সানিডেলের খেলার মেলা
মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকতেই শোরগোল শোনা গেল। সবুজ ঘাসের চাদরে ছাওয়া এখানকার মাঠজুড়েই কচি-কাঁচাদের খেলার আসর বসেছে। মাঠের একাংশে ফুটবল খেলা হচ্ছে। পাশেই চলছে ভলিবল খেলা। খানিকটা দূরে চলছে হ্যান্ডবল খেলা। মাঠের এক পাশে দেখা গেল, ঘাসফড়িংয়ের মতো নেচে নেচে একদল শিশু জালে বল ফেলতে উঠে-পড়ে লেগেছে। এখানে বাস্কেটবল খেলা হচ্ছে।দুপুরে তপ্ত রোদের মধ্যেও খেলোয়াড়দের চোখমুখে কোনো ক্লান্তির ছাপ নেই। অন্যদিকে রোদে পুড়ে খেলা দেখতে দর্শকদেরও কোনো উৎসাহের কমতি নেই। নানা অনুপ্রেরণামূলক বাক্য আর কথার ফুলঝুরি ফুটিয়ে বন্ধুদের খেলতে উৎসাহিত করছিল তারা। এই মাঠের খেলোয়াড়দের মধ্যে ছেলেমেয়ে উভয়ই আছে। মাঠের ভেতর বিভিন্ন ধরনের খেলা চলছে, অথচ কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। সবাই যেন নির্দিষ্ট ছন্দ আর গতিতে তাদের গণ্ডির মধ্যে খেলে বেড়াচ্ছে। মাঠের লাগোয়া জিমনেশিয়াম ভবনের নিচতলায় গিয়ে দেখা গেল, দুটি টেবিল ঘিরে দর্শকদের টানটান উত্তেজনা। এখানে বসেছে টেবিল টেনিসের আসর। বলা যায়, শারীরিক শিক্ষা কলেজের আঙিনাজুড়ে খেলার মেলা বসেছে। খোঁজ নিয়ে জানা গেল, নগরের ১৬টি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীরা মিলিত হয়েছে ‘প্রথম সানিডেল গেমস ২০১১’-এর ব্যানারে। এই আয়োজন শুরু হয় ৫ অক্টোবর। চার দিনের এই আসরে ছিল ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, বাস্কেটবল ও টেবিল টেনিসের প্রতিযোগিতা। এই আসরের আয়োজক ও পৃষ্ঠপোষক সানিডেল ইন্টারন্যাশনাল স্কুল।সানিডেল স্কুলের অ্যাথলেটিকস ডিরেক্টর মিজানুর রহমান জানান, ১৬টি স্কুলকে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’—এই চার গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে ম্যাপললিফ, সাউথব্রিজ, বিআইটি ও গ্রিনহেরাল্ড। ‘বি’ গ্রুপের হয়ে খেলছে মানারাত, সানবিমস, ব্রিটিশ কলাম্বিয়া ও প্লেপেন। ‘সি’ গ্রুপে রয়েছে আগা খান, সানিডেল, বিআইটি ও অক্সফোর্ড। ‘ডি’ গ্রুপে রয়েছে স্যার জন উইলসন, মেথোডিস্ট. স্কলাস্টিকা ও সামারফিল্ড। এর চার গ্রুপেই ছেলে ও মেয়ে আলাদাভাবে অংশ নিয়েছে। প্রতিটি গ্রুপে লিগ পদ্ধতিতে খেলা হয়েছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দল সেমিফাইনালে উঠেছিল। সেমিফাইনালের বিজয়ীরা ফাইনালে পরস্পরের মুখোমুখি হয়। এই আয়োজন সম্পর্কে সানিডেল স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক আফসানা শাহীন বলেন, ‘নগরে তো বন্দীজীবন। বাসায় থেকে থেকে কোমলমতি শিশুরা একঘেয়েমিতে ভোগে। খেলাধুলার মধ্যে থাকলে তাদের মন-মেজাজ ভালো থাকে। পড়াশোনায় উৎসাহ পায়।’এই ক্রীড়াযজ্ঞে অংশ নিতে পেরে শিক্ষার্থীরাও খুশি। সানিডেলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র নিহাল রহমান গ্রুপ সিতে খেলেছে। সে জানায়, খেলতে তার খুব ভালো লাগে। সে হ্যান্ডবল খেলায় অংশ নিয়েছিল। পুরো ক্রীড়াযজ্ঞ সম্পর্কে আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও সানিডেল ইন্টারন্যাশনাল স্কুলের ক্রীড়া শিক্ষক সাইদ আহমেদ জানান, এ আয়োজনে প্রতিটি স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীদের খেলায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সকাল আটটা থেকে খেলা শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। গতকাল শেষ হয়েছে নগরের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর এই ক্রীড়াযজ্ঞ।