সানায় প্রতিদ্বন্দ্বী নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত ২
ইয়েমেনের রাজধানী সানায় আজ বুধবার সরকারি বাহিনী ও প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর পক্ষ ত্যাগকারী এক জেনারেলের অনুগত বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।পক্ষ ত্যাগকারী জেনারেল আলী মহসিনের বাহিনীর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায়, সানায় একটি তল্লাশি চৌকি স্থাপন করতে গেলে বিরোধী বাহিনীর ওপর সরকারপন্থী বাহিনী হামলা চালায়। এতে উভয় বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে। এক ঘণ্টা স্থায়ী এ সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ছাড়া আরও চারজনের অবস্থা গুরুতর। সামরিক একটি সূত্র জানিয়েছে, নিহতদের একজন মহসিন পক্ষের এবং অপরজন সরকারি বাহিনীর সদস্য। আজ সিরিয়ার বন্দরনগর এডেনে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নিরাপত্তা বাহিনী শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। বিক্ষোভকারীরাও পাথর ছুড়ে পাল্টা জবাব দেয়। শহর জুড়ে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর ৩২ বছরের শাসনের অবসানের দাবিতে সরকারবিরোধীরা ইয়েমেনে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করছে।