সান্তাহার শহরের রাস্তাঘাট-ড্রেন ব্যবহারের অযোগ্য
সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে সান্তহার পৌর শহরের রাস্তাঘাট ও ড্রেনগুলো। এখন এগুলো চলাচল ও ব্যবহারের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিরা নির্বাচনের সময় এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও, পরে কেউই কথা রাখেন না।খোঁজ নিয়ে জানা গেছে, সান্তাহার পৌর শহরের পাকা ও আধাপাকা রাস্তাগুলো সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। রাস্তাগুলোর কার্পেটিং ও ইট ওঠে বড় বড় গর্ত বের হয়েছে। এর ফলে যানবাহন তো দূরের কথা, ওই সব রাস্তা দিয়ে হাঁটাও কষ্টকর। এ ছাড়া বর্ষাকালে পানি নিষ্কাশনের জন্য পৌর শহরে কিছুসংখ্যক ড্রেন ও নালা নির্মাণ করা হলেও, সেগুলোও সংস্কারের অভাবে অকেজো হয়ে গেছে। ফলে বর্ষাকালে পানি নিষ্কাশিত না হয়ে অসহনীয় জলাবদ্ধতার সৃষ্টি হয়।সান্তাহার পৌরসভার নতুন বাজার এলাকার বাসিন্দা আবুল কাসেম বলেন, পৌরসভার সামনের রাস্তাটির দশা বর্তমানে খুবই খারাপ। রাস্তা দিয়ে হেঁটেও চলাচল করা যায় না।এদিকে শহরের বিভিন্ন স্থানে স্থাপন করা গণশৌচাগারগুলো সংস্কারের অভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুলাল হোসেন বলেন, বর্ষার আগে শৌচাগারগুলোর সংস্কারের ব্যবস্থা না করা হলে, এলাকাবাসী চরম বিপাকে পড়বে।পৌর কাউন্সিলর নজরুল ইসলাম বলেন, পৌরবাসী নিয়মিত কর দিয়ে, সুস্থ জীবনসহ সব নাগরিক সুযোগসুবিধা পাওয়ার প্রত্যাশা করে থাকে। কিন্তু অর্থাভাবে ও দীর্ঘদিন ধরে উন্নয়ন প্রকল্প না পাওয়ায়, সেসব দাবি পূরণ করা সম্ভব হচ্ছে না।পৌর চেয়ারম্যান ফিরোজ মো. কামরুল হাসান বলেন, শহরবাসীর নানা সমস্যা রয়েছে। কিন্তু প্রয়োজনীয় বরাদ্দের অভাবে, এগুলোর সমাধান করা যাচ্ছে না।