সানাউল্লাহ নূর হত্যা মামলার তিন আসামি ঢাকায় গ্রেপ্তার
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ নূর হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থেকে তাঁদের গ্রেপ্তার করে। তাঁরা তিনজনই যুবলীগের কর্মী বলে জানা গেছে। নাটোর জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল শেরেবাংলা নগরের একটি রাস্তা থেকে সানাউল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আশরাফুল ইসলাম ওরফে মিঠু, বাদশা ও লুত্ফরকে গ্রেপ্তার করে। এই তিনজনের মধ্যে লুত্ফরের ছবি হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজে দেখা গেছে। তাঁদের সবার বাড়ি বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা গ্রামে। নাটোর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান আজ রাত পৌনে নয়টার দিকে তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তাঁরা কয়েক দিন ধরে ঢাকায় অবস্থান করে মামলার তিন আসামির অবস্থান সম্পর্কে নিশ্চিত হন। তাঁদের নাটোরে আনার প্রস্তুতি চলছে। গত ৮ অক্টোবর সকালে সন্ত্রাসীরা বিএনপির নেতা বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ মামলায় ইতিমধ্যে রাসেল ওরফে রাপ্পু নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে ঢাকার শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন প্রথম আলোকে বলেন, নাটোরের পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।