সান্তাহারে কষ্টে হরিজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন শহরে বসবাসরত প্রায় ৩০০ হরিজন পরিবার মানবেতর জীবনযাপন করছে। সমাজে অবহেলিত এই সম্প্রদায়ের মানুষ ন্যূনতম মৌলিক চাওয়া-পাওয়া থেকেও বঞ্চিত হচ্ছে।বর্তমানে এই সম্প্রদায়ের মধ্যে বেকারত্ব প্রকট হয়ে ওঠায় তারা বাধ্য হচ্ছে বিভিন্ন প্র্রতিষ্ঠান ও বাসাবাড়িতে নামমাত্র মজুরিতে কাজ করতে। আনন্দ-বিনোদন তো দূরের কথা, দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতেই তাদের হিমশিম খেতে হচ্ছে। অনেক হরিজন যুবক কাজকর্ম না পেয়ে অপরাধজগতের সঙ্গে জড়িয়ে পড়ছে। এই সুযোগ কাজে লাগাচ্ছে দাদন ব্যবসায়ী, চোলাই মদ বিক্রেতা, ফেনসিডিল ও হেরোইন ব্যবসায়ীরা। দাদনদার ও মাদকদ্রব্য ব্যবসায়ীদের সঙ্গে জড়িয়ে পড়েছে কতিপয় হরিজনও। আদমদীঘি পৌরসভার বাসিন্দা হরিজন শিবুজান বাঁশফোর আক্ষেপ করে বলেন, ‘বাবু, হামাদের তো আর দিন-সংসার চলছে না। কাজ-কাম নাই, নাই চাকরি-বাকরি। বউ-বাচ্চা নিয়ে খায়া না-খায়া দিন যাচ্ছে। আফিস-আদালত পরিষ্কারের যে কাম হামাগের ছিল, তাও এখন দখল করছে শিক্ষিত মানষেরা।’ কৃষ্ণা বাঁশফোর বলেন, ‘এখোন হামাদের থাকার জায়গায়ও নাই। কখনো আওয়ামী লীগ আবার কখনো বিএনপির নেতারা হামাদের জায়গা দখল করে নেয়। চা-বাগান এলাকার সুইপার কলোনির প্রায় ৩০০ সুইপারের জন্য পায়খানা আছে মাত্র চারটি। মানুষের পায়খানা হামরা পরিষ্কার করি আর হামাদের পায়খানা? হামাদের ছেলেমেয়েদের স্কুলে নিতে চায় না। এ জন্য ইচ্ছা থাকলেও হামাদের ছাওল-পাওয়ালদের পড়াশুনা হচ্ছে না। ব্র্যাকের একটা স্কুলে হামাদের বাচ্চা-কাচ্চারা লেখাপড়া করছে। কিন্তু হাইস্কুলে পড়তে গেলে হচ্ছে নানা সমস্যা। হামাদের ছেলেমেয়েদের সঙ্গে অন্যরা মেলামেশা করতে চায় না।’এ সম্প্রদায়ের শ্রীজগন বাঁশফোর বলেন, ‘এখন হামরা রেলের যেসব বাসায় থাকি, সেগুলোতে অন্য মানুষ থাকতে পারে না। বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে। ঘরে জানালা-দরজা নাই। এরপরও এসব ভাঙাচুরা বাসার জন্য রেলকে ভাড়া দিতে হয় হামাদের।’ হরিজনদের এসব সমস্যার কথা স্বীকার করে সান্তাহার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল কুদ্দুস বলেন, পৌরসভার পক্ষ থেকে যত দূর সম্ভব হরিজনদের সাহায্য-সহযোগিতা করা হয়ে থাকে। মাঝেমধ্যে এদের মধ্যে যারা একেবারে অসহায়, তাদের জন্য বয়স্কভাতা, ভিজিএফ, ভিজিডিসহ সরকারি সুবিধাদি দেওয়া হয়ে থাকে। এর বাইরে পৌরসভার আর কিছু করার নেই বলে তিনি জানান।