সানি হত্যা মামলায় ছাত্রলীগের ১৩ জনের নামে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রমৈত্রীর সহসভাপতি রেজাউনুল ইসলাম চৌধুরী ওরফে সানি হত্যা মামলায় গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের ১৩ নেতা-কর্মীর নামে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালতের পরিদর্শক দেবেন্দ্রনাথ দাস বলেন, বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইমাউল হক গতকাল অভিযোগ-পত্র দাখিল করেছেন। আগামী রোববার তা আদালতে উপস্থাপন করা হবে।দেবেন্দ্রনাথ দাস জানান, অভিযোগপত্রে পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ওয়াহেদুজ্জামান, মেসবাউর রহিম, খালেসুর রহমান, উজ্জ্বল, মাসুম, আবদুল মতিন, শরীফুল ইসলাম, নাজমুল হুদা, জাহিদুল ইসলাম, জাহিদ সারোয়ার ও ওয়াশিউর রহমানের নাম উল্লেখ করা হয়েছে। আসামিদের মধ্যে শেষের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৪ মার্চ ছাত্রমৈত্রীর পলিটেকনিক শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানকে ছুরি মেরে পালিয়ে যাওয়ার সময় ওয়াশিউর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেন ছাত্রমৈত্রীর কর্মীরা। অন্য চারজনকে ঘটনার দিন ইনস্টিটিউট থেকে গ্রেপ্তার করা হয়। যোগাযোগ করা হলে এসআই ইমাউল হক প্রথম আলোকে বলেন, ‘তদন্ত করে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযোগপত্র দাখিল করেছি।’ প্রসঙ্গত, ৭ জানুয়ারি পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের হামলায় সানি নিহত হন। ওই হামলায় ছাত্রমৈত্রীর সভাপতি কাজী মোতালেব ও অপর সহসভাপতি শেফারত আলী গুরুতর আহত হন।