সানিয়া-শোয়েবের বিয়ে আজ
সব বিতর্ক আর জল্পনাকে পেছনে ফেলে আজ সোমবারই বিয়ের পিঁড়িতে বসছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। এর আগে ১৫ এপ্রিল এই দুই তারকার বিয়ের তারিখ নির্ধারিত হলেও সানিয়ার পারিবারিক সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আজই বিয়ের ব্যাপারটি সেরে ফেলতে চাচ্ছেন তাঁরা। বিয়ে কোথায় অনুষ্ঠিত হবে, তা অবশ্য নিরাপত্তাজনিত কারণে সংবাদমাধ্যমের কাছে গোপন রাখা হয়েছে। ১৫ এপ্রিল তাজ কৃষ্ণ হোটেলে সানিয়া-শোয়েবের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। রাজনৈতিকভাবে বৈরী ভারত ও পাকিস্তানের এই দুই তারকা ক্রীড়াবিদের বিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় তুলেছে। শোয়েব মালিক যেদিন সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক টুইটারের মাধ্যমে সানিয়া মির্জাকে বিয়ের কথা জানিয়েছেন, তার দুই দিনের মাথায় আয়শা সিদ্দিকী নামের হায়দরাবাদের এক তরুণী নিজেকে শোয়েব মালিকের প্রথম স্ত্রী হিসেবে দাবি করেন। বিতর্ক আরও চাউর হয়, যখন সংবাদমাধ্যমে সাক্ষাত্কার দিয়ে শোয়েব মালিক জানান, তিনি একটি প্রতারণার শিকার হয়ে আয়শাকে টেলিফোনে বিয়ে করেছিলেন। তবে তিনি তাঁর এই বিয়ের ব্যাপারটিকে তরুণ বয়সের নির্বুদ্ধিতা হিসেবে বর্ণনা করেন। এ রকম একটি পরিস্থিতিতে আয়শার পরিবারই শোয়েব মালিকের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে। এর জের ধরে হায়দরাবাদ পুলিশ শোয়েবের পাসপোর্ট জব্দ করে তাঁকে এক দফা জিজ্ঞাসাবাদও করে। তবে এ পুরো বিতর্কে শোয়েব মালিকের সবচেয়ে বড় ভরসা ছিলেন সানিয়া মির্জা নিজেই। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠেই বলেছেন, যেকোনো পরিস্থিতিতেই হবু বর শোয়েব মালিকের পাশে আছেন তিনি।