সান্তাহার জংশন শহরে পরিবেশ বিপর্যয়
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন শহরে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটেছে। অভিযোগ রয়েছে, পরিবেশ অধিদপ্তরের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর দুর্নিতির কারণে শহরের আবাসিক এলাকায় যেখানে সেখানে অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য ধানের চাতাল, মুরগির খামার, সোনার দোকান ও ওয়েল্ডিং কারখানা। জানা গেছে, বর্তমানে সান্তাহার শহরের পাশজুড়ে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ধানের চাতালের সংখ্যা শতাধিক। এসব চাতালের মধ্যে অধিকাংশ পরিবেশ অধিদপ্তরের অনুমোদনহীন। বেশির ভাগ চাতালের বয়লার ও চিমনি ত্রুটিপূর্ণ। যার কারণে প্রায়ই বয়লারের চিমনির বিস্ফোরণ ঘটে প্রাণহানীসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। জানা গেছে, গত এক বছরে চিমনি বিস্ফোরণে উপজেলা সদর ও সান্তাহার জংশন শহরে আটজনের প্রাণহানীর ঘটনা ঘটেছে। আহত হয়েছে অসংখ্য চাতালশ্রমিক। অপরদিকে সান্তাহার শহরে একাধিক মুরগির খামার গড়ে উঠেছে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই। সান্তাহার শহরের স্কুল শিক্ষক খলিলুর রহমান বলেন, ‘সান্তাহার শহরে যেখানে সেখানে যেভাবে ধানের চাতাল, মুরগির খামার গড়ে উঠছে তাতে এ অবস্থা চলতে থাকলে শহরে বাস করাই কঠিন হয়ে পড়বে।’ কলেজ শিক্ষক রবিউল ইসলাম বলেন, এলাকায় কোনো দিন পরিবেশ দপ্তরের কোনো তৎপরতা দেখেননি। এ ব্যাপারে সান্তাহার পৌরসভার মেয়র ফিরোজ মো. কামরুল হাসান বলেন, পৌর কর্তৃপক্ষের বাধা সত্ত্বেও অনেকে খামার তৈরি করছে। এসব খামারের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম না থাকায় শহরে পরিবেশ বিপর্যয় ঘটছে। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জার্জিস আলম বলেন, বেশ কিছুদিন যাবৎ তাঁর এলাকায় যেখানে সেখানে সিসা পোড়ানোর ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এ বিষয়ে বগুড়ার বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক নাজমুল হক বলেন, আদমদীঘি ও সান্তাহার এলাকার পরিবেশ বিপর্যয়ের বিষয়ে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।