সান্তাহার শহরে রাস্তায় জমে থাকে হাঁটুপানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রাস্তা-ঘাট, ড্রেন ও শৌচাগারগুলো। ফলে চলাচল ও ব্যবহারের ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে।খোঁজ নিয়ে জানা গেছে, দেশে পৌরসভার সংখ্যা বাড়লেও বরাদ্দ বাড়েনি। বরং শতকরা ৬০-৭০ ভাগ বরাদ্দ কমে গেছে। অধিকাংশ পৌর শহর উপজেলাভিত্তিক হওয়ায় প্রায় সময় সরকারিভাবে নজরদারি কম হয়ে থাকে। ফলে পৌর নাগরিক জীবন নানা ভোগান্তির শিকার হয়।এলাকাবাসী জানায়, সান্তাহার পৌর শহরের পাকা ও আধাপাকা রাস্তাগুলো সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাগুলোতে কার্পেটিং ও ইট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে যানবাহন তো দূরের কথা, হেঁটেও চলা দায়। এ ছাড়া বর্ষাকালে পানি নিষ্কাশনের জন্য অধিকাংশ এলাকায় ড্রেনেজ ব্যবস্থা নেই। কিছু এলাকায় যৎসামান্য যেসব ড্রেন নির্মাণ করা হয়েছে, তাও ভরাট ও ভেঙে যাওয়ায় কাজে লাগছে না। একপশলা বৃষ্টি হলেই পানি নিষ্কাশনের অভাবে সৃষ্টি হয় অসহনীয় জলাবদ্ধতা।এদিকে পৌর শহরের বিভিন্ন জায়গায় জনসাধারণের জন্য স্থাপন করা গণশৌচাগারগুলো সংস্কারের অভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। অধিকাংশ সময় দেখা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশের কারণে পৌর বাসিন্দাদের বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ডায়রিয়া-আমাশয়ের মতো রোগ লেগেই থাকে। সান্তাহার পৌরসভার মেয়র ফিরোজ মো. কামরুল হাসান বলেন, সরকার বার্ষিক উন্নয়ন প্রকল্পের বরাদ্দ ব্যাপকহারে কমিয়ে দিয়েছে। ফলে শহরের গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজও করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, বরাদ্দ না পেলে শহরবাসীর দুর্ভোগ ভবিষ্যতে আরও বাড়বে।