সানিয়া ও শোয়েবের বিয়ে সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনা পেছনে ফেলে বিয়ের পিঁড়িতে বসলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিক।সানিয়ার নিজের শহর ভারতের হায়দরাবাদের একটি হোটেলে আজ সোমবার দুপুরে বিয়ের অনুষ্ঠান হয়। ২৫ বছর আগে তাঁর মায়ের পরা বিয়ের লাল বেনারসি পরেছিলেন সানিয়া।বিয়ের পর সানিয়ার মুখপাত্র রুচি নায়েক হোটেলে বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, ‘শোয়েব-সানিয়ার বিয়ে সম্পন্ন হয়েছে। আপনারা নবদম্পতির জন্য দোয়া করবেন।’শোয়েব ও সানিয়ার বিয়ে নিয়ে বিতর্ক হয়েছে অনেক। হায়দরাবাদেরই এক মেয়ে আয়েশা সিদ্দিকির সঙ্গে শোয়েবের প্রথম বিয়ে নিয়ে জন্ম হয় এই বিতর্কের। টেলিফোনে আয়েশাকে বিয়ের কথা শোয়েব প্রথমে অস্বীকার করেন। শোয়েব বলেন, ‘আয়েশা ছলনা করে আমাকে বিয়ে করতে বাধ্য করেছিলেন।’ তবে শেষ পর্যন্ত প্রথম বিয়ের কথা স্বীকার করে পাকিস্তানি অলরাউন্ডার আয়েশাকে তালাক দেন।এ রকম একটি পরিস্থিতিতে আয়েশার পরিবারই শোয়েব মালিকের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে। এর জের ধরে হায়দরাবাদ পুলিশ শোয়েবের পাসপোর্ট জব্দ করে তাঁকে এক দফা জিজ্ঞাসাবাদও করে। তবে এ পুরো বিতর্কে শোয়েব মালিকের সবচেয়ে বড় ভরসা ছিলেন সানিয়া মির্জা নিজে। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠেই বলেছেন, যেকোনো পরিস্থিতিতেই হবু বর শোয়েব মালিকের পাশে আছেন তিনি।বিয়ের পর এই দুই তারকা দুবাইয়ে ঘর বাঁধবেন।