সানাউল্লাহ হত্যা মামলার ২৩ আসামির জামিন (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা সানাউল্লাহ নূর ওরফে বাবু হত্যা মামলার ২৭ আসামির মধ্যে ২৩ জনকে জামিন দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার নাটোরের অবকাশকালীন দায়রা জজ হোসেন শহীদ আহমেদ তাঁদের জামিনের আদেশ দেন। গত ২০ নভেম্বর নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম-৩ আদালতে আসামিরা আত্মসমর্পণ করলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।নিহত সানাউল্লাহর স্ত্রী মহুয়া নূরের অভিযোগ, তিনি বাদীপক্ষে আইনজীবী নিয়োগের আবেদন করলেও জেলা প্রশাসক তাতে সম্মতি দেননি।আদালত সূত্রে জানা যায়, আজ অবকাশকালীন দায়রা জজ আদালতে সানাউল্লাহ নূরের হত্যা মামলার ২৭ আসামির জামিনের শুনানি হয়। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী (জেলা আওয়ামী লীগের সভাপতি) সাজেদুর রহমান খান, আরিফুল ইসলাম ও সাজেদুর রহমান চৌধুরীসহ বেশ কয়েকজন অংশ নেন। তাঁরা আদালতকে জানান, এটা রাজনৈতিক হত্যাকাণ্ড। প্রতিপক্ষ দলের ইন্ধনে অহেতুক অনেককে আসামি করা হয়েছে। আসামিরা এর আগে হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত ছিলেন। তাঁরা জামিন পাওয়ার হকদার।পক্ষান্তরে বাদীপক্ষে সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী মোজাম্মেল হোসেন মন্টু জামিন আবেদনের বিরোধিতা করেন। মোজাম্মেল হোসেন মন্টু আদালতকে জানান, এটা সাড়াজাগানো মামলা। আসামিরা প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে হত্যা করেছেন। আসামিরা কে, কীভাবে তাঁকে হত্যা করেছেন, তার ভিডিও ও আলোকচিত্র রয়েছে। এই জঘন্য হত্যা মামলায় আসামিরা জামিনে মুক্তি পেলে তদন্ত ব্যাহত হবে। এ ছাড়া আসামিরা যে সময়ের জন্য এর আগে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন, তার মেয়াদও শেষ হয়েছিল। তাই তাঁরা জামিন পেতে পারেন না।শুনানি শেষে বেলা দেড়টায় অবকাশকালীন দায়রা জজ (রাজশাহীর জেলা ও দায়রা জজ) হোসেন শহীদ আহমেদ জামিনের আদেশ পরে দেওয়ার কথা জানান। বিকেল সাড়ে চারটায় খাসকামরা থেকে জামিনের আদেশ দেওয়া হয়। এতে আসামি কে এম জামিল হোসেন, মোয়াজ্জেম হোসেন, সেলিম হোসেন ও হাসেম আলীর জামিনের আবেদন নামঞ্জুর করা হয়। মামলার প্রধান আসামি কে এম জাকির হোসেনসহ ২৩ জনের জামিন মঞ্জুর করা হয়।আসামিপক্ষের আইনজীবী সাজেদুর রহমান চৌধুরী এ আদেশে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমরা ন্যায়বিচার পেয়েছি।’ তবে বাদীপক্ষের আইনজীবী মোজাম্মেল হোসেন বলেন, ‘আমরা ব্যথিত হয়েছি। আমরা এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’বাবুর স্ত্রী মহুয়া নূর আজ সন্ধ্যায় আদালতে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। আজ থেকে আমি ও আমার সন্তানেরা আবারও নিরাপত্তাহীনতায় পড়লাম। আমরা বিচার পাব বলে মনে হচ্ছে না।’গত বছরের ৮ অক্টোবর বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরে সানাউল্লাহ নূর ওরফে বাবুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী মহুয়া নূর বাদী হয়ে বনপাড়া পৌরসভার বর্তমান মেয়র ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম জাকির হোসেনসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আহম্মদ আলী মামলাটি তদন্ত করছেন।সানাউল্লাহ নূর হত্যাকাণ্ডের ভিডিও চিত্রটি দেখুন