সানিয়ার বাসায় শোয়েবকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ
পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে আজ সোমবার ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বাসায় দুই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে হায়দরাবাদ পুলিশ। এ সময় পুলিশ শোয়েবের পাসপোর্ট ও মুঠোফোন জব্দ করে। সাবেক স্ত্রী আয়েশা সিদ্দিকীর বাবা মামলা দায়ের করার পরদিনই তদন্তের অংশ হিসেবে শোয়েবকে এই জিজ্ঞাসাবাদ করল পুলিশ।টাইমস অব ইন্ডিয়া অনলাইন জানায়, সহকারী পুলিশ কমিশনার রবিকান্ত রেড্ডি জিজ্ঞাসাবাদ করতে আজ সকালে সানিয়ার বাসায় আসেন। তবে সানিয়াকেও এ সময় জিজ্ঞাসাবাদ করা হয় কি না তা জানা যায়নি।শোয়েব পুলিশের কাছে দাবি করেছেন, আয়েশা সিদ্দিকী যে নিকাহনামা দেখাচ্ছেন তাতে তাঁর যে সই রয়েছে তা জাল। পাশাপাশি আজ সোমবার পুলিশ আয়েশার বাড়ি যায় এবং তাঁর ও পরিবারের সদস্যদের বক্তব্য রেকর্ড করে। পুলিশ আয়েশার বাড়ি থেকে যথেষ্ট আলামত সংগ্রহ করবে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, শোয়েব ও আয়েশার মোবাইল ফোন লগ পরীক্ষা করে দেখা হবে।শোয়েব মালিকের বিরুদ্ধে আয়েশার বাবা মোহাম্মদ সিদ্দিকী গতকাল রোববার প্রতারণা, যৌতুকের জন্য লাঞ্ছনা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন।শোয়েব অবশ্য স্বীকার করেছেন, তাঁর সঙ্গে আয়েশার বিয়ে হলেও সেটি ছিল অবৈধ। উল্টো শোয়েব আয়েশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করে বলেন, তাঁকে যে ছবি আয়েশা পাঠিয়েছিলেন বাস্তবে তার সঙ্গে আয়েশার কোনো মিল নেই।