সানাউল্লাহ নূর হত্যা মামলা: ২৭ আসামি কারাগারে
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা সানাউল্লাহ নূর ওরফে বাবু হত্যা মামলার ২৭ আসামিকে আজ রোববার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।আজ দুপুরে শুনানির জন্য ওই আসামিরা বড়াইগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হাসানের আদালতে হাজির হলে শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন। পরে আসামিদের অতিরিক্ত পুলিশপ্রহরায় নাটোর জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে আসামিরা হাইকোর্ট থেকে বিভিন্ন মেয়াদে জামিনে ছিলেন।আদালত পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে ১২টার দিকে সানাউল্লাহ নূর হত্যা মামলার প্রধান আসামি বনপাড়া পৌরসভার মেয়র ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি কে এম জাকির হোসেনসহ ২৭ আসামি আদালতে হাজির হন। আদালতে আসামিপক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। এ সময় বাদীপক্ষে সরকারের নিযুক্ত আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) এস এম জামান আসামিদের আবেদনের কোনো বিরোধিতা করেননি। শুনানির একপর্যায়ে আদালত দুপুর সাড়ে ১২টায় সব আসামিকে আদালতের হেফাজতে রাখার নির্দেশ দেন এবং নথি পর্যালোচনা করে পরে আদেশ দেওয়া হবে বলে জানান। পরে বিকেল সাড়ে পাঁচটায় আদালত আসামিপক্ষের আবেদন নামঞ্জুর করে ওই ২৭ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এদিকে মামলার এজাহারকারী নিহত সানাউল্লাহ নূরের স্ত্রী মহুয়া নূর বলেছেন, ‘আমি ও আমার সন্তানেরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। ব্যক্তিগত আইনজীবী নিয়োগ দেওয়ার মতো আর্থিক সচ্ছলতাও নাই। তাই আমি বা আমার কোনো আইনজীবী আদালতে রাখতে পারিনি। তবে সরকারের নিযুক্ত ব্যক্তিদের ওপর ভরসা করেছিলাম। কিন্তু তাদের নীরবতা আমাকে হতাশ করেছে।’এ প্রসঙ্গে আদালত পুলিশের নিযুক্ত এসআই এস এম জামান বলেন, ‘আদালত আমার কাছে কিছু শুনতে চাননি। তাই কিছু বলা হয়নি।’প্রসঙ্গত, গত বছর ৮ অক্টোবর সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরে সানাউল্লাহ নূর ওরফে বাবুকে দুর্বৃত্তরা প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় তাঁর স্ত্রী মহুয়া নূর বাদী হয়ে বনপাড়া পৌরসভার বর্তমান মেয়র ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম জাকির হোসেনসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেন।