সান্তাহার স্টেশন রোডের যানজট বেড়েই চলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটারিচালিত অটোরিকশার কারণে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন শহর যানজটের শহরে পরিণত হয়েছে। শহরজুড়ে যেখানে-সেখানে এলোমেলোভাবে অটোরিকশা রাখার কারণে যানবাহনসহ মানুষের স্বাভাবিক চলাচল দারুণভাবে ব্যাহত হচ্ছে।জানা গেছে, সান্তাহার গুরুত্বপূর্ণ স্টেশন হওয়ায় দিনে-রাতে এই স্টেশন দিয়ে প্রায় ৩০টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। এসব ট্রেনের যাত্রীরা বিভিন্ন যানবাহনে করে স্টেশন রোড দিয়ে পার্শ্ববর্তী নওগাঁ জেলাসহ বিভিন্ন গন্তব্যে যান। স্টেশন রোডের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, অটোরিকশাগুলো যেখানে-সেখানে এলোপাতাড়িভাবে দাঁড়িয়ে থাকায় শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়, পাশাপাশি এই রোডের পাশে অবস্থিত প্রায় শতাধিক দোকানে বেচাবিক্রিও ব্যাহত হয়। এ কারণে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।এ ব্যাপারে ব্যাটারিচালিত অটোরিকশা সমিতির নেতা সুমন বলেন, বর্তমানে স্টেশনের পশ্চিম পাশের রাস্তায় অটোরিকশা স্ট্যান্ড করা হয়েছে। পর্যায়ক্রমে আরও স্ট্যান্ড করা হবে। এতে যানজট কমবে বলে আশা করা যায়। সান্তাহার পৌরসভার মেয়র ফিরোজ মো. কামরুল হাসান বলেন, শহরে যানজট দূর করতে অচিরেই একাধিক স্ট্যান্ড করা হবে। পাশাপাশি পুলিশের সহয়তায় ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হবে। সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির টিএসআই মাহাবুল আলম বলেন, দুজন ট্রাফিক শহরে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। তবে যানবাহন বেড়ে যাওয়ায় শহরে আরও ট্রাফিক মোতায়েন করা প্রয়োজন।