সানি হত্যার দায়ে ছাত্রলীগের দুই নেতার ফাঁসি
২০১০ সালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রমৈত্রীর সহসভাপতি রেজওয়ানুল ইসলাম চৌধুরী ওরফে সানি হত্যা মামলায় ছাত্রলীগের দুই নেতাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও পাঁচজনকে যাবজ্জীবন ও তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরী আজ বুধবার এ রায় ঘোষণা করেন।ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের তত্কালীন সভাপতি ও সিভিল অষ্টম সেমিস্টারের ছাত্র নিজাম উদ্দিন এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও একই বিভাগের একই সেমিস্টারের ছাত্র সৈয়দ সাদ্দাম হোসেন। তবে সাদ্দাম হোসেন পলাতক।আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজশাহী পলিটেনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্র অহেদুজ্জামান বাবু, কম্পিউটার বিভাগের একই সেমিস্টারের ছাত্র মেজবাউর রহিম, কম্পিউটার বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র খালেছুর রহমান, ইলেকট্রনিকস সপ্তম সেমিস্টারের ছাত্র জাহিদুল ইসলাম ও বহিরাগত কৌশিকীর রহমান। কারাদণ্ড ছাড়াও তাঁদের প্রত্যেকের ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।এ ছাড়া বহিরাগত আসামি উজ্জ্বল, মাসুম, আবদুল মতিন, কৌশিকুর রহমানের বিরুদ্ধে ৩২৬ ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁদের প্রত্যেকের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে কৌশিকুর রহমানের যাবজ্জীবন করাদণ্ড হওয়ায় তার জন্য এ সাজা প্রযোজ্য হবে না।এদিকে অপরাধ প্রমাণিত না হওয়ায় পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্র নাজমুল হুদা, শরীফুল ইসলাম এবং নাহিদ সারোয়ারকে খালাস দেওয়া হয়।মামলা সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, ২০১০ সালের ৭ জানুয়ারি ছাত্রমৈত্রীর পলিটেকনিক শাখার সভাপতি কাজী মোতালেব, সহসভাপতি রেজানুল ইসলাম চৌধুরী এবং অপর সহসভাপতি শেফারত আলীর ওপর দুপুরে রাম দা, লোহার রড নিয়ে ছাত্রলীগের কর্মীরা হামলা চালান। চিকিত্সাধীন অবস্থায় রেজওয়ানুল ইসলাম চৌধুরী মারা যান। এ ঘটনায় রেজওয়ানুলের বাবা মনোয়ারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে ওই রাতেই মামলা করেন।মামলার তদন্ত শেষে নগরের বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইমাউল হক গত বছর ১১ মার্চ ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।এ ঘটনার পর রাজশাহী মহানগর ছাত্রলীগ এক জরুরি বৈঠকে পলিটেকনিক শাখার ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ সাদ্দাম হোসেনসহ ১০ জনকে বহিষ্কার করে।