদুল হককে। বেঙ্গল ফাউন্ডেশন ও ভারতের আইটিসি সংগীত রিসার্চ একাডেমি আয়োজিত এই উত্সবের প্রধান সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো। এ ছাড়া সহযোগিতায় রয়েছে দ্য ডেইলি স্টার ও মাছরাঙা টেলিভিশন। আয়োজনের শুরুতে বাংলাদেশের সাংগীতিক ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিকতা তুলে ধরা হয় আলো, শব্দ ও ছবির মাধ্যমে। এরপর উদ্বোধনের আনুষ্ঠানিকতা। আশুলিয়ার পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে এ পর্ব শুরু হয়। উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি বলেন, ‘সংগীত জীবনের অংশ। জীবনকে ধারণ করে যে সংগীত, এই উত্সবের মধ্য দিয়ে শ্রোতারা তা পাবেন। উপমহাদেশের প্রখ্যাত শিল্পীরা বিভিন্ন ঘরানা ও রাগের সংগীত পরিবেশন করবেন। আমাদের দেশের শ্রোতাদের জন্য এটি একটি বড় সুযোগ।’ বাংলাদেশে ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন বলেন, ‘দুটি মানুষের হূদয় এক হলে সীমান্ত তাতে বিভেদ তৈরি করতে পারে না। এই উত্সবের মধ্য দিয়ে দুটি দেশের মানুষের হূদয়ানুভূতি একাত্ম হয়েছে।’ পণ্ডিত অজয় চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশে এসে আমার মনে হয়েছে, এখানে তরুণ প্রজন্মের অনেকই আছেন, যাঁরা ভালো করে গান শিখলে বিশ্বের সেরা গাইয়ে হতে পারবেন।’ সংগীত রিসার্চ একাডেমির নির্বাহী পরিচালক রবি মাথুর বলেন, ‘বেঙ্গল ফাউন্ডেশনের সঙ্গে চুক্তির আওতায় ঢাকায় এই উত্সবের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এখানকার শিল্পীদের প্রশিক্ষণও দেওয়া হবে।’ সভাপতির ভাষণে আনিসুজ্জামান উচ্চাঙ্গসংগীতের ক্রমবিকাশের ইতিহাস তুলে ধরে বলেন, হিন্দু ও মুসলমানের মিলিত প্রয়াসে উপমহাদেশের উচ্চাঙ্গসংগীত বিকশিত হয়েছে। এর আগে স্বাগত ভাষণে বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের বলেন, নতুন প্রজন্মকে উচ্চাঙ্গসংগীত চর্চায় আগ্রহী করা এবং শ্রোতা সৃষ্টির লক্ষ্যে এই উত্সবের আয়োজন করা হয়েছে। উত্সব উপলক্ষে আর্মি স্টেডিয়ামকে সাজানো হয়েছে বর্ণাঢ্য সজ্জায়। মাঠের মাঝখানে উত্তর-দক্ষিণে লম্বা বিশাল মঞ্চ। দক্ষিণ পাশে ওস্তাদ আলাউদ্দিন খাঁ, আলী আকবর খাঁ, পণ্ডিত উদয় শঙ্কর, পণ্ডিত রবিশঙ্কর, বাহাদুর হোসেন খাঁসহ ১০০ গুণী শিল্পী ও সংগীতের পৃষ্ঠপোষকদের ছবির প্রদর্শনী। মঞ্চের পূর্ব পাশে লম্বা ছাউনি ফেলে হালকা খাবারের ব্যবস্থা। রাতভর চলবে অনুষ্ঠান। কাজেই এই ব্যবস্থাপনাটির প্রয়োজন ছিল। গান শুনতে এসে চাইলে পছন্দের বইটিও কিনতে পারবেন গ্রন্থানুরাগীরা। রয়েছে প্রথমা প্রকাশন ও ডেইলি স্টার-এর বইয়ের স্টল।আলোচনা পর্বের পরে শুরু হয় ওস্তাদ আলী আহমেদ হোসেন খাঁর সানাই বাদন। তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। শুরুতে ১০ মিনিটের আলাপ, এরপর মধ্যলয় ও দ্রুত তিনতালের বাদনে সুরের ইন্দ্রজাল বুনেছেন ৪২ মিনিট ধরে। শিল্পীর সঙ্গে তবলায় সংগত করেন পণ্ডিত সমর সাহা।এই প্রতিবেদন লেখা পর্যন্ত উত্সব চলছিল পুরোদমে। স্টেডিয়াম-পূর্ণ দর্শক-শ্রোতা মুগ্ধ হূদয়ে উপভোগ করছিলেন উত্সব।