সান্তাহার পৌরসভার গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল
যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা এলাকার ছাতিয়ান গ্রামমুখী গুরুত্বপূর্ণ রাস্তাটি। বর্ষায় কাদা-পানি জমে থাকা এবং খরার সময় প্রচণ্ড ধুলাবালি ও গর্তের কারণে যানবাহনের পাশাপাশি জনসাধারণও চলাচল করতে পারছেন না। প্রায় তিন বছর আগে এক কিলোমিটার এই রাস্তাটি পৌর কর্তৃপক্ষ সংস্কার করে চলাচলের উপযোগী করে। পরবর্তী সময়ে রাস্তাটি বন্যার পানিতে তলিয়ে যায়। ফলে রাস্তার প্রায় পুরো অংশে পিচ, পাথর ও খোয়া উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়। দীর্ঘ সময় ধরেও রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। তাই বর্তমানে রাস্তাটির বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। পৌর এলাকার বশিপুর গ্রামের বাসিন্দা আলম প্রামাণিক জানান, রাস্তাটির বেহাল দশার কারণে এ রাস্তায় যানবাহন আসতে চায় না। যানবাহন এলেও তাঁরা দ্বিগুণ ভাড়া দাবি করেন ওই রাস্তার ভ্যানচালক সিরাজুল বলেন, রাস্তা এতই খারাপ যে ১০ মিনিটের রাস্তা যেতে ৩০ মিনিট লাগে। এ কারণে ভাড়া বেশি চাওয়া নিয়ে যাত্রীদের সঙ্গে বিবাদের সৃষ্টি হয়। সান্তাহার পৌর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, এই রাস্তার পাশেই একটি বালিকা বিদ্যালয়, মহিলা কলেজ, কিন্ডারগার্টেন, পৌর ভবন ও পুলিশ ফাঁড়ি অবস্থিত। গুরুত্বপূর্ণ রাস্তা হওয়া সত্ত্বেও এটি মেরামত না হওয়া দুঃখজনক। তিনি দ্রুত রাস্তাটি মেরামতের জন্য পৌর কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান। পুলিশ ফাঁড়ির টিএসআই মুজিবুর রহমান বলেন, সান্তাহার শহরের মধ্যে এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দ্রুত রাস্তাটির সংস্কার প্রয়োজন। সান্তাহার পৌরসভার মেয়র ফিরোজ মো. কামরুল হাসান জানান, রাস্তাটি মেরামত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কিন্তু পৌর তহবিলে প্রয়োজনীয় অর্থ না থাকায় এটি মেরামত করা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, বর্ষা মৌসুমের আগেই রাস্তাটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।